সেই দিল্লিতে সিদ্দিকুরের আফসোস

মুঠো ফসকে বেরিয়ে গেল ক্যারিয়ারের তৃতীয় শিরোপা। এই দিল্লি গলফ ক্লাবেই গত বছর জিতেছিলেন পেশাদার গলফের দ্বিতীয় শিরোপা—হিরো ইন্ডিয়ান ওপেন। ভেন্যুটা দিল্লি বলেই কি না, এবারও সেই স্বপ্নে রং চড়েছিল সিদ্দিকুর রহমানের।
পরশু বজ্রবৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া খেলা শেষ হয়েছে কাল। শেষ দিনে নির্দিষ্ট ১৮ হোলের বাইরে আগের দিনের বাকি ১০ হোলের খেলাও শেষ হয়েছে এদিন। কঠিন কাজটি সহজভাবেই করছিলেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেও দ্বিতীয় রাউন্ডে উঠে আসেন দুইয়ে।
‘লোকাল বয়’ রশিদ খান ছিলেন এগিয়ে, তাঁর ঘাড়ের ওপর নিঃশ্বাস পড়ছিল সিদ্দিকুরের। দিন শেষে স্কোরবোর্ডে দুজনই যুগ্মভাবে সবার ওপরে। প্লে-অফের নিয়ম অনুযায়ী, বাড়তি এক হোলের খেলায় রশিদকে আর টেক্কা দিতে পারেননি সিদ্দিকুর। প্লে-অফে রশিদ করেছেন বার্ডি, সিদ্দিকুর খেলেছেন পারের সমান। এতেই ৩ লাখ ইউ এস ডলারের শিরোপাটা ওঠে রশিদের হাতে।