২০০৮ মস্কোর ফাইনালে একটা ‘রেকর্ড’ গড়ে ফেলেছিলেন দিদিয়ের দ্রগবা। না, খুশি হওয়ার মতো কোনো রেকর্ড নয়। বরং যদি সম্ভব হতো, টাইম মেশিনে চেপে দ্রগবা ফিরে যেতেন ওই সময়টায়। মুছে ফেলতেন রেকর্ডটা। ওই ফাইনালটি যে আজও কাঁটা হয়ে বিঁধে আছে তাঁর বুকে। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের সঙ্গে তর্কযুদ্ধের একপর্যায়ে মেজাজ হারিয়ে নেমানিয়া ভিদিচকে চড় মেরে বসেছিলেন দ্রগবা। ইউরোপিয়ান কাপ ফাইনালের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখার ‘কীর্তি’টাও হয়ে যায় এতেই। ১-১ ড্রয়ে শেষ হয়ে যাওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে গড়িয়েছিল ম্যাচ। সাইড লাইনে বসে দর্শক হয়ে দ্রগবা দেখেছেন সতীর্থ জন টেরি আর নিকোলাস আনেলকার ব্যর্থতার সৌজন্যে ম্যানইউয়ের শিরোপা জয়ের উল্লাস।আগের তিন আসরে দ্রগবারা কেবল চেষ্টাই করে গেছেন ফাইনালে উঠে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে। কিন্তু ভাগ্য মুখ তুলে তাকায়নি। আর এবার যখন তাদের ফাইনালে ওঠার পক্ষে বাজির দর ছিল খুবই কম, সেই সময় অনেককে চমকে দ্রগবাসহ চেলসির ‘বুড়ো’ তারকারাই ফাইনালে! এতে অন্যতম ভূমিকা আইভরিয়ান স্ট্রাইকারেরই। এই ৩৪ বছর বয়সীও এখন জানাচ্ছেন, মস্কোর তিক্ত স্মৃতি মিউনিখে মধুর করতে চান, ‘ফাইনালে অনেক বেশি হতাশাই পেয়েছি, যদিও বেশ কিছু ভালো মুহূর্তও আছে। আমি এটাই নিশ্চিত করার চেষ্টা করছি, এবারের ফাইনালটি যেন আমার সতীর্থদের জন্য সুখের স্মৃতিই রেখে যায়।’অনেক প্রতিকূলতা ও সম্ভাবনার সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে ফাইনালে ওঠার পর এবার আর শূন্য হাতে ফিরতে চান না দ্রগবা, ‘মস্কোর পর অনেকেই ভেবেছিল, পরের বছরের ফাইনালেই আমরা আবার উঠব। কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন ফাইনালে ওঠা কতটা কঠিন। এর থেকে বোঝা যায়, এবার ফাইনাল খেলাটা আমাদের কতটা প্রাপ্য ছিল। বার্সেলোনা-বাধা পেরিয়ে আসতে আমরা দুর্দান্ত কিছু করে দেখিয়েছি। এখন আমাদের আরও একবার তেমন কিছু করতে হবে। এখন আমাদের জিততে হবে আর মাত্র একটা ম্যাচই।’অতীত আর বর্তমান মিলে মনে হচ্ছে, এবারের আসরটিতে দ্রগবাকে নায়কের চরিত্র দেওয়ার কথা ভেবেই যেন চিত্রনাট্য লিখেছে ফুটবল দেবতা। স্বাভাবিকভাবে চেলসি তারকাদের মধ্যে আলোটাও বেশি করে পড়ছে তাঁর ওপরেই। যদিও দ্রগবা বলছেন, ফুটবলটা শেষ পর্যন্ত ১১ জনের দলীয় খেলা। ‘আমি’র বদলে তাঁর কণ্ঠে ‘আমরা’, ‘আমি ফাইনালেরই খেলোয়াড় কি না, আমি জানি না। তবে আমার ভাবনার কথা যদি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ সেরা প্রস্তুতিটাই নিচ্ছি যেন আমরা আমাদের সেরাটাই দিতে পারি। আমার মতে সবাইকেই নিজ নিজ কাজটা করতে হবে দল আর ক্লাবের জন্য।’এই মৌসুমের শেষে শেষ হয়ে যাচ্ছে তাঁর চুক্তির মেয়াদও। চেলসির দেওয়া নতুন প্রস্তাব মনে ধরেনি বলে এখনো সই করেননি। চেলসি যদি ছাড়তেই হয়, কোথায় যাবেন কে জানে! আর আবার কবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে পারবেন বা আদৌ পারবেন কি না, সেটির নিশ্চয়তাও তো নেই। মস্কোর দুঃস্বপ্ন মুছে ফেলার এটাই তাই সেরা সুযোগ। দ্রগবা পারবেন? এএফপি।