সেই নো বল আমাদের আগ্রাসী করেছে: ধোনি
সুরাজ রণদিভের নো বল আর শেবাগের সেঞ্চুরি মিস হওয়ার ঘটনায় কী কাণ্ডটাই না ঘটে গেল! শেবাগের কাছে শ্রীলঙ্কান বোর্ড, ঘটনার মূল নায়কের দুঃখ প্রকাশ, সব শেষে রণদিভের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা। মাঝে নানা অভিযোগ, সমালোচনা, বিতর্ক তো ছিলই। আজ যখন আরেকটি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা আর সেই ম্যাচে শেবাগ-রণদিভ দুজনই থাকছেন তখন নিশ্চয়ই বাড়তি উত্তাপ ছড়ানোর কথা। শ্রীলঙ্কার মনোভাব যা-ই হোক, ভারতীয় দলের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রণদিভের নো বলের ঘটনাটিই তাঁদেরকে আগ্রাসী করে তুলেছে।ম্যাচের আগে যেন যুদ্ধের হুমকিই দিয়ে রাখলেন মহেন্দ্র সিং ধোনি। পিটিআইকে ভারতীয় অধিনায়ক বলছেন, ‘সেই নো বল আমাদের আগ্রাসী করেছে। কিন্তু মাঠে আগ্রাসী আচরণের একটা সীমা রয়েছে। আমরা অবশ্যই সেই সীমা অতিক্রম করব না। তার পরও যতটা সম্ভব মাঠে আক্রমণাত্মক থাকব আমরা।’বিতর্কিত সেই ম্যাচে ডেঙ্গু জ্বরের কারণে খেলতে পারেননি ‘ড্যাশিং’ ব্যাটসম্যান যুবরাজ সিং। গুঞ্জন চলছে, আজকের ম্যাচেও দলের বাইরে থাকতে পারেন যুবরাজ। তবে এ ম্যাচে পূর্ণশক্তির ভারতীয় দলই খেলবে জানিয়ে ধোনি বলেন, ‘সবাই থাকছে, এখন পর্যন্ত কারও ফিটনেস নিয়ে প্রশ্ন নেই।’