সেই নাঈম, এই নাঈম

সিরিজটা নাঈম ইসলামের কাটানোর কথা ছিল সাইড বেঞ্চারদের বিপ পরে। সতীর্থরা মাঠে খেলবে। তিনি মাঝেমধ্যে পানি-তোয়ালে নিয়ে দৌড়ে যাবেন। সেই নাঈমই কি না সিরিজ শেষে অলিখিত সেরা খেলোয়াড়! অলিখিতই বলতে হচ্ছে, কারণ তিন ম্যাচে দুটি ফিফটিসহ সর্বোচ্চ ১৬৩ রান করার পরও ম্যাচ অ্যাডজুডিকেটর ম্যান অব দ্য সিরিজের পুরস্কারের জন্য বাছেননি নাঈমকে।
মুশফিকুর রহিমের বিস্ময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই ধরা পড়েছে। পরে সংবাদ সম্মেলনেও বললেন, ‘ম্যান অব দ্য সিরিজ হয়ে আমি বিস্মিত। আমি তো আরও নাঈম ভাই পুরস্কারটা পাবেন ধরে নিয়ে তাঁকে অগ্রিম অভিনন্দন জানালাম।’ এ নিয়ে অবশ্য আফসোস নেই নাঈমের। কাল টেলিফোনে নানাভাবে খুঁচিয়েও কোনো লাভ হলো না। নাঈমের এককথা, ‘আমি এসব নিয়ে চিন্তা করছি না।’
ওয়ানডে সিরিজের আগে হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হলো সাকিব আল হাসানকে। সাকিবের অসুস্থতার চেয়ে তাঁকে যে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না, সবাই সেটা নিয়েই শঙ্কিত হয়ে পড়ল বেশি। সাকিব নেই, কী হবে? আরেকটি বাংলাওয়াশ তো তাহলে হলো না! শেষ পর্যন্ত সেটা হলো এবং হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান সাকিবের জায়গা নিয়ে খেলা নাঈম ইসলামের।
সাকিব থাকলে হয়তো ব্যাট-বল দুটিতেই আলো ছড়াতেন। কিন্তু নাঈম বল হাতে নেননি তিন ম্যাচের কোনোটিতেই। সাকিবের অনুপস্থিতিতে পাঁচ নম্বরে নেমে ব্যাট হাতেই কাজে লাগালেন সুযোগ। প্রথম ম্যাচে ২৫ রানে ৩ উইকেট পড়ার পর মুশফিকের সঙ্গে নাঈমের জুটিই বাঁচিয়েছিল দলকে। মুশফিকের ৯০-এর সঙ্গে নাঈমের লড়াকু ৮৪ রান যোগ না হলে সিরিজটা অত ভালোভাবে শুরু নাও হতে পারত বাংলাদেশের জন্য। দ্বিতীয় ম্যাচে মাত্র ১৬ রানে আউট হয়ে গেলেও বাংলাদেশ নাঈমে নির্ভরতা খুঁজে পেল শেষ ওয়ানডেতেও। নিউজিল্যান্ডের ৩০৭ রানের চ্যালেঞ্জটা যে বাংলাদেশ উতরে গেল, সে তো ওপেনার শামসুরের ৯৬ রানের সঙ্গে নাঈমের দায়িত্বশীল ৬৩ যোগ হওয়াতেই।
এত কিছু করেও ম্যান অব দ্য সিরিজ হতে না পারায় আক্ষেপ থাকতে পারে, তবে পাদপ্রদীপের আলোয় নাঈম ঠিকই আছেন, তাঁর জন্য যা নতুন অভিজ্ঞতাও। ‘যখন জানলাম আমি খেলব, তখনো এ রকম কোনো চিন্তা ছিল না যে এটা করব, ওটা করব। আমি পরিশ্রম করেছি, তার ফল পেয়েছি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতাই’—বলছিলেন নাঈম।
শুরুর নাঈম আর এখনকার নাঈমে আকাশ-পাতাল পার্থক্য। জাতীয় দলে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন, দলের প্রয়োজনে নিয়মিত করতেন অফ স্পিনটাও। অথচ নিউজিল্যান্ড সিরিজে পাঁচ নম্বরে খেললেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই। বল করলেন না এক ওভারও। ঘরোয়া ক্রিকেটের নাঈমের সঙ্গেও এ নাঈমের পার্থক্য অনেক। মারকুটে ব্যাটসম্যান হিসেবে ছক্কা নাঈম নাম কুড়িয়েছেন ঘরোয়া ক্রিকেটে। সেই নাঈম জাতীয় দলের প্রয়োজনে এখন এতটাই ধৈর্যশীল যে তিন ইনিংসে ছক্কা মেরেছেন মাত্র একটি। এই পরিবর্তনের রহস্য কী? নাঈম এটাকে রহস্য-টহস্যের মধ্যে না ফেলে দিলেন সাদামাটা জবাব, ‘আসলে সব সময়ই চেষ্টা করেছি ভালো ব্যাটিং করতে। আগে হয়তো সফল হইনি। এখন হচ্ছি।’
দুই সময়ের ব্যাটিংয়ে গুণগত কিছু পরিবর্তনও আছে। নাঈমই বলছিলেন, ‘আগে আমার স্কোরিং শট কম ছিল। এখন সেটা বেড়েছে। স্কয়ার কাট বা পায়ের ওপর আসা বলগুলো খেলাতে আমি দুর্বল ছিলাম। এখন সেই সমস্যা নেই। বিকেএসপির রুশো স্যার আর জাতীয় দলের সহকারী কোচ সোহেল ভাই আমাকে অনেক সাহায্য করেছেন।’
প্রতিকূল পরিবেশে লড়াই করতেও শিখেছেন নতুন নাঈম। এই শিক্ষা ভবিষ্যতেও কাজে লাগবে বলে বিশ্বাস তাঁর, ‘এ রকম পরিস্থিতিতে হয়তো এখন আর নার্ভাস হব না। বিপর্যয়ের মধ্যেও ভালো খেলার আত্মবিশ্বাস পেয়েছি এই সিরিজে।’
বদলে যাওয়া নাঈম অবশ্য পুরোপুরিই বদলে যেতে চান না। বরং পরিস্থিতি দাবি করলে আবারও দেখা যেতে পারে ছক্কা নাঈমকে। সেটা এমনকি আগামীকালই, ‘টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেলে চেষ্টা করব আগের মতো ব্যাটিং করতে। ওই ব্যাটিংটা অনেক বেশি উপভোগ করি।’
‘বাংলাওয়াশ’ হওয়া নিউজিল্যান্ড কি এবার দেখবে ছক্কা-নাঈম শো?