সেই নেপলসেই তাঁর জন্মদিন!
১৯৬০ সালের ৩০ অক্টোবর। আর্জেন্টিনার ল্যানাসের এক দরিদ্র জরাজীর্ণ কুটিরে জন্ম নিয়েছিল যে ফুটফুটে শিশুটি, আগামী ৩০ অক্টোবরে তাঁর পা পড়বে পঞ্চাশে। সেদিনের সেই শিশুটিই পরবর্তীকালের আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ ডিয়েগো ম্যারাডোনা। ৫০তম জন্মদিন। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারটি তাই পরিকল্পনা করেছেন এবারের জন্মদিনের অনুষ্ঠানটি করবেন নেপলসে। আর্জেন্টিনায় নিজের বাড়ি ছেড়ে ইতালিতে কেন এই অনুষ্ঠান? কারণ ক্যারিয়ারের উজ্জ্বলতম ছয়টি বছর ম্যারাডোনা কাটিয়েছেন নেপলসের ক্লাব নাপোলিতেই। ছয় বছরে অন্যান্য শিরোপার সঙ্গে নাপোলিকে জিতিয়েছেন দুটি লিগ শিরোপা। সেই থেকেই নেপলসখ্যাত ম্যারাডোনার দ্বিতীয় বাড়ি হিসেবে।যেখানেই যান, নাপোলিবাসীর অকৃত্রিম ভালোবাসার টানটা এখনো টের পান ম্যারাডোনা। সেই টানেই নেপলসে জন্মদিনের অনুষ্ঠান করার পরিকল্পনা। পরিকল্পনার ছক কষছেন অনেক দিন ধরেই। জুনেই নাপোলির প্রেসিডেন্ট অরেলিও দে লরেন্তিস বলে রেখেছেন, ‘আমরা ডিয়েগোর অপেক্ষায় আছি।’ ম্যারাডোনাও নাপোলিবাসীকে দিয়ে রেখেছেন জন্মদিনের আগাম আমন্ত্রণ।‘নেপলসবাসী আমার জন্মদিনে তোমাদের আমন্ত্রণ’—ইতালির ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্তকে বলেছেন ম্যারাডোনা। নিজের অনুভূতির কথা জানাতেও ভোলেননি, ‘আমার জীবনে এখানে সব হয়েছে। ভালোবাসার একটা পরিবার, দুর্দান্ত ক্যারিয়ার সব। কিন্তু এখন আমি কিছু চাই না। এমনকি টাকা-পয়সাও না। আমার একমাত্র ইচ্ছা, এই শহর এবং সেসব মানুষের সঙ্গে আবার মিলিত হওয়া, যারা আমাকে কখনো ভোলেনি।’জন্মদিন উপলক্ষে প্রীতি ম্যাচের পরিকল্পনাও করছেন ম্যারাডোনা। নেপলসের সতীর্থ ব্রুনো গিওর্দানো ও ব্রাজিলের কারেকা ইতিমধ্যেই ম্যারাডোনার প্রীতি ম্যাচে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। জন্মদিনের অনুষ্ঠান তো হবে। কিন্তু ইতালির পুলিশ ঝামেলা করবে না তো? নাপোলিতে খেলার সময় দেদার টাকা কামালেও কোনো আয়কর দেননি ম্যারাডোনা। যে কারণে, ম্যারাডোনা ইতালিমুখো হলেই কর আদায়ে ঝাঁপিয়ে পড়ে ইতালির আয়কর কর্তৃপক্ষ। পড়বে না যে, বকেয়া করের হিসাবটাও তো নেহাত কম নয়। সুদে-মূলে ৩ কোটি ৭০ লাখ ইউরো। ২০০৬ সালে ম্যারাডোনা ইতালিতে গেলে হানা দিয়ে পুলিশ কেড়ে নেয় তাঁর হাতঘড়ি। গত বছর আবার ছিনিয়ে নেয় সাধের কানের দুলজোড়া। এবারও কিন্তু সে রকম কিছুর আশঙ্কা থাকছেই। ওয়েবসাইট।