সেই ডর্টমুন্ডই...
চ্যাম্পিয়নস লিগ মানেই এখন দারুণ কোনো চমক। গতবার চেলসি যা করেছিল, এবার সবাইকে বিস্মিত করে বরুসিয়া ডর্টমুন্ড যেন হাঁটছে সে পথেই। তবে একটা তথ্য জানলে আরও বেশি চমকে যাবেন। এই ডর্টমুন্ডই কিন্তু ২০০৫ সালে দেউলিয়া হতে বসেছিল!জার্মান রানার্সআপরা সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জেতে ১৯৯৭ সালে। এরপর হঠাৎ করেই তাদের ছন্দপতন। সাফল্যখরার সঙ্গে হাত ধরাধরি করে আসে আর্থিক দৈন্য। কিছু বড় খেলোয়াড়কে বেশি দামে কিনতে গিয়ে ভয়াবহ আর্থিক বিপর্যয়ের শিকার হয়ে ‘হলুদ দৈত্যরা’। ফ্রাঙ্কফুর্ট শেয়ারবাজারে তাদের শেয়ারে প্রথম ধস নামে ২০০০ সালে। এরপর পরিস্থিতির কেবল অবনতিই হতে থাকে। ২০০৪ সালে পদত্যাগ করেন তখনকার প্রেসিডেন্ট গার্ড নিবাউম। ২০০৫ সালের মার্চে তো দেনা জমতে জমতে ১২০ মিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকে। অবস্থাটা এমন দাঁড়ায় যে যেকোনো মুহূর্তে দেউলিয়া ঘোষণা করা হতে পারত ক্লাবকে।
ডর্টমুন্ডের এখনকার প্রধান নির্বাহী হান্স-জোয়াকিম ওয়াজকে সেই অস্থির সময়টাকে ভোলেননি, ‘আমি সারা জীবনে কখনো এত দায়িত্ব নিইনি। আগেও একবার যখন ক্লাবকে বাঁচিয়েছিলাম, পরিস্থিতিটা সহজ ছিল না। কিন্তু অঙ্কটা খুব বড় না হওয়ায় আমরা একটা সমাধানে আসতে পেরেছিলাম। কিন্তু এবার অঙ্কটা বড় হওয়ায় অভিজ্ঞতাটা অন্য রকম ছিল।’ একজন আইনজীবী হিসেবে ওয়াশকে অবশ্য অনেক কিছুই করেছিলেন। ২০০৫ সালের ১৪ মার্চ ৫৮০০ শেয়ার মালিকদের বোঝাতে হয়েছিল এই ক্লাবের একটা আর্থিক ভবিষ্যৎ আছে, এটা এখানেই থেমে যেতে পারে না।
তখনই ক্লাবের প্রধান নির্বাহী হন ওয়াজকে। ‘একেবারেই বিশৃঙ্খল ও এলোমেলো একটা অবস্থা ছিল। দায়িত্ব নেওয়ার পর দুই দিন পর স্টক মার্কেটকে আমাদের অবস্থাটা জানাতে হত। না জানালে আইন ভঙ্গ করা হত। যদি বৈশ্বিক মন্দাটা ২০০৮ এর আগে জার্মানিকে আঘাত করত, তাহলে ডর্টমুন্ডে পেশাদার ফুটবল বলে কিছু থাকত না’—জানিয়েছেন ওয়াজকে।
এরপর দল কিনে নেন রেইনহার্ড রাউবল। ঘুরে দাঁড়ানোর শুরুটা তখন থেকেই। বেশি বেতনের খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হয়, নতুন প্রতিভাদের নিয়ে আসা হয়। ক্রান্তিকালটা ভালোই ভুগিয়েছিল ডর্টমুন্ডকে, ২০০৮ সালে লিগে ছিল ১৩-তে। সেই বছরেই হাল ধরেন ইয়ুর্গেন ক্লপ। বাকিটা ইতিহাস। ২০১০ থেকে টানা দুই মৌসুমে বুন্দেসলিগা জিতল ডর্টমুন্ড। আর এখন তো চ্যাম্পিয়নস লিগটাই হাতছানি দিচ্ছে তাদের! এএফপি।