সেই জ্যোতিষী অক্টোপাস আর নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে জার্মানির ছয় ম্যাচের ছয়টি আর বিশ্বকাপের ফাইনাল—সব কটিতেই নির্ভুল ভবিষ্যদ্বাণী করে বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ’ জ্যোতিষী হিসেবে খ্যাতির শীর্ষে উঠেছিল পল দ্য অক্টোপাস। ভবিষ্যদ্বাণী নিজের পক্ষে যাওয়ায় পলকে যেমন জাতীয় বীরের মতো সম্মান দিয়েছে বিশ্বজয়ী স্পেন, তেমনি নিজেদের বিরুদ্ধে যাওয়ায় তাঁকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিল জার্মানি। তবে ভবিষ্যতে আর কাউকে জ্বালাতন করবে না অক্টোপাস পল। জার্মানির অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ আজ মঙ্গলবার জানিয়েছে,দুই বছর বয়সী বিশ্বকাপের সেই জ্যোতিষী অক্টোপাস মারা গেছে! রয়টার্স জানায়, এক শোকবার্তায় অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাতে মারা গেছে বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যদ্বাণী করে তারকায় পরিণত হওয়া অক্টোপাস পল। তাঁর মরদেহ এখন হিমাগারে রাখা হয়েছে। পলের স্মৃতি কীভাবে স্মরণীয় করে রাখা যায়, তা নিয়ে ভাবছে অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।সাধারণত চার বছরের মতো বাঁচে অক্টোপাস। ২০০৮ সালে জন্ম নেওয়া অক্টোপাস পল ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের আগ পর্যন্ত বাঁচবে বলে ধারণা করা হচ্ছিল। তবে অকালেই ঝরে গেল সেই জ্যোতিষী অক্টোপাস।