সেই ত্রিনিদাদে আজ নামছে বাংলাদেশ
সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ কাল রাতেই হয়ে যাওয়ার কথা। টোবাগোতে এই ম্যাচের প্রতিপক্ষ ছিল স্থানীয় একটা দল। তবে বাংলাদেশ দলের আসল ত্রিনিদাদ সফর শুরু হবে আজ। আজই, তবে পৃথিবীর অন্য প্রান্ত বলে খেলা শুরু হতে হতে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটা। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে প্রথম ম্যাচের প্রতিপক্ষ বারবাডোজ।ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে এই আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি লিগ। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ আর বারবাডোজ ছাড়াও খেলছে আফগানিস্তান এবং ত্রিনিদাদ ও টোবাগো দল। একই সময়ে একই মাঠে অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শেষ ম্যাচটি দিবারাত্রির। ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হবে ওই ম্যাচ, বাংলাদেশ সময় পরদিন ভোর সোয়া ৫টা।বাংলাদেশ দলের জন্য এই সফর মূলত বিশ্বকাপের প্রস্তুতি। সাকিব আল হাসানও স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ম্যাচগুলো খুবই ভালো হবে, কারণ ত্রিনিদাদের হয়ে জাতীয় দলের অনেকেই খেলবে। এখানে ভালো খেললে আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’ ২০০৭ বিশ্বকাপে এই কুইন্স পার্ক ওভালেই ভারত ও বারমুডাকে হারিয়ে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতির কথাও স্মরণ করেছেন সাকিব, ‘এখানে অনেক ভালো স্মৃতি আছে আমাদের। কন্ডিশনটা চেনা, আশা করি উপমহাদেশের মতোই হবে। এখানে খেলার অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপে সাহায্য করবে।’বাংলাদেশের একটি স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান এই টি-টোয়েন্টি লিগের সম্প্রচার স্বত্ত্ব কিনেছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি দেখাতে আগ্রহী বাংলাদেশের একাধিক টেলিভিশন চ্যানেল। তবে কাল পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি।