বয়স এখনো ২৮ হয়নি। এই বড়দিনে পূর্ণ হবে। এরই মধ্যে ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক সেঞ্চুরির মালিক বনে গেছেন। সর্বোচ্চ রানের দিকেও ধেয়ে যাচ্ছেন প্রবল গতিতে। শুধু ইংল্যান্ডের হয়ে কেন, খোদ সুনীল গাভাস্কার তাঁর মধ্যে দেখেন টেস্টে ১৫ হাজার রান আর ৫০ সেঞ্চুরির সামর্থ্য। অ্যালিস্টার কুক তাঁর ক্যারিয়ারের ধারাবাহিকতা ধরে রাখলে হয়তো এগিয়ে যাবেন আরও সামনে। হয়তো একদিন অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করবেন নিজেকে। রাশি রাশি রেকর্ড লেখা হবে তাঁর নামের পাশে। অনেক কিছুই হয়তো হবে। তবে একটা ব্যাপার নিশ্চিত, নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের কথা কুক কোনো দিনও ভুলবেন না। হাজার বছর ধরে পথ চলার পরও বলবেন, ‘সেখানে ছিলাম আমি। আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে।’ এই মাঠেই যে অভিষেক হয়েছিল তাঁর!২০০৬ সালের সেই টেস্টের পর আবার এই প্রথম এ শহরে খেলতে এল ইংল্যান্ড। স্মৃতিকাতর কুক। নিশ্চয়ই তাঁর মনে পড়ছে শ্রীশান্তকে ৪ মেরে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর যাত্রা শুরুর কথা। নিশ্চয়ই মনে পড়ছে প্রথম ইনিংসেই ৬০ রান করার কথা। তারও চেয়ে বেশি মনে পড়ার কথা দ্বিতীয় ইনিংসটাই। সেই ইনিংসেই পেয়ে গিয়েছিলেন সেঞ্চুরি। অভিষেকেই সেঞ্চুরি করা ১৫তম ইংল্যান্ড ব্যাটসম্যান!কুকের এও মনে থাকার কথা, নাগপুরের সেই টেস্টটা ড্র হয়েছিল। ড্র শব্দটা মন্দ নয়। এবার সিরিজে ২-১-এ এগিয়ে থেকে শেষ টেস্ট খেলতে গেলে ড্রও অনেক ভালো ফল। আর এই ড্র যদি প্রায় তিন দশক পর ভারতের মাটিতে আপনাকে সিরিজ জয়ের বিরল কীর্তি এনে দেয়। অধিনায়কের পূর্ণ দায়িত্ব নিয়েই এমন এক বিরাট অর্জনের হাতছানি এখন কুকের সামনে! সিরিজ ইংল্যান্ড হারবে না, সেটা নিশ্চিত। আজ শুরু ম্যাচটা ড্র হলেই ডগলাস জার্ডিন, টনি গ্রেগ, ডেভিড গাওয়ারদের পাশে নাম উঠবে কুকের। ভারতে সিরিজ জেতার কীর্তি আছে এই তিন ইংলিশ অধিনায়কেরই।কুক অবশ্য কাল স্পষ্ট করেই বলেছেন, এই টেস্ট ড্রয়ের জন্য খেলবে না তাঁর দল। সিরিজে এগিয়ে থাকার আয়েশি ভঙ্গিতেও থাকার সুযোগ নেই। বরং সতীর্থদের উদ্দেশে তাঁর বার্তা, ‘সবাই জানে এ ম্যাচটা কত গুরুত্বপূর্ণ। আবেগ দূরে ঠেলে রেখে সবাইকে নিজ নিজ কাজটা ঠিকমতো করতে হবে। ভারত এই ম্যাচে মরিয়া হয়েই খেলবে। কারণ তারা কোনোভাবেই তাদের ঘরের মাটির রেকর্ডটা ভাঙতে দিতে চাইবে না।’দল হিসেবে ভারত অবশ্যই মরিয়া হয়েই খেলবে। দলের খেলোয়াড়েরা মরিয়া। মহেন্দ্র সিং ধোনি মরিয়া, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় ধবলধোলাই হয়ে ফেরার পর এবার ঘরের মাটিতে সিরিজ হারের মুখে দাঁড়িয়ে তাঁর অধিনায়কত্ব নিয়ে উঠে গেছে প্রশ্ন। ধোনিকে সরিয়ে দেওয়ার পক্ষেই নাকি দল ভারী। শুধু বোর্ডের বড় কয়েকজন কর্তা চান না বলেই এ-যাত্রা বেঁচে যাচ্ছেন। মরিয়া দলের তারকারা। সবচেয়ে বেশি মরিয়া নিঃসন্দেহে শচীন টেন্ডুলকার। এরই মধ্যে ‘বলির পাঁঠা’ হিসেবে দল থেকে বাদ পড়েছেন জহির খান, হরভজন ও যুবরাজ সিং।জহিরের বদলি হিসেবে দলে এসেছেন দিল্লির পেসার পারবিন্দর আওয়ানা। তবে অভিষেক হয়ে যেতে পারে অশোক দিন্দার। ওয়েবসাইট।