জয়ের আশা জাগিয়েও পারল না ভারত। কাল ওভালের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ উইকেটে জিতে সিরিজে ২-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। ২৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান তুলতেই নামে বৃষ্টি। আবার খেলা শুরু হলে ইংল্যান্ডের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২১৮। দুই রানের ব্যবধানে বেল এবং স্টোকসকে ফিরিয়ে দিয়ে খেলায় ফিরে ভারত। কিন্তু বোপারা ও ব্রেসনানের ৬০ রানের জুটি জয়ের পথে নিয়ে যায় ইংল্যান্ডকে। শেষে এই দুজনও ফিরে গেলেও ব্রড আর সোয়ান ৭ বল হাতে রেখেই দলকে পাইয়ে দিয়েছেন জয়। এর আগে টস হারা ভারত ২৫ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে ৫ উইকেটে ৫৮। তৃতীয় ওয়ানডের শুরুর এ ছবিটা জেমস অ্যান্ডারসনের সৌজন্যে। ভারতের প্রথম চার ব্যাটসম্যানই তাঁর শিকার। তিন উইকেট তুলে নিয়েছেন বোলার হিসেবে, রাহুল দ্রাবিড়কে করেছেন রানআউট। তার পরও রবীন্দ্র জাদেজা আর ধোনি ঘুরে দাঁড়ানোয় লড়াই করার মতো পুঁজি পায় ভারত, ৭ উইকেটে ২৩৪।ষষ্ঠ উইকেটে এ দুজন গড়ে ১১২ রানের জুটি। একাদশ ওভারেই উইকেটে আসতে বাধ্য হওয়া ধোনি ৪৫তম ওভারে আউট হওয়ার আগে করে গেছেন ৬৯ রান। নয় মাস পর দলে ফেরা রবীন্দ্র জাদেজা আউট হয়েছেন ৭৮ রানে। শেষ পাঁচ ওভারে ৬০ রান তোলে ভারত।সংক্ষিপ্ত স্কোর: ভারত ৫০ ওভারে ২৩৪/৭ (জাদেজা ৭৮, ধোনি ৬৯, অশ্বিন ৩৬*, রায়না ২১, কোহলি ৭, পার্থিব ৩, দ্রাবিড় ২, রাহানে ০, প্রাভিন ১*; অ্যান্ডারসন ৩/৪৮, ব্রেসনান ১/৩২, ব্রড ১/৪৭)। ইংল্যান্ড ৪১.৫ ওভারে ২১৮/৭ (কিসওয়েটার ৫১, বোপারা ৪০, ব্রেসনান ২৮, কুক ২৩, ট্রট ১১; অশ্বিন ৩/৪০, জাদেজা ২/৪২, মুনাফ ১/৬৩)।