সেই দিন আর এই দিন
অ্যালিস্টার ক্যাম্পবেল তখন জিম্বাবুয়ের অধিনায়ক। ব্যাটিং ওপেন করেন ফ্লাওয়ার ভাইয়েরা। স্ট্র্যাং-হুইটাল ভাইয়েরা খেলছেন, ক্রেইগ ইভান্স, উইশার্টরাও ছিলেন। সেটি ১৯৯৭ সালের ১১ অক্টোবর, ওয়ানডেতে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। নাইরোবির জিমখানা ক্লাব মাঠে জিম্বাবুয়ের ৩০৫ রানের জবাবে হাবিবুল বাশার, আকরাম খানের ফিফটিতে বাংলাদেশ করেছিল ২৫৭। লড়াই করে হারায় বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছিলেন ফ্লাওয়ার-ক্যাম্পবেলরা।সময় কতটাই না বদলে দিয়েছে হাওয়া! একসময় বাংলাদেশের কাছে জিম্বাবুয়েও ছিল পরাশক্তি, আজ বাংলাদেশকে হারানো জিম্বাবুয়ের জন্য বড় পাওয়া। বুলাওয়েতে আজ যে সিরিজটা শুরু হচ্ছে, তাতে পরিষ্কার ফেবারিট বাংলাদেশ। সিরিজ জয় তো বটেই, হোয়াইটওয়াশ করতে না পারাটাই বাংলাদেশের জন্য হবে একরকম হতাশার!বাংলাদেশের এগিয়ে চলা আর জিম্বাবুয়ের ক্রিকেটের পেছনে হাঁটা মিলিয়েই আজকের এই অবস্থা। বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথের পালাবদলের এই ধারায় পরিষ্কার তিনটি ভাগ। প্রথম ভাগটায় জিম্বাবুয়েকে হারানোও বাংলাদেশের জন্য ছিল প্রায় স্বপ্ন। ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত টানা ১০ ম্যাচ উপহার দিয়েছে শুধু পরাজয়ের গ্লানিই। দুই দল এরপর আবার মুখোমুখি ২০০৪ সালে। জিম্বাবুয়ে ক্রিকেটে গৃহদাহ তখন ছাইচাপা আগুন। ‘বিদ্রোহ’ করে সরে দাঁড়িয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার ও হেনরি ওলোঙ্গা। দলকে এক সুতোয় গাঁথতে হিমশিম খাচ্ছেন হিথ স্ট্রিক। সেই সফরেই জিম্বাবুয়েকে প্রথম হারানোর স্বাদ পেল বাংলাদেশ। হাবিবুল বাশার, রাজিন সালেহর ফিফটি, ম্যাচসেরা আশরাফুলের ৩২ বলে ৫১ আর তারেক আজিজের দুর্দান্ত শেষ ওভারে বাংলাদেশ জিতল ৮ রানে। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের ৪৭ ম্যাচের জয়খরার অবসান হয়েছিল ওই জয়ে। মাঝেমধ্যেই বড় দলকে হারিয়ে দিয়ে বাংলাদেশের ওয়ানডেতে সমীহযোগ্য শক্তি ওঠার বীজটাও বোনা হয়েছিল হারারের ওই জয়ে।বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজের পরই বলতে গেলে ধসে পড়ল জিম্বাবুয়ে। টাটেন্ডা টাইবুর নেতৃত্বে পরের বছর বাংলাদেশ সফরে এল বলতে গেলে নতুন এক দল। প্রথম দুই ম্যাচ হেরেও বাংলাদেশ সিরিজ জিতল পরের তিন ম্যাচ জিতে। বাংলাদেশের প্রথম সিরিজ জয়, পরে যেন নিয়ম হয়ে দাঁড়াল এটাই। জিম্বাবুয়েতে পরের সিরিজটা হারলেও এর পর টানা ছয়টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ছিল ৫-০! প্রথম ১০ ম্যাচের সব কটিতে হারা বাংলাদেশ জিতেছে সর্বশেষ ৪৬ ম্যাচের ৩০টিতেই। টানা আট ম্যাচে জয়ও আছে এর মধ্যে।সর্বশেষ সিরিজটিতে (২০১১) অবশ্য জিতেছে জিম্বাবুয়ে। মাঝের ধাক্কা সামলে জিম্বাবুয়ের ক্রিকেট চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর। তার পরও এবারের সিরিজটা জিম্বাবুয়ে জিতলে সেটি বোধ হয় অঘটন বলেই বিবেচিত হবে!