সেই দক্ষিণ আফ্রিকাকেই হারাল পাকিস্তান

সাত রান তুলতেই নেই তিন উইকেট! জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য যেখানে ছিল মাত্র ৪০, সেই রানটা তুলতেই এক সময় ঘেমেনেয়ে এককার মিসবাহ-উল হকের দল। শেষ পর্যন্ত সেই মিসবাহ এবং পোড় খাওয়া আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান আর কোনো লজ্জায় পড়তে দেননি দলকে। আবুধাবি টেস্টে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি পাকিস্তানের মাত্র চতুর্থ জয়। সেই জয়টিও এল পাঁচ বছর পর।
দক্ষিণ আফ্রিকা শুধু টেস্টের এক নম্বর দলই নয়, র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান, এক নম্বর বোলার, এমনকি এক নম্বর অলরাউন্ডারটিও দক্ষিণ আফ্রিকারই। সর্বশেষ ছয়টি টেস্টেই জেতা, সর্বশেষ ১৫ টেস্টে অপরাজেয় সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরল জয় পেল পাকিস্তান। বড় এক অঘটন তো বটেই।
আবুধাবি টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৩২ রানে অলআউট হয়ে গেছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে পাওয়া ১৯৩ রানের বিশাল লিডের সুবাদে জয়ের জন্য মাত্র ৪০ রান দরকার ছিল পাকিস্তানের।
পাকিস্তান যে জিততে চলেছে, সেটা বোঝা গিয়েছিল তৃতীয় দিন শেষেই। ৭২ রানে ৪ উইকেট যখন পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। জয় আর পাকিস্তানের মাঝখানে বাধা হয়ে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। আগের রাতে ১১ রানে অপরাজিত ডি ভিলিয়ার্স আজ অনেকক্ষণ বাঁধ দিয়ে রাখলেন। কিন্তু শেষ পর্যন্ত ৯০ রান করে আউট হয়েছেন। ১৯০ রানে অষ্টম উইকেটের পতন। দক্ষিণ আফ্রিকা তখনো ৩ রানে পিছিয়ে।
প্রোটিয়ারা আসলে শেষ পর্যন্ত লিড পেয়েছে নয়ে ব্যাট করতে নামা পিটারসনের অপরাজিত ৪৭ রানের ইনিংসটার সৌজন্যে। ফিল্যান্ডারের সঙ্গে তাঁর নবম উইকেটে ৪২ রানের জুটিটা বেশ জমিয়েই বসেছিল। মনে হচ্ছিল লিডের আকার বেশ বড়ই হবে। কিন্তু তিন বলের মধ্যে শেষ দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের জয়টাকে আনুষ্ঠানিকতা বানিয়ে দিয়েছেন সাঈদ আজমল। ৪ উইকেট নিয়ে আজমলই সবচেয়ে সফল। তবে ডি ভিলিয়ার্সকে ফেরানোর পাশাপাশি ৩ উইকেট নিয়ে জুনায়েদও রেখেছেন বড় ভূমিকা।
চা বিরতির পর ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। কিন্তু সহজ জয়টা সহজে যেন জিততে রাজি ছিল না মিসবাহর দল। দলীয় ৪ রান শান মাসুদ, এর পর সাত রানে বিদায় নিয়েছেন আজহার আলী ও খুররম মঞ্জুর। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন ২৮ রানের ইনিংস খেলা মিসবাহই।
প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরিটার সৌজন্যে ম্যাচ সেরা হয়েছেন খুররম।
২৩ অক্টোবর দুবাইয়ে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।