লক্ষ্য মাত্র ২০৯ রান। কিন্তু নিউজিল্যান্ড ১০৫ রানেই হারাল ৭ উইকেট। টেস্ট সিরিজের ব্যাটিং-ব্যর্থতাকেই যেন অনুসরণ করতে যাচ্ছিল ম্যাককালামের দল। কিন্তু শেষ উইকেট জুটির অবিচ্ছিন্ন ২২ রান পার্লে কাল জিতিয়ে দিল তাদের। প্রথম ওয়ানডেতে জয়ের নায়ক আসলে ৭ নম্বর ব্যাটসম্যান জেমস ফ্র্যাঙ্কলিন (অপ. ৪৭ রান)। ওয়ানডে সিরিজ আসতেই কি বদলে গেল নিউজিল্যান্ড?টেস্ট সিরিজের দুঃখ ভোলার ভালো উপলক্ষ কিউইদের এনে দিয়েছেন অভিষিক্ত পেসার মিচেল ম্যাকলেনাগন। ২০ রানে ৪ উইকেট, অভিষেকে কোনো কিউই বোলারের সেরা বোলিং। ৪ উইকেট কেন উইলিয়ামসনেরও। ম্যাকলেনাগনের বাঁহতি পেস ও উইলিয়ামসনের অফ স্পিনেই কাল হাঁসফাঁস করেছে দক্ষিণ আফ্রিকা। পার্লে মাত্র ২০৮ রানেই শেষ স্বাগতিকদের ইনিংস। ১৮২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা ২০০ ছাড়িয়েছে ররি ক্লেইনভেল্টের ব্যাটে। কাইল মিলসকে চার বলের মধ্যে ৩ ছক্কা হাঁকানো এই ফাস্ট বোলার শেষ জুটিতে সতসোবেকে নিয়ে যোগ করেছেন ২৬ রান। ইনিংসের একমাত্র ফিফটিটি ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা ডু প্লেসিসের। ওয়েবসাইট।