
চার বছর আগের এই দিনটি ছিল ফ্রান্সের কালো দিন। কোচ রেমন্ড ডমনেখেকে গালি দিয়ে নিকোলাস আনেলকার বহিষ্কার হওয়া, সেটার সূত্র ধরে পুরো ফ্রান্স দলের অনুশীলন বর্জন, ফিটনেস কোচের সঙ্গে সেই সময়ের অধিনায়ক প্যাট্রিস এভরার প্রায় হাতাহাতি। ফরাসি ফুটবলের গৌরবময় ইতিহাসে কালির ছোপ লেগেছিল ২০১০ সালের ২০ জুন। ফুটবল দল লজ্জায় ডুবিয়েছিল পুরো দেশকে। কলঙ্কিত সেই দিনের চার বছর পূর্তিতে এবার ফুটবল দলের কাছ থেকে ফরাসিরা পেল দারুণ এক উপহার। সুইজারল্যান্ডকে ৫-২ গোলে গুঁড়িয়ে কার্যত নিশ্চিত দ্বিতীয় রাউন্ড, ফরাসি ফুটবলের সৌরভে মোহিত বিশ্বকাপ!
দুই ম্যাচে ৬ পয়েন্ট, ৮ গোল। রেমন্ড ডমেনেখের সেই ফ্রান্স এখন অতীত, উড়ছে দিদিয়ের দেশমের ফ্রান্স। দেশের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক এই দলে দেখতে পাচ্ছেন সেই ১৯৯৮ বিশ্বকাপ দলের ছায়া! উড়ছেন করিম বেনজেমাও। ফ্রান্স দলের মতো এই বিশ্বকাপে অতীত পেছনে ফেলে এসেছেন এই স্ট্রাইকারও। দেশের জার্সিতে অনুজ্জ্বল থাকার দিনগুলো ঝেড়ে ফেলে বিশ্বকাপে অভিষেকে তিনি উজ্জ্বল এক তারা। প্রথম ম্যাচে দুই গোলের পর পরশু করেছেন আরেকটি, পেতে পারতেন আরও দুটি। প্রথমার্ধে মিস করেছেন একটি পেনাল্টি। শেষদিকে দুর্দান্ত এক শটে বল জড়িয়েছিলেন জালে, কিন্তু কয়েক মুহূর্ত আগেই শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি!
চার বছর আগে ছিল দলে ভাঙন। এবার বেনজেমার কণ্ঠে দলীয় ঐক্যের জয়গান, ‘কোনো শঙ্কা, সংশয়, ভয়-ডর নেই আমাদের। একটা দল হিসেবে একসঙ্গে খেলছি। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে যেখানে শেষ করেছিলাম, আজ (পরশু) সেখান থেকে এগিয়ে গিয়েছি আরও অনেকটা। এমন একটা দলের অংশ হওয়া সৌভাগ্যের ব্যাপার।’
দলীয় ঐক্যের প্রতিফলন মাঠের পারফরম্যান্সে। সুইজারল্যান্ডের বিপক্ষে যেমন গোল ৫টি করেছেন ভিন্ন পাঁচজন! যাঁর গোলে এই গোল উৎসবের সূচনা, সেই অলিভিয়ের জিরু দারুণ রোমাঞ্চিত দলের পারফরম্যান্সে, ‘রোমাঞ্চকর এক ভ্রমণে এগিয়ে যাচ্ছি আমরা। সবাই যে উপভোগ করছে, মাঠেই সেটার প্রমাণ মিলছে। পারফরম্যান্সে খুবই খুশি আমরা। শেষদিকে যদিও দুটি গোল হজম করতে হয়েছে, তার পরও এই জয় দারুণ তৃপ্তিদায়ক।’
১৭ মিনিটে জিরুর গোলে এগিয়ে যাওয়ার পর সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরে না আসতেই ব্লেইজ মাতুইদির গোল। ৪০ মিনিটে ম্যাথু ভালবুয়েনার গোলে ৩-০। ম্যাচ শেষের স্কোরলাইনে আরও চওড়া ভালবুয়েনার হাসি, ‘পাঁচ গোল দেওয়া মানে বিশাল ব্যাপার, পরমানন্দ!’ প্রথমার্ধেই বেনেজেমার পেনাল্টি ঠেকিয়েছেন সুইস গোলকিপার, ফিরতি বলে ইয়োহান কাবাইয়ের ভলি ফিরে এসেছে ক্রসবারে লেগে। ৬৭ মিনিটে ঠিকই জাল খুঁজে পেয়েছেন বেনজেমা, ছয় মিনিট পর মুসা সিসোকোর গোলে পঞ্চম স্বর্গে ফরাসিরা। শেষের ওই গোল বাতিল হওয়ার পরও তাই কৌতুক করতে পারলেন বেনজেমা, ‘রেফারির বাঁশি শুনতে পাইনি আমি। দু-দুটি গোল থেকে বঞ্চিত হলাম আমি, খুবই চিন্তার ব্যাপার!’
সুখী এই পরিবারের কর্তাও উচ্ছ্বসিত ছেলেদের পারফরম্যান্সে। মনে পড়ে যাচ্ছে তাঁর আরেকটি সুখী পরিবারের কথা, ‘দুই সময়ের ড্রেসিংরুমের তুলনা করা মুশকিল৷ কারণ চরিত্রগুলো আলাদা। তবে ১৯৯৮ দলটার চেতনা এই দলেও দেখতে পাচ্ছি। একসঙ্গে কিছু একটা করার ইচ্ছা এই দলটার আছে। এটা হয়তো সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে সাফল্যের দিকে ধাবিত করে নিশ্চিতভাবেই। আশা করছি এটা ধরে রেখে এগিয়ে যাব আমরা।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।