সেই পিটারসেনেই মুগ্ধ স্ট্রাউস

দুজনের সম্পর্কটা তিক্ত বলেই জানে সবাই। তবে অ্যান্ড্রু স্ট্রাউসের কথা শুনলে মনে হবে না সেই তিক্ততা তিনি মনে রেখেছেন। বরং উল্টোটা। ইংল্যান্ড দলে কেভিন পিটারসেনের ভূমিকায় মুগ্ধ স্ট্রাউস। এতটাই যে, সাবেক ইংল্যান্ড অধিনায়ক মনে করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনভিজ্ঞ ইংল্যান্ড দলে পিটারসেনই হতে পারেন ‘পথপ্রদর্শক’।
বছর খানেক আগে সে সময়ের ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস সম্পর্কে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের কাছে বিতর্কিত খুদে বার্তা পাঠানোর অভিযোগে ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়েছিলেন পিটারসেন। সেই সিরিজে নিজের এবং দলের ব্যর্থতার পর ক্রিকেটকেই বিদায় জানিয়েছিলেন স্ট্রাউস। পিটারসেনের ইংল্যান্ড ভাগ্যাকাশেও জমেছিল কালো মেঘ। সেই মেঘ সরিয়ে ইংল্যান্ড দলে ফিরেই পিটারসেন আবার এক নির্ভরতার নাম। কিছুদিন আগে শেষ হওয়া অ্যাশেজের পাঁচ ম্যাচে একটি সেঞ্চুরি আর ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৮৮ রান তাঁর। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দলে ইংল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় তিনি। এই পিটারসেনের প্রশংসা করতে গিয়ে তাই কোনো কার্পণ্য নেই স্ট্রাউসের, ‘ও আসলে তরুণ খেলোয়াড়দের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। ভালো লাগছে যে সে ওয়ানডে সিরিজে খেলছে এবং ওয়ানডেতে ওপেন করছে। এটা ইংল্যান্ডের জন্যও একটা দারুণ বিকল্প।’ অনভিজ্ঞ এই ইংল্যান্ড ওয়ানডে দলের তরুণেরা পিটারসেনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে মনে করেন স্ট্রাউস, ‘পিটারসেন যদিও খুব জটিল চরিত্র, তবে ড্রেসিংরুমে সে সত্যিই দুর্দান্ত। অন্যদের সাহায্য করার ব্যাপারে তার নিজস্ব একটি ধরন আছে। আমি আশা করি, সে দলে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।’ ওয়েবসাইট