সেই পাল্লেকেলেতে আবার নিউজিল্যান্ড
সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে আজ যখন মাঠে নামবেন, রস টেলরের মনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুঃসহ স্মৃতিটা ভাসবেই। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের আজকের টি-টোয়েন্টি ম্যাচটি যে সেই দুঃস্বপ্নের পাল্লেকেলেতে। এই পাল্লেকেলেতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের তিন ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। যার দুটি হার আবার ছিল ‘সুপার ওভারে’, চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও রানার্সআপ শ্রীলঙ্কার বিপক্ষে। এক মাসেরও কম সময়ের ব্যবধানে সেই পাল্লেকেলেতেই যখন আবার দেখা, দুঃস্বপ্ন ভোলার পাশাপাশি নিউজিল্যান্ড পাবে প্রতিশোধ নেওয়ারও সুযোগ। কিউইরা সুযোগটা কাজে লাগিয়ে পাল্লেকেলেতে টি-টোয়েন্টি রেকর্ডটা একটু উন্নতই করতে চায়। যদিও একটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে মাসব্যাপী সফরে নিউজিল্যান্ড শ্রীলঙ্কায় ফিরেছে অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি ও ওপেনার মার্টিন গাপটিলকে ছাড়াই। তবে অলরাউন্ডার জ্যাকব ওরাম আশাবাদী, ‘যদি আমরা ভালো খেলতে পারি, আত্মবিশ্বাসী যে আমরা জিততে পারব।’ এদিকে অধিনায়কত্ব পরিবর্তনের সঙ্গে আজ শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন আছে অনেক। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের পরই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। নতুন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের নেতৃত্বে আজ টি-টোয়েন্টি ম্যাচটাও খেলছেন না জয়াবর্ধনে। তাঁর সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকেও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সফলতম বোলার অজন্তা মেন্ডিসও নেই আজকের ম্যাচে। শ্রীলঙ্কা জয়াবর্ধনে ও মালিঙ্গাকে ওয়ানডে সিরিজে ফিরে পেলেও ‘রহস্যময়’ স্পিনার মেন্ডিসকে প্রথম তিন ওয়ানডেতে পাবে না চোটের কারণে। ওয়েবসাইট।