সেই পার্থে দক্ষিণ আফ্রিকা
ফ্যাফ ডু প্লেসিসে আড়াল হয়ে গেছেন। নইলে অ্যাডিলেডের বীরত্বগাথায় তিনিও ছিলেন নায়ক। মাত্র ৩৩ রানের ইনিংস খেলেছেন। তবে টেস্ট যে শুধু রান নয় বলেরও খেলা—সেই কথাই মনে করিয়ে দিয়ে পার করিয়ে দিয়েছেন ২২০টি বল। মানে কিনা ৩৬ ওভার!এবার আর আড়াল নয়, এবি ডি ভিলিয়ার্সের সামনে সুযোগ এসেছে সরাসরি নায়ক হওয়ার। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটা আগামীকাল শুরু পার্থে। ওয়াকাতে মাত্র দুটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুটি ম্যাচই অনেক দিন মনে রাখবে তারা। ২০০৫ সালে এ মাঠে অ্যাডিলেডের গত ম্যাচের মতোই জ্যাক রুডলফের অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচ বাঁচিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর ২০০৮ সালে ডি ভিলিয়ার্সের অসাধারণ এক ইনিংসে তো জিতেই গিয়েছিল চতুর্থ ইনিংসে ৪১৪ রান তাড়া করে। টেস্ট ইতিহাসেই চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে মাত্র একটি।এ মাঠে এলে দক্ষিণ আফ্রিকা উজ্জীবিত বোধ করতেই পারে। বিশেষ করে ম্যাচটা যখন হয়ে উঠেছে ‘ফাইনাল’। এ ম্যাচে যারা জিতবে, তারাই হয়ে যাবে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল। সিরিজ ড্র হলেও শীর্ষস্থান ধরে রাখবে দক্ষিণ আফ্রিকা। অ্যাডিলেডে জিততে জিততে ম্যাচ ড্র করে ফেলার হতাশা নিয়ে ফেরা অস্ট্রেলিয়া বাড়তি উদ্যম নিয়েই ঝাঁপিয়ে পড়তে চাইবে। একসময় যে স্থানটি তাদের জন্য প্রায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো ছিল, সেই টেস্টের এক নম্বরের স্বাদ তিন বছর ধরে পায়নি অস্ট্রেলিয়া।দক্ষিণ আফ্রিকার জন্য অবশ্য একটা দুঃসংবাদ কড়া নাড়ছে দরজায়। শেষ পর্যন্ত না-ও খেলতে পারেন জ্যাক ক্যালিস। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও গত টেস্টে ব্যাট করেছেন দলের প্রয়োজনে। শুধু তা-ই নয়, দ্বিতীয় ইনিংসে ১১০ বলে ৪৬ রানের ইনিংস খেলে ড্র করতে রেখেছেন ভূমিকাও। ‘অর্ধেক’ ক্যালিসকে পেলেও লুফে নিতে চান গ্রায়েম স্মিথ। তাই তাঁকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে কি না, এ নিয়ে অপেক্ষায় আছে দক্ষিণ আফ্রিকা। ক্যালিসের জন্য অপেক্ষা করা হবে শেষ মুহূর্ত অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের ইনজুরির মিছিলে যোগ দিয়েছেন জেমস প্যাটিনসন। তৃতীয় ফাস্ট বোলার হিসেবে পিটার সিডল আর বেন হিলফেনহসের সঙ্গে কে খেলবেন—এ নিয়ে দ্বিধায় অস্ট্রেলিয়া। একাদশে সুযোগ পেতে পারেন মিচেল জনসন। শেফিল্ড শিল্ডে তাঁর সাম্প্রতিক ফর্ম তো আছেই, আছে ৪৭ টেস্টে ১৯০ নেওয়ার অভিজ্ঞতা। আছে পার্থে দুর্দান্ত রেকর্ড—চার টেস্টে ১৮.১৩ গড়ে ৩০ উইকেটে।প্রথম দুই টেস্টে ২০ রান করার পরও রিকি পন্টিংকে দেওয়া হচ্ছে সুযোগ। এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডটি (স্টিভ ওয়াহর ১৬৮টি ম্যাচ) ছুঁয়ে ফেলবেন পন্টিং। উপলক্ষটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন সাবেক অধিনায়ক! এএফপি।