সেই নাসির জামশেদই এখন ‘বীর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপে পাকিস্তান দলে নাসির জামশেদকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। অবাক হওয়ার কারণ, এর কিছুদিন আগেই সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাঁর স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হওয়া। বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন জামশেদ। পারফরম্যান্সের দিক দিয়ে দুর্দমনীয়ই ছিলেন তিনি। কিন্তু দলের ভেতর থেকেই তাঁর বিরুদ্ধে সন্দেহ দানা বাঁধছিল, পাকিস্তানি এই ক্রিকেটার কোনো একটা অসত্ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সেই সন্দেহ শেষ অবধি অভিযোগে পরিণত হয়, যখন গ্রেপ্তার হওয়া পাকিস্তানি জুয়ারি সাজিদ খান স্পট ফিক্সিংকাণ্ডের সঙ্গে নাসির জামশেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। অথচ সেই জামশেদই কি-না এশিয়া কাপে পাকিস্তানের অন্যতম সেরা পারফরমার, কাল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শতরান হাঁকিয়ে পাকিস্তানের ‘জাতীয় বীর’ও বটে। এক দিক দিয়ে নাসির জামশেদকে ভাগ্যবান বলতেই হবে। বিপিএলের সময় গ্রেপ্তারকৃত পাকিস্তানি জুয়ারির কাছে তাঁর ব্যাংক হিসাব নম্বর পাওয়া যাওয়া ও সেই জুয়ারির মুখ থেকে স্পট ফিক্সিং অভিযোগের ব্যাপারে জামশেদের নাম আসার পরেও কোনো এক অজ্ঞাত কারণে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনোরূপ প্রশ্নের সম্মুখীন হননি। তাঁকে কোনো তদন্তেরও মুখোমুখি হতে হয়নি। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিররা নাসির জামশেদকে ঈর্ষার অনলে পুড়িয়ে মারলেও মারতে পারেন।নাসির জামশেদ খেলোয়াড় হিসেবে যা-ই হোন না কেন, তাঁর অতীতের রেকর্ড কিন্তু একেবারেই ভালো নয়। মাধ্যমিক পরীক্ষায় নিজে না বসে অন্য একজনকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে লাহোর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। অতীত তাঁর সম্পর্কে যা-ই বলুক, নাসির জামশেদ এবারের এশিয়া কাপে পাকিস্তানের অন্যতম সেরা পারফরমার। কিন্তু পারফরম্যান্স কি তাঁর সম্পর্কে সকলকে অন্যকিছু ভাবতে সহায়তা করতে পারে।এমন প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজার দিকে। খেলোয়াড়ী জীবনের মতোই রক্ষাণাত্মক ঢংয়ে তা ঠেকাবার চেষ্টা করলেন রমিজ। তাঁর মতে, ‘আমার কাজ হচ্ছে একজন খেলোয়াড় মাঠে কেমন খেলে সে সম্পর্কে মন্তব্য করা, সেই খেলোয়াড়টির অতীত কেমন, তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আছে কি-না, তা বিচার করা আমার কাজ নয়।’ রমিজ আরও বলেন, ‘নাসির জামশেদ অবশ্যই দারুণ ব্যাটসম্যান। অন-সাইডে তাঁর শক্তি সম্পর্কে বলার কিছু নেই। তাঁর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে, সেগুলোর কোনো কিছুই কিন্তু প্রমাণিত নয়।’বিপিএলে তাঁর দল চিটাগং কিংসের ভেতর থেকেই তাঁর ব্যাপারে সন্দেহ দানা বেধেছিল-সেকথা আগেও বলা হয়েছে। চিটাগং কিংসের এক কর্মকর্তা এ ব্যাপারে ভারতীয় একটি বার্তা সংস্থাকে যা বলেছেন, তা সত্যিই প্রণীধানযোগ্য। তিনি বলেন, ‘প্রথম দিকে নাসির জামশেদ দারুণ খেলেছিল। কিন্তু পরের দিকে সে খুব ধীরগতিতে ব্যাটিং করায় আমাদের সন্দেহ দানা বাঁধে। সিলেট রয়্যালসের বিপক্ষে একটি ম্যাচে সে আমাদের দুই ব্যাটসম্যানের রান আউটের জন্য দায়ী ছিল।’চিটাগং কিংসের সেই কর্মকর্তা আরও বলেন, সাজিদ খান নামের ওই পাকিস্তানি জুয়ারি যেদিন গ্রেপ্তার হয়, সেদিন আমরা তাঁকে ওপেনিংয়ে না নামিয়ে পরের দিকে ঠেলে দিয়েছিলাম। আমরা লক্ষ্য করি সে এই তথ্যটি কাউকে জানানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। পরে গ্রেপ্তারকৃত সাজিদ খানকে সে তথ্যটি দেয়ও। সাজিদ গ্রেপ্তার হওয়ার আগে চিটাগং কিংসের ড্রেসিং রুমের কাছাকাছি গ্যালারিতে দর্শকবেশে বসে ছিল।’তিনি বলেন, এত বড় অভিযোগের পরেও নাসির জামশেদের সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে পাকিস্তান জাতীয় দলে ফেরাটা খুবই অবাক করে দেওয়ার মতো। রমিজ রাজা এসব ব্যাপার কানে না তুলে বলেন, নাসির জামশেদকে নিয়ে যা-ই কথা হোক, এই মুহূর্তে সে ভালো খেলছে এবং পাকিস্তানের জয়ে অবদান রাখছে-এটাই বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা তাঁর বিরুদ্ধে এসব অভিযোগের কোনোটিই কিন্তু প্রমাণিত নয়। টিএনএন।