সেই ডেভিসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ বছরের ক্যারিয়ারে ওয়ানডে খেলেছেন মোটে ২৭টি। ১টি সেঞ্চুরি, ফিফটি ৫টি। গড় তিরিশের নিচে। উইকেট ৩১টি। এমন একজনকে মনে রাখার কিছু নেই। তবু চার বছর পরপর অন্তত কথা তাঁর মনে পড়বেই। ২০০৩ বিশ্বকাপের একটা কীর্তিতেই বিশ্বকাপ ইতিহাসে ঢুকে গেছেন জন ডেভিসন—৬৭ বলে সেঞ্চুরি!আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার তরতাজা লজ্জার স্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল কানাডা। সেঞ্চুরিয়নে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিলেন ডেভিসন, হয়তো নিজেকেও! তুলোধোনা করলেন ডিলন-কলিন্স-ড্রেকসদের, বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির কপিল দেবের রেকর্ডটা পেছনে পড়ে গেল অনায়াসেই। ভ্যাসভার্ট ড্রেকসের ৫ উইকেট ম্যাচ জিতিয়েছিল ক্যারিবিয়ানদেরই, কিন্তু ম্যাচ-সেরা ঠিকই ডেভিসন। ওই ইনিংসটা এখনো রোমাঞ্চিত করে তোলে এই অলরাউন্ডারকে, ‘ওই সেঞ্চুরিটা নিয়ে এত কথা বলতে হয়, ভোলার কোনো সুযোগই নেই। আমার অবশ্য কথা বলতে খারাপ লাগে না। অসাধারণ অভিজ্ঞতা, এমন দিন হয়তো জীবনে একবারই আসে।’খুব বেশি স্থায়ী অবশ্য হয়নি। পরের বিশ্বকাপেই ১ বল কম খেলে রেকর্ডটা ভেঙে দিয়েছেন ম্যাথু হেইডেন। রেকর্ড গড়ার দিনটা যেমন ডেভিসনের মনে পড়ে, তেমনি পড়ে ভেঙে যাওয়ার দিনটিও, ‘সেন্ট লুসিয়ার হোটেল রুমে বসে ম্যাচটা দেখছিলাম। একপর্যায়ে রেকর্ডটা ভাঙতে ১ বলে ৬ দরকার ছিল, হেইডেন ছয় মেরে দিল! ব্যস, রেকর্ড হাতছাড়া!’ খারাপ লাগেনি তখন? চোখ নাচিয়ে ডেভিসনের উত্তর, ‘রেকর্ড হাতছাড়া হলে কার ভালো লাগে! যা হোক, দ্বিতীয় দ্রুততমই বা খারাপ কী!’২০০৩ বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৬২ বলে ৭৫, গত বিশ্বকাপে ৩১ বলে ৫২। এবারও এমন কিছুর আশা করছেন। তবে সংশয় আছে অনেক। ৪১ ছুঁইছুঁই বয়সে এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার তিনিই। গত বিশ্বকাপের পর মাত্র দুটি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন, কোচিং করাচ্ছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট একাডেমি ‘সেন্টার অব এক্সেলেন্সে।’ এটাই এখন বেশি টানে তাঁকে। জানিয়ে দিলেন বিশ্বকাপেই শেষ। শেষের আগে নিশ্চয়ই পেতে চাইবেন মনে রাখার মতো আরেকটা দিন!