সেই ডি মাত্তেওই নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব মালিক রোমান আব্রামোভিচকে বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিলেন রবার্তো ডি মাত্তেও। স্থায়ী কোচ নিয়োগের জন্য রুশ ধনকুবেরকে আর হোসে মরিনহো, পেপ গার্দিওলাদের পেছনে ছোটাছুটি করতে হবে না! তাঁকেই এখন স্থায়ী কোচ করে রাখতে পারে চেলসি।আসলেই ডি মাত্তেও স্থায়ী কোচ হবেন কি না, সেটা বলবে সময়। তবে বার্সেলোনাকে হটিয়ে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যাওয়ায় মাত্তেওর দাবিটা খুব জোরাল। আন্দ্রেস ভিলাস-বোয়াসের রেখে যাওয়া হতাশায় নিমজ্জিত এক দলের দায়িত্ব নিয়ে কীভাবেই না পাল্টে দিলেন চেলসিকে! যেন রূপকথা! ভিলাস-বোয়াসকে বরখাস্ত করার পর তাঁর ইতালীয় এই সহকারীর কাঁধে অন্তর্বর্তী কোচের দায়িত্ব ওঠে গত ৪ মার্চ। দুই মাসেরও কম সময়ে চেলসিকে তুলে দিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।ভিলাস-বোয়াসের সময় মাঠে নামলেই হারের শঙ্কা ঘিরে থাকত চেলসিকে। মাত্তেওয়ের নেতৃত্বে সেই চেলসিই ১৫ ম্যাচে হেরেছে মাত্র এক ম্যাচে। ১০ ম্যাচেই জয়, ড্র বাকি চার ম্যাচে। সাফল্য ৬৭ শতাংশ। শুরুটা এফএ কাপে বার্মিংহাম সিটির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। পরের ম্যাচে লিগে স্টোক সিটির বিপক্ষে ১-০ গোলের জয়। তবে মাত্তেওয়ের সত্যিকার জাদুর পরশটা মেলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে।ভিলাস-বোয়াসের অধীনে প্রথম লেগে নাপোলির মাঠে ৩-১ গোলে হারে চেলসি। এ অবস্থায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য দ্বিতীয় লেগে প্রয়োজন ছিল অলৌকিক কিছু করে দেখানোর। মাত্তেওয়ের চেলসি করেছেও তাই। নিজেদের মাঠে ৪-১ গোলে জিতে ৫-৪ গোলের অগ্রগামিতায় পৌঁছে যায় শেষ আটে। শেষ আটে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে দুই লেগেই জিতে সেমিফাইনালে। আর সেমিফাইনালে তো হলো ইতিহাস।অথচ ৪১ বছর বয়সী ইতালিয়ানের কোচিং অভিজ্ঞতা নিতান্তই কম। চেলসিতে খেলার সময়টাতেই উয়েফার কোচিং লাইসেন্স করা মাত্তেও ২০০৮ সালে প্রথম কোচ হন এমকে ডনসের। পরে হন ওয়েস্ট ব্রমের প্রধান কোচ। যেখানে এই চেলসির কাছেই লিগে ৬-০ গোলের হার দিয়ে অভিষেক। তবে পরের কয়েক ম্যাচের সাফল্যে ২০১০ সালের সেপ্টেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের মাসের সেরা নির্বাচিত মাত্তেও। যদিও ডিসেম্বর-জানুয়ারিতে টানা ব্যর্থতায় ফেব্রুয়ারিতে চলে যায় চাকরিটাই। পরে বার্মিংহাম সিটির কোচ হওয়ার আবেদন করেও ব্যর্থ হলে চেলসিতে যোগ দেন ভিলাস-বোয়াসের সহকারী হিসেবে। মার্চে ভাগ্যগুণে দায়িত্ব পেয়ে সেই মাত্তেও এখন নায়ক। ১৯ মের ফাইনালে জিতে দলকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিতে পারলে মাত্তেও নায়ক থেকে হয়ে যাবেন মহানায়ক। কিন্তু বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনার ফাইনালে অধিনায়ক জন টেরিকে পাচ্ছে না চেলসি। পরশু বার্সেলোনার অ্যালেক্সিস সানচেজকে অকারণে ফেলে দিয়ে লাল কার্ড পেয়েছেন এই ডিফেন্ডার। এভাবে লাল কার্ড পাওয়াটা দলের জন্য ভালো হয়নি বলেই টেরি দল এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। ওয়েবসাইট।