সেই দক্ষিণ আফ্রিকাই সেমিতে

ইনিংসের শুরুতে শিল্পের ছোঁয়া, শেষে অদ্ভুতুড়ে সব শটের অনন্য প্রদর্শনী। ব্যাটিংয়ের ধরনে পুরো বৈপরীত্য, কিন্তু কাল দারুণ কার্যকর দুটোই। হাশিম আমলার শিল্পিত আগ্রাসন, অন্যদিকে ব্যাটিং ব্যাকরণ ও সৌন্দর্যকে বুড়ো আঙুল দেখানো এবি ডি ভিলিয়ার্স। দুটোর সমন্বয় দক্ষিণ আফ্রিকাকে তুলে দিল এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরের চূড়ায়। যে চূড়া ছোঁয়ার হিম্মত দেখিয়েছিল বটে ইংল্যান্ড, কিন্তু সাহস আর সামর্থ্য শেষ পর্যন্ত মিলতে পারেনি একবিন্দুতে। ৩ রানের জয়ে সেমিফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের বিদায়।
সেই দক্ষিণ আফ্রিকা, যে দলের অধিনায়ক বাংলাদেশে এসেই নিজেদের বলে দিয়েছিলেন ‘আন্ডারডগ’। তাতে খুব বেশি দ্বিমত করারও কেউ খুব একটা ছিল না। প্রথম ম্যাচে হারার পর আরও জোরালো হয়েছিল তকমাটা। সেই দলটিই টানা তিন ম্যাচ জিতে গ্রুপ থেকে সবার আগে উঠে গেল শেষ চারে। নিষেধাজ্ঞার খাঁড়ায় কাল ছিলেন না ফ্যাফ ডু প্লেসিস। যাঁর নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সব ম্যাচ হেরেছিল দক্ষিণ আফ্রিকা, সেই ডি ভিলিয়ার্সই কাল সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে তুললেন সেমিতে।
শুধু ইংল্যান্ড নয়, দক্ষিণ আফ্রিকা হারিয়েছে চট্টগ্রামের শিশিরকেও। টস হেরে ব্যাটিংয়ে নামার সময় প্রোটিয়ারা জানত, শিশিরকে হারাতে হলে চাই বড় রান। সংশয়বাদীদের জবাব দেওয়ার জন্য এই দিনটিই বেছে নিলেন হাশিম আমলা। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ধারাপাতটা পড়তে না পারা ওপেনার কাল যেন মুখস্থ আওড়ে গেলেন, সেটাও নিজের মতো করেই! ফ্লাড লাইটের বিভ্রাটে দু-দুবার খেলা বন্ধ থাকাও চিড় ধরাতে পারেনি আমলার ছন্দে। ৩০ বলে ফিফটি বললে যেমন খুনে শোনায়, আমলার ইনিংস ছিল ঠিক উল্টো। ২৫তম ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পেলেন ব্যাটিং সৌন্দর্যের অনুপম প্রদর্শনী মেলে ধরেই।
ডি ভিলিয়ার্সের ২৮ বলে ৬৯ রানের ইনিংসকে এমন ভুল বোঝার কারণ নেই। পেশিশক্তি ও এলোপাতাড়ি কিন্তু নিয়ন্ত্রিত সব শটে দিশেহারা করে ছেড়েছেন ইংলিশ বোলারদের। ২৩ বলের ফিফটিতে ভেঙে দিয়েছেন মরনে ফন উইকের দক্ষিণ আফ্রিকান রেকর্ড। অধিনায়কের ঝড়ে শেষ ৪ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৬৮!
ইংল্যান্ডের শুরুটাও ছিল উড়ন্ত। আগের ম্যাচের অপরাজিত সেঞ্চুরি থেকেই যেন আবার শুরু করেছিলেন অ্যালেক্স হেলস। তবে ক্যাচ হয়ে নো-বলের কারণে বেঁচে গিয়েও করতে পারেননি গত ম্যাচের মতো বড় কিছু (২২ বলে ৩৮)। বাটলার-বোপারা চেষ্টা করেছেন, স্টেইনের শেষ ৩ বলে ব্রেসনানের দুই ছক্কা, এক চারে ব্যবধান দাঁড়িয়েছে মাত্র ৩ রান। সেটা কি আর সান্ত্বনা হতে পারে ইংল্যান্ডের! দক্ষিণ আফ্রিকার সেমির উল্লাস যেমন এতটুকু কমছে না!
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯৬/৫ (ডি ভিলিয়ার্স ৬৯*, হাশিম আমলা ৫৬, ডি কক ২৯; ট্রেডওয়েল ১/২৫, ব্রেসনান ১/২৮, জর্ডান ১/৩০, ব্রড ১/৩৩)।
ইংল্যান্ড: ২০ ওভারে ১৯৩/৭ (হেলস ৩৮, বাটলার ৩৪, বোপারা ৩১; পারনেল ৩/৩১, তাহির ২/২৭)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এবি ডি ভিলিয়ার্স।
২৩
দক্ষিণ আফ্রিকার দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি এবি ডি ভিলিয়ার্সের
১৯৬
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় ইনিংসটা খেলল দক্ষিণ আফ্রিকা
২৪৬.৪২
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের ইনিংস ডি ভিলিয়ার্সের