সেই দ্রগবাই নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসব নিয়ে কথা বলার সময় এটা নয়। এই আবেগঘন মুহূর্তে ভবিষ্যত্ নিয়ে ভাবাটা খুব কঠিন। আমি নিজেকে নিয়ে এখন ভাবতে চাই না। আমাদের অর্জনটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এত আনন্দের মাঝেও দিদিয়ের দ্রগবার দিকে ছুটে গিয়েছিল চেলসিতে নিজের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন। চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দের মাঝে এমন কথা বলেই তা এড়িয়েও গেছেন তিনি। সত্যিই তো, এই অসাধারণ জয়ের পর পার্থিব বিষয় নিয়ে আলোচনাটা একেবারেই বেমানান! সময়টা যে কেবল অপার্থিব আনন্দের। যে আন্দের ভাগীদার হতে আটটি বছর ধরে অপেক্ষায় ছিলেন এই আইভরিয়ান স্ট্রাইকার।২০০৮ সালে মস্কোর সেই বৃষ্টিস্নাত সন্ধ্যাটি কি একবারো দ্রগবার মনের মানসপটে ভেসে ওঠেনি? কী হতাশার সন্ধ্যা ছিল সেটি! দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি, অথচ তিনিই দেখলেন অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে লাল কার্ড। শেষ অবধি ড্রেসিংরুমে বসে দেখলেন ওল্ডট্র্যাফোর্ডের রেড ডেভিলসরা স্ট্যামফোর্ড ব্রিজের ছেলেদের নাকের ডগা দিয়ে চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা নিয়ে চলে গেল। কাল মিউনিখে চার বছর আগের খলনায়কই নায়ক। কী করেননি! শেষ মুহূর্তে গোল করে পিছিয়ে পড়া দলকে ম্যাচে ফিরিয়েছেন। টাইব্রেকারের শেষ শটটি জালে পাঠিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছেন। দিদিয়ের দ্রগবার জন্যই যেন চিত্রনাট্যটি তৈরি হয়ে ছিল!২০০৩ সালে চেলসি কেনার পর থেকেই যে ট্রফিটি নিজেদের ক্লাবের ট্রফিরুমে দেখতে চেয়েছিলেন, তা হাতে পেয়ে গেছেন ধনকুবের রোমান আব্রাহামোভিচ। আব্রাহামোভিচ তা পেয়েছেন দ্রগবার হাত ধরে। অথচ এই দ্রগবার সঙ্গেই এই মুহূর্তে ক্লাবের চলছে মনোমালিন্য। দ্রগবা চান আরও দুই বছরের জন্য চুক্তির সময়সীমা বাড়াতে। ক্লাব তা করতে চায় না। অচলাবস্থার মধ্যেই রয়েছে পুরো ব্যাপারটি। কাল ফাইনালে দ্রগবা জয়ের নায়ক হওয়ার পর আব্রাহামোভিচ কি তাঁর প্রতি সদয় হবেন!দ্রগবা আব্রাহামোভিচের দয়া চান না। তিনি চান ক্লাব তাঁর প্রতি সুবিচার করুক। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জিতে কাল যেন একটু বিদায়ের রাগিনীই বাজালেন দ্রগবা। বলেছেন, ‘এই ক্লাব খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে আমাকে যথেষ্ট সহায়তা করেছে। এত দিন খেলে অনেক আনন্দ পেয়েছি। সবাইকে অভিনন্দন।’ একটু কি অভিমানেরও ছোঁয়া থেকে যাচ্ছে না !