সেই তেভেজেই আস্থা মানচিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস তেভেজের সঙ্গে ম্যানসিটির কোচ রবার্তো মানচিনির সম্পর্কের এতটাই অবনতি হয়েছিল যে দীর্ঘদিন মাঠের বাইরেই থাকতে হয়েছিল এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে। কিন্তু আজ রাতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ে সেই তেভেজের ওপরেই আস্থা রাখছেন মানচিনি। এমনকি আজ তেভেজই ম্যাচের ফল নির্ধারণী গোলটা করবেন বলে মন্তব্য করেছেন ম্যানসিটির এই ইতালিয়ান কোচ।গত বছরের সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল কার্লোস তেভেজের বিপক্ষে। তারপর তেভেজের ম্যানসিটির ক্যারিয়ারই শেষ বলে ঘোষণা করেছিলেন মানচিনি। তখন থেকে এই বছরের মার্চ পর্যন্ত, প্রায় ছয় মাস মাঠের বাইরেই কাটিয়েছিলেন আর্জেন্টিনার এই তারকা স্ট্রাইকার। কিন্তু এরপর মাঠে ফিরেই দুর্দান্ত ফর্মে আছেন তেভেজ। ২১ মার্চ চেলসির বিপক্ষে মাঠে নেমেই এক গোল করেছিলেন তিনি। গত সাত ম্যাচে তাঁর পা থেকে এসেছে চারটি গোল। সতীর্থদের দিয়েও বেশ কয়েকটি গোল করিয়েছেন। আর আজকেও ম্যানচেস্টার ডার্বিতে যে তাঁর দিকেই নজর থাকবে সবার এটাও অনুমান করা যায় ভালো মতোই। এই পরিস্থিতিতে সুর পাল্টেছেন ম্যানসিটির কোচ রবার্তো মানচিনি। তিনি বলেছেন, ‘আমার মনে হয় আজ ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটিতে গোল করাটা কার্লোসের নিয়তি। এটা আমার বিশ্বাস।’আজ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পেলেই ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে ম্যানচেস্টার সিটি। আজকের ম্যাচটাকে নিজের ক্যারিয়ারেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলে বিবেচনা করছেন মানচিনি। কারণ, আজকের ম্যাচটা জিতলেই প্রিমিয়ার লিগ শিরোপা জয়টা প্রায় হাতের নাগালে চলে আসবে। তিনি বলেছেন, ‘যদি আমরা ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জিততে পারি তাহলে এটা হবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। কারণ, এটা ইউরোপের অন্যতম বড় চ্যাম্পিয়নশিপ। আর একজন ইতালিয়ান কোচের জন্য এই প্রিমিয়ার লিগ শিরোপা জেতাটা সত্যিই খুবই সম্মানজনক।’আর অভূতপূর্ব এ সাফল্য অর্জনের জন্য আজ যে মানচিনিকে সেই বিরাগভাজন তেভেজের পায়ের ওপরেই আস্থা রাখতে হবে, তাতে আর কোনো সন্দেহই নেই। ইএসপিএন