সেই টাইব্রেকারেই জয় ইতালির
দুই দিনের ব্যবধানে দুটি টাইব্রেকার-নাটকে দুই রকম স্বাদ পেল ইতালি। গত বৃহস্পতিবার সেমিফাইনালে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে হেরে চুরমার হয়েছিল তাদের প্রথমবারের মতো কনফেডারেশনস কাপ শিরোপার স্বপ্ন। পরশু সেই টাইব্রেকারেই উরুগুয়েকে হারিয়ে (৩-২) ইতালি হয়েছে তৃতীয়। টাইব্রেকার-লটারিতে ইতালির জয়ের নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। উরুগুয়ের তিন-তিনটি শট রুখে দিয়ে ইতালি অধিনায়ক সেমিফাইনাল হারের হতাশায় একটু হলেও সান্ত্বনার প্রলেপ দিতে পেরেছেন। ম্যাচ শেষে বুফন ধুয়ে দিয়েছেন সমালোচকদের। সেমিফাইনালে হারের পর স্পেনের সাতটি শটের একটিও ঠেকাতে না-পারা নিয়ে প্রশ্ন উঠেছিল ইতালিতে। বুফন জবাব দিলেন পরশু দলকে জেতানোর পর, ‘এমনটা শুধু ইতালিতেই ঘটতে পারে। সেখানে মানুষের স্মৃতিশক্তি খুবই দুর্বল। আমি সমালোচকদের দেখিয়ে দিয়েছি। আজ (পরশু) কঠিন এক ম্যাচ ছিল। আমি অনেক কিছুই করেছি।’ ম্যাচের নির্ধারিত সময়েও কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন। নিজের পাশাপাশি দলের পারফরম্যান্সেও খুশি বুফন, ‘এ মুহূর্তটি আমাদের জন্য গর্বের। কারণ খুবই কঠিন একটা ম্যাচে আমরা ভালো করেছি।’ একই দিনে ব্রাজিল-স্পেনের ফাইনাল হওয়ায় ইতালি-উরুগুয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় দুপুর একটায়। সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় গনগনে রোদের মধ্যে দুই দলই লড়ে গেছে সমানে সমানে। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিটেও স্কোর ছিল ২-২। ১১০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ইতালির রিকার্ডো মন্তোলিভো মাঠ ছাড়লেও সুযোগটা কাজে লাগাতে পারেনি উরুগুয়ে। পরে টাইব্রেকারেও লাতিন দলটির পক্ষে গোল করতে পেরেছেন মাত্র দুজনে, লুইস সুয়ারেজ ও নির্ধারিত সময়ে দুটি গোল করা এডিনসন কাভানি। টাইব্রেকারে উরুগুয়ের শুরুটাই হয় ডিয়েগো ফোরলানের ব্যর্থতা দিয়ে। দলটির শেষ দুটি শটও আটকে যায় বুফনের গ্লাভসে। এএফপি।