সেই দুঃখ ফেরত দিল বায়ার্ন
১৯৯৯ সালের ফাইনালে ইনজুরি সময়ের গোল— বাভারিয়ানদের জন্য অনপনেয় এক দুঃখ। এগিয়ে থেকেও ইনজুরি সময়ের ২ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ওই ফাইনালে হেরেছিল বাভারিয়ান ক্লাব বায়ার্ন মিউনিখ। এর পর থেকে ম্যানইউ সামনে পড়লেই বায়ার্নে আছড়ে পড়ে সেই দুঃখের ঢেউ। দুঃখ রূপ নেয় প্রতিজ্ঞায়, জেগে ওঠে প্রতিশোধ-স্পৃহা। পরশু নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যানইউর ওপর প্রতিশোধ নিল বায়ার্ন। ফ্রাঙ্ক রিবেরি ও ইভিকা অলিচের গোলে ম্যানইউর বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা।প্রতিশোধ নেওয়া এই প্রথম নয় বায়ার্নের। নিরানব্বইয়ের সেই ফাইনালের পর এর আগেও চারবার দেখা হয়েছে দুদলের। বায়ার্নকে হারাতে পারেনি ম্যানইউ। দুটি ম্যাচে জিতে বরং প্রতিশোধ নিয়েছে বায়ার্ন। তবে পরশুর জয়টিকেই মনে হয় সবচেয়ে এগিয়ে রাখবে জার্মানির ক্লাবটি। নিরানব্বইয়ের ফাইনাল যেমন নাটকীয়ভাবে জিতেছিল ম্যানইউ, পরশু অতটা না হলেও বায়ার্ন জিতেছে বেশ নাটকীয়ভাবেই। খেলা দ্বিতীয় মিনিটে গড়াতেই গোল খেয়ে বসে বায়ার্ন। ৭৭ মিনিটে সেই গোল শোধ দেন বায়ার্নের অন্যতম ভরসা রিবেরি। ইনজুরি সময়ে জয়সূচক গোলটি করেন ক্রোট খেলোয়াড় ইভিকা অলিচ।নানির ফ্রি-কিকটা এক বায়ার্ন খেলোয়াড়ের গায়ে লেগে গতি বদলে একেবারেই ফাঁকায় দাঁড়িয়ে থাকা রুনির সামনে পড়ে। সেটিই ত্বরিত গতিতে রুনি যখন পোস্টে পাঠিয়ে দেন, খেলার তখন মাত্রই ৬৬ সেকেন্ডে। এর পরও বায়ার্ন যে পাশার দানটা নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারল, এর কারণ স্নায়ুচাপটা নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা।বায়ার্ন প্রতিজ্ঞা আর প্রতিশোধ-স্পৃহায় মূলত জেগে উঠেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে মাঝারি মানের ফুটবল উপহার দিয়ে ম্যানইউকে শুধু আটকে রেখেছে বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে মাঠে নামে যেন অন্য এক বায়ার্ন। শুরু থেকেই খেলাটা ছড়িয়ে দিয়ে আক্রমণাত্মক খেলতে থাকে তারা। কখনো বাঁ প্রান্ত দিয়ে ফ্রাঙ্ক রিবেরি, কখনো আবার ডান দিক দিয়ে আল্টিনটপ; রচনা করে যান একের পর এক আক্রমণ। এর ধারাবাহিকতায়ই ৭৭ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল পেয়ে যান রিবেরি।গোল শোধ করেও আক্রমণের ধার কমেনি বায়ার্নের। তবে কখনো নেমানিয়া ভিদিচের নেতৃত্বাধীন ম্যানইউর রক্ষণ, কখনো আবার রাফায়েল ফন ডার সারের বিশ্বস্ত হাতে ফিরেছে রিবেরি-অলিচদের প্রচেষ্টা। শেষ পর্যন্ত মারিও গোমেজের সহযোগিতায় ম্যাচের শেষ শটে ম্যানইউর ডাচ গোলরক্ষক ফন ডার সারকে পরাস্ত করেন অলিচ। আনন্দে জার্সিটাই খুলে ফেলেন। রেফারি হলুদ কার্ড নিয়ে এগিয়ে আসেন। তাতে কি? প্রতিশোধ নিতে পারার আনন্দে আত্মহারা অলিচের কাছে একটি হলুদ কার্ড তখন আর এমন কি! তাই হলুদ কার্ড পেয়েও রেফারিকে জানিয়েছেন উষ্ণ অভিনন্দন।এই পরাজয়ের সঙ্গে ম্যানইউকে জড়িয়ে ধরেছে একটা শঙ্কাও। ৭ এপ্রিল ফিরতি লেগে ওল্ড ট্রাফোর্ডে রুনিকে না পাওয়ার। অ্যাঙ্কেলে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন ম্যানইউর ইংলিশ স্ট্রাইকার। আগামী পরশু ওল্ড ট্রাফোর্ডে চেলসির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে তো পারবেনই না, বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগটাও মিস করতে পারেন তিনি।রুনিকে হারালেও ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে ভালো কিছু করার প্রত্যয় ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনের। ‘এই ম্যাচে বায়ার্ন আমাদের চেয়ে ভালো খেলেছে। ওরা আমাদের খুব চেপে ধরেছিল এবং ভাঙতেও পেরেছে। যা হোক, ওল্ড ট্রাফোর্ডের ম্যাচটি হবে অন্যরকম এবং আমরা আরও ভালো খেলব। আমাদের একটি অ্যাওয়ে গোল আছে এবং এটাই আমাদের বাড়তি সুবিধা’—বলেছেন তিনি।এদিকে দুই ফরাসি ক্লাব লিওঁ ও বোর্দোর লড়াইয়ে জয় পেয়েছে স্বাগতিক লিওঁ। লিসান্দ্রোর জোড়া গোলের সঙ্গে বাসতোসের গোল মিলিয়ে লিওঁর জয়টি ৩-১ গোলের। বোর্দোর গোলটি চামকের। এএফপি।