সেই দস্তানার দাম ৩,৮৮,৩৭৫ ডলার

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর বক্সিং গ্লাভস বা দস্তানা নিলামে উঠবে। নিলামে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়ার জন্য এই একটা তথ্যই ছিল যথেষ্ট। গত পরশু নিলামে তোলা দস্তানাটির আরও বিশেষ একটা তাৎপর্যও ছিল—এই দস্তানা পরেই ১৯৭১ সালের সেই ইতিহাসখ্যাত লড়াইয়ে নেমেছিলেন আলী। জো ফ্রেজিয়ারের সঙ্গে যে লড়াইটি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’ নামে।
তা দস্তানাটি বিক্রিও হয়েছে চড়া দামেই। টেক্সাসভিত্তিক হেরিটেজ অকশানস নিলামে সেটি তিন লাখ ৮৮ হাজার ৩৭৫ ডলারে কিনে নিয়েছেন ভাগ্যবান এক ক্রেতা। এর আগে ১৯৬৪ সালে আলীর প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা গ্লাভস বিক্রি হয়েছিল আট লাখ ৩৬ হাজার ৫০০ ডলারে!
১৯৭১ সালের ৮ মার্চ, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সেই বিতর্কিত লড়াইটি আলোড়ন তুলেছিল নানা কারণেই। আলী-ফ্রেজিয়ার দুজনই নিজেকে হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দাবি করতেন। আনুষ্ঠানিকভাবে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ছিল ফ্রেজিয়ারেরই। তবে আলী তা মানতে চাননি। কারণও অবশ্য ছিল। ভিয়েতনাম যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় আলীর কাছ থেকে হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা কেড়ে নেওয়া হয়। বাতিল করা হয় তাঁর বক্সিং লাইসেন্স ও পাসপোর্ট। ১৯৬৭ সালের মার্চ থেকে ১৯৭০ সালের অক্টোবর পর্যন্ত সাড়ে তিন বছর তাই আলী বক্সিং রিংয়েই নামেননি। আলীর দাবি, তিনি ছিলেন না বলেই ফ্রেজিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন।
ওই লড়াইয়ের আগ পর্যন্ত পেশাদার বক্সিংয়ে দুজনই ছিলেন অপরাজিত। সাড়ে তিন বছরের অনুপস্থিতির পর রিংয়ে ফিরে আলীর সেটা ছিল দ্বিতীয় লড়াই। ফ্রেজিয়ারের সঙ্গে প্রথম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত হার হয়েছিল আলীরই। পেশাদার বক্সিংয়ে তাঁর প্রথম হার। আলী অবশ্য এই হারের জ্বালা জুড়িয়েছিলেন ফ্রেজিয়ারকে পরের দুই লড়াইয়ে ভূপাতিত করে। ১৯৭৪ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই দ্বিতীয় লড়াইয়ের পর ১৯৭৫ সালে ‘দ্য থ্রিলা ইন ম্যানিলা’খ্যাত তৃতীয় লড়াইয়েও জিতেছিলেন আলী। রয়টার্স।