একসময় জাতীয় চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল একক প্রাধান্য। দেশসেরা ফুটবলারদের আশি-নব্বই ভাগই খেলতেন প্রাচ্যের অক্সফোর্ডের হয়ে। কিন্তু সেই দিন আর নেই। খেলোয়াড় কোটায় ফুটবলার ভর্তি বন্ধ। সে-ও অনেক পুরোনো কথা। নতুন তথ্য, বহু বছর পর দেশের শীর্ষ ফুটবল মঞ্চে এসেছে ঢাবি। খেলছে চলমান স্বাধীনতা কাপ ফুটবলের বাছাইপর্বে। নকআউটভিত্তিক প্রথম রাউন্ডে অগ্রণী ব্যাংকের কাছে ১-০ হার। লটারিতে দ্বিতীয় রাউন্ডে সুযোগ এল। কাল রহমতগঞ্জের সঙ্গে ১-১-এর পর টাইব্রেকারে জিতে পরের রাউন্ডে উঠেছে ঢাবি। স্বাধীনতা কাপে নিবন্ধন করেও নাম প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়ারীর কাছে ৭-০ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। টিকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোচ জাকারিয়া বাবুর ( বিজেএমসির কোচ) চোখ সামনে, ‘আমরা চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে চাই।’ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্সি গায়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম মাতিয়েছেন বাদল রায়, আসলাম, কায়সার হামিদ, জনি, জোসি, মানিক, কানন, গাফফার, সাব্বির, জুয়েল রানা, জয়, ইকবাল, মাসুদ রানাসহ আরও অনেকেই।ঢাবির ফুটবলে এখন আর বড় কোনো নাম নেই। তিন বছর ঢাবির অধিনায়কত্ব করা মানিক বলছেন, ‘আমরা খেলোয়াড় কোটায় ভর্তি হয়েছিলাম ঢাবিতে। এখন সেটা চালু না থাকায় দেশের বরেণ্য খেলোয়াড়েরা আর ঢাবির জার্সি পরতে পারে না। এটা খুবই দুঃখজনক।’ দুই-একজন ব্যতিক্রম বাদে ঢাবির ফুটবলাররা এখন অপেশাদার। এঁদেরই অনেকের কাছে এত দিন বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল অচেনা। কাল এই স্টেডিয়ামেই তাঁরা প্রথম ম্যাচ খেললেন! কেউ কেউ প্রথম পা রাখলেন দেশের ‘ফুটবলের মক্কায়’। কোচ জাকারিয়ার কথা, ‘ওরা শিক্ষিত ছেলে। কাজেই দ্রুত শিখতে পারে। এটা বড় সুবিধা।’ একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফুটবলের দিকে বাফুফেকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাবিরই চাকুরে জাকারিয়া।দলটির অধিনায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র দিদারুল খেলেন বিজেএমসিতে। তিনি বলছিলেন, ‘আন্তবিশ্ববিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা সামনে রেখেই মূলত আমরা এই স্বাধীনতা কাপে খেলছি।’ উপলক্ষ যাই হোক, ঢাবি খেলেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এটা তো নস্টালজিক একটা ব্যাপার!