সেই দুজনই ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের এক নম্বরের লড়াইয়ের মীমাংসা হচ্ছে ফাইনালেই। মাদ্রিদ ওপেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভাকে নামিয়ে দিয়েছে সরাসরি এক নম্বরের ‘যুদ্ধে’। সমীকরণটাও আগে থেকেই জানা—সেরেনা ফাইনালে উঠলে শারাপোভাকে জিততে হবে শিরোপা। মাদ্রিদ ওপেনের মহিলা এককের ফাইনালও সেই রোমাঞ্চ নিয়েই হাজির। আজ ফাইনালে মুখোমুখি হচ্ছেন সেরেনা ও শারাপোভা। যার অর্থ আজ মুখোমুখি সাক্ষাতে যিনিই জিতুন, শিরোপার সঙ্গে এক নম্বর আসনটিও তাঁরই হবে। সেরেনা জিতলে ধরে রাখবেন তাঁর শীর্ষস্থান। শারাপোভা জিতলে সেরেনাকে দুইয়ে ঠেলে এক নম্বরে উঠে যাবেন তিনিই। একের লড়াইটাকে এমন রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরিয়ে তুলতে কাল সেমিফাইনালে সেরেনা সারা ইরানিকে হারিয়েছেন ৭-৫, ৬-২ গেমে। শারাপোভা ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন অনেক দিন পর কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা সাবেক এক নম্বর আনা ইভানোভিচকে।এদিকে পুরুষ এককে অঘটন অব্যাহতই আছে। নোভাক জোকোভিচ, রজার ফেদেরারের পথে পরশু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। তাঁকে ৭-৬ (৭-৩), ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন টমাস বার্ডিচ। তবে রাফায়েল নাদালের জয়রথ চলছেই। কাল স্বদেশি পাবলো অ্যান্ডুজারকে ৬-০, ৬-৪ গেমে হারিয়ে উঠে গেছেন ফাইনালে। চোট থেকে ফেরার পর এটা তাঁর টানা সপ্তম ফাইনাল। এর আগে কোয়ার্টার ফাইনালেও নাদাল হারিয়েছেন এক স্বদেশিকেই। বন্ধু ডেভিড ফেরারের বিপক্ষে জয়টি ছিল ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-০ গেমে। এএফপি।