সেই পানেসারই অ্যাশেজ দলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী এক গ্রীষ্মই না গেল বেচারার! পারিবারিক জীবনে উঠেছে অশান্তির ঝড়, বারবার বিতর্কে জড়িয়েছেন মাঠের বাইরে। এসবের প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সেও। সব মিলিয়ে ক্যারিয়ারটাই ছিল ভীষণ অনিশ্চয়তায়। সেই মন্টি পানেসারই কদিন পর অস্ট্রেলিয়ার বিমানে চাপবেন কুক-প্রায়রদের সঙ্গে। বাঁহাতি স্পিনার জায়গা পেয়েছেন ইংল্যান্ডের অ্যাশেজ দলে!
কদিন আগেই শেষ হওয়া অ্যাশেজের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই পরের অ্যাশেজের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। পানেসারের ফেরার সঙ্গে দলে আরও চমক আছে। টেস্ট দলের আলোচনাতেও ছিলেন না যিনি, সেই গ্যারি ব্যালান্স যাচ্ছেন অস্ট্রেলিয়া। ২৩ বছর বয়সী ব্যাটসম্যানের সঙ্গে ১৭ সদস্যের দলে নতুন মুখ বেন স্টোকস ও বয়েড র‌্যাঙ্কিন। র‌্যাঙ্কিনের টেস্ট দলে ডাক পাওয়াটা প্রত্যাশিতই ছিল, তবে চমক বলতে হবে স্টোকসের দলে থাকা। চোটের কারণে দলে নেই টিম ব্রেসনান, পেস বোলিং অলরাউন্ডারের এই জায়গাটা নিয়েছেন ২২ বছর বয়সী স্টোকস। ব্রেসনান দলে না থাকলেও দলের সঙ্গে থেকেই পুনর্বাসন চালিয়ে যেতে যাবেন অস্ট্রেলিয়ায়। আর টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার স্বপ্ন দেখতে থাকা গ্রাহাম অনিয়নসকে হতাশায় ডুবিয়ে নির্বাচকেরা সুযোগ দিয়েছেন র‌্যাঙ্কিনের স্বপ্ন পূরণের। টেস্ট খেলার স্বপ্ন নিয়েই কিছুদিন আগে ‘আইরিশ’ থেকে ইংলিশ হয়েছেন র‌্যাঙ্কিন।
পানেসার ফিরেছেন ভাগ্যগুণে। পারফরম্যান্স এমন ভালো কিছু ছিল না। নৈশক্লাবে বাউন্সারের গায়ে মূত্রত্যাগ-কাণ্ডের পর সাসেক্স তাঁকে ধারে খেলতে দেয় এসেক্সে। নতুন কাউন্টির হয়ে ৫ ম্যাচে নিয়েছেন মাত্র ১২ উইকেট। কিন্তু ওদিকে টেস্ট অভিষেকে ধোলাই হয়েছেন সাইমন কেরিগান। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সুবিধা করতে পারেননি জেমস ট্রেডওয়েল। দ্বিতীয় স্পিনার হিসেবে তাই পানেসারকে না নিয়ে উপায় ছিল না নির্বাচকদের। তৃতীয় ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন মাইকেল কারবেরি।
জেমস টেলর ও রবি বোপারার সঙ্গে লড়াইয়ে জিতে দলে এসেছেন ব্যালান্স। এই বাঁহাতি এবার কাউন্টিতে ৫২.৩৬ গড়ে করেছেন ৯৯৫ রান। ইয়র্কশায়ার ব্যাটসম্যানের ডাক পাওয়ায় ইংল্যান্ড দলে ‘বিদেশি’ বাড়ল আরেকজন। ব্যালান্সের জন্ম জিম্বাবুয়েতে! দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জস বাটলার, স্টিভেন ডেভিসরা পাত্তা পাননি জনি বেয়ারস্টোর কাছে। স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই যে ১২ টেস্ট খেলে ফেলেছেন বেয়ারস্টো!
৬ নভেম্বর হোবার্টে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে শুরু ইংল্যান্ডের সফর। অ্যাশেজ ধরে রাখার অভিযান শুরু ২১ নভেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে। ওয়েবসাইট।
ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), ম্যাট প্রায়র (সহ-অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, মাইকেল কারবেরি, স্টিভেন ফিন, মন্টি পানেসার, কেভিন পিটারসেন, বয়েড র‌্যাঙ্কিন, জো রুট, বেন স্টোকস, গ্রায়েম সোয়ান, ক্রিস ট্রেমলেট, জোনাথন ট্রট।