সেই ঢুস কাহিনির সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই বিখ্যাত দৃশ্য—মার্কো মাতেরাজ্জিকে ঢুস মারছেন জিনেদিন জিদান। ফাইল ছবি
সেই বিখ্যাত দৃশ্য—মার্কো মাতেরাজ্জিকে ঢুস মারছেন জিনেদিন জিদান। ফাইল ছবি

২০০৬ বিশ্বকাপ বললেই কোন ছবিটা সবার আগে চোখে ভাসবে? ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন জিনেদিন জিদান। ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়া এই ‘কীর্তি’ নিয়ে বিস্তর লেখাজোখা হয়েছে। জিদান, মাতেরাজ্জি এ নিয়ে কথা বলতে বলতে তো ক্লান্তই হয়ে পড়েছেন। তাঁদের কথা তো শুনেছেন, কিন্তু রেফারির ভাষ্যটা কী? এত দিন পর সেটা নিয়ে মুখ খুললেন ফাইনালের আর্জেন্টাইন রেফারি হোরেসিও এলিজন্দো।
বিশ্বকাপ ফাইনাল বলে কোটি কোটি মানুষের চোখ নিবিষ্ট ছিল টিভির পর্দায়। আর মাঠে উপচে পড়া দর্শক তো ছিলই। এমন ম্যাচে রেফারির ওপর থাকে অনন্ত চাপ। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। সেই ম্যাচেরই অতিরিক্ত সময়ে ঘটে ঘটনাটা। মাতেরাজ্জিকে ঢুস মারার পর রেফারিকে বড় একটা সিদ্ধান্তই নিতে হতো। হোরেসিও লাল কার্ডই দেখিয়েছিলেন জিদানকে।

পাশে সেই ম্যাচের রেফারি হোরেসিও এলিজন্দো  ফাইল ছবি
পাশে সেই ম্যাচের রেফারি হোরেসিও এলিজন্দো ফাইল ছবি

মজার ব্যাপার, ঘটনাটি যখন ঘটেছিল তখন হোরেসিও ছিলেন ২৫ থেকে ৩০ মিটার দূরে। তিনি দেখলেন মাতেরাজ্জি পড়ে আছে, কিন্তু ঠিক খেয়াল করেননি ঘটনাটা কী ঘটেছিল। বাকিটা হোরেসিওর মুখেই শুনুন, ‘আমি সঙ্গে সঙ্গেই আমার সহকারীকে জিজ্ঞেস করলাম, “দারিও, তুমি কি কিছু দেখেছ? কী হয়েছে? সে মাটিতে পড়ে আছে কেন?” সে আমাকে বলল, “আমি জানি না। আমি দেখেছি সে পড়ে আছে, কিন্তু কেন সেটা খেয়াল করিনি।” এরপর আমি রডলফোর (অন্য সহকারী রেফারি) কাছে জানতে চাইলাম। সে ছিল মাঠের অন্য প্রান্তসীমায়, অনেক দূরে। সে আমাকে বলল, “আমিও কিছু দেখিনি।”’
কিন্তু খেলা তো আর থেমে থাকতে পারে না, হোরেসিওকে একটা সিদ্ধান্ত খুব দ্রুতই নিতে হতো। ব্লিজার্ড ম্যাগাজিনকে হোরেসিও জানাচ্ছেন, ‘ঠিক সে সময় চতুর্থ রেফারি লুইস মেডিনা ক্যান্টালেয়োর কথা ভেসে আসল আমার হেডসেটে, “হোরেসিও, হোরেসিও, আমি এটা দেখেছি। জিদান মাথা দিয়ে মাতেরাজ্জির বুকে খুব বাজেভাবে ঢুস মেরেছে।”’ এরপর লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটা নিতেই হয়েছিল হোরেসিওকে। শুধু জিয়ানলুইজি বুফনই তখন প্রতিবাদ করছিলেন। ইতালির অন্য খেলোয়াড়েরা কিছু নাকি বুঝেই উঠতে পারেননি! কিন্তু লাল কার্ডের পর পুরো স্টেডিয়ামে যেন নেমে এসেছিল শ্মশানের নীরবতা।
কিন্তু এমন একটা সিদ্ধান্তের জন্য কোনো আফসোস কি কখনো হয়েছে? ওই ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি হোরেসিও, তবে দ্ব্যর্থহীনভাবে বললেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন ছিল। কিন্তু কেউ এটা নিয়ে তর্ক করতে পারবে না যে আমি ভুল সিদ্ধান্ত দিয়েছিলাম।’ নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কি এটাই? হোরেসিও তা মনে করেন না, ‘এরপর আরেকটি বিশ্বকাপ হয়ে গেছে, আরেকটি হবে। কিন্তু সবাই এখনো সেই ঢুস নিয়েই প্রশ্ন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, কিন্তু আমার ক্যারিয়ারে আমি এর চেয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছি।’ ওয়েবসাইট।