সেই তেভেজের সিটি-প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে তাঁর ভালো লাগে না। ম্যানচেস্টার সিটি তাঁর কাছে অসহ্য। এ বছরও শুরুর দিকে নিজের ক্লাব নিয়ে এমনটাই ছিল কার্লোস তেভেজের মনোভাব। সেই তেভেজের কাছেই ম্যান সিটি এখন ‘স্বর্গের’ ঠিকানা। ভালোবাসার ঘর ছেড়ে যেতে চান না কোথাও। সিটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদই আছে আরও দুই বছর। ‘যাই যাই’ করা তেভেজ চুক্তির বাকি দুই বছর তো বটেই, চুক্তি নবায়ন করে ম্যান সিটিতে থাকতে চান আরও দীর্ঘদিন।তেভেজের মনোজগতে এই উত্তর মেরু-দক্ষিণ মেরু ব্যবধান গড়ে দিয়েছে তাঁর সাম্প্রতিক ফর্ম। পরশুই যেমন তাঁর গোলে লিভারপুলের বিপক্ষে হারতে হারতে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যান সিটি। নতুন মৌসুমের প্রথম বড় ম্যাচ। সেটিও আবার লিভারপুলের ‘অজেয়’ দুর্গ অ্যানফিল্ডে। অ্যানফিল্ড থেকে দু-দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে ফেরাটা সিটির জন্য ছিল বড় স্বস্তির।স্বস্তি যেন পাচ্ছেন তেভেজও, ‘হ্যাঁ, থেকে যেতে আমার কোনো সমস্যা নেই। আমার চুক্তি আর দুই বছর আছে। আর হ্যাঁ, আমি আরও দীর্ঘ সময়ই থেকে যেতে পারি। নতুন মৌসুমটি আমার দারুণ যাচ্ছে। আমি সাত কেজি ওজন কমিয়েছি, যা আমার এবং ক্লাবের জন্য ভালো।’গত মৌসুমের টানাপোড়েনের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘গত বছরটি আমার জন্য ছিল কঠিন। তবে ফিরে এসে খেলেছি এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ওটা ছিল গত মৌসুমের সেরা অর্জন। এক বছর আগে পরিস্থিতিটা ছিল সবচেয়ে কঠিন। এখন গত মৌসুমের সমস্যা শেষ। এখন আমি খুশি। রবার্তোও খুশি, ক্লাবও খুশি। সমস্যা শেষ।’মার্টিন স্কারটেল প্রথমে লিভারপুলকে এগিয়ে দেওয়ার পর ইয়া তোরে সমতায় ফেরান সিটিকে। তিন মিনিট পরই আবার লিভারপুলকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। তেভেজ সিটিকে ড্র এনে দেওয়া গোলটি করেন ৮০ মিনিটে। ইংলিশ প্রিমিয়ার লিগে এটা তাঁর শততম গোল। এই গোলের জন্য আর্জেন্টাইন তারকা ধন্যবাদ দিতে পারেন স্কারটেলকে। স্লোভাকিয়ান ডিফেন্ডারের ব্যাক পাস ধরেই তেভেজ উদ্ধার করেন সিটিকে। নায়ক থেকে খলনায়ক হয়ে যান স্কারটেল।ওয়েস্টব্রমের কাছে ৩-০ গোলের হার দিয়ে শুরু করা লিভারপুল জিততে পারেনি রক্ষণের ভুলে। ম্যাচ শেষে রক্ষণ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন মানচিনিও। তবে সব ছাপিয়ে সিটির কোচের কণ্ঠে ছিল প্রথম ম্যাচেও গোল করা তেভেজ-স্তুতি, ‘এ মুহূর্তে কার্লোস দারুণ ফর্মে আছে। আমি তাকে নিয়ে খুশি। সে যদি এভাবেই খেলে যায়, অবশ্যই সে এখানে থাকতে পারবে...নিশ্চিত।’ড্র করে সিটি স্বস্তি পেতে পারে, তবে আর্সেনাল আবারও ড্র করে হতাশ। ফন পার্সিবিহীন আর্সেনাল ড্রয়ের বৃত্ত থেকে বেরোতেই পারছে না। প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর পরশু স্টোক সিটির সঙ্গেও ড্র করেছে আর্সেন ওয়েঙ্গারের দল। ফন পার্সিকে হারানোর হাহাকার চলছে আর্সেনালে। ওয়েঙ্গার অবশ্য বলছেন, ফন পার্সিকে ছাড়াই ভালো করবে তাঁর দল। এএফপি।