সেই পুরোনো আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ফুটবল বাংলাদেশের কাছে বিশ্বকাপের সমান। এ অর্থে তাই, গতকাল বিশ্বকাপ-যাত্রাই শুরু করল বাংলাদেশ ফুটবল দল।যাত্রা মানে, ২-১১ ডিসেম্বর দিল্লি সাফ সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো এদিন। এর আগে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে জাতীয় দলকেও অনুশীলন ম্যাচ খেলানো হয়েছে। এএফসি অনূর্ধ্ব-১৯ খেলা শেষ। কাল থেকে পুরোদমেই জাতীয় দল নিয়ে কাজে নামলেন কোচ নিকোলা ইলিয়েভস্কি।বঙ্গবন্ধু স্টেডিয়ামে এলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শেখ জামালের সঙ্গে অনুশীলন ম্যাচ, তাই জামালের সভাপতি মনজুর কাদেরও হাজির। এলেন শেখ রাসেল কোচ মারুফুল হক, শফিকুল ইসলাম মানিকসহ আরও অনেকে।অনেক দিন ধরেই জাতীয় দলের জন্য বিদেশি দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ আয়োজন নিয়ে কথা হচ্ছে। সালাউদ্দিনকে এ নিয়ে জিজ্ঞাসা করলে ‘টাকা কই, টাকা পেলে পাঠাব’ জাতীয় কথাই বললেন আবারও।প্রসঙ্গক্রমে তাঁর দেওয়া তথ্য, ৪ মিলিয়ন ডলারে আগামী চারটি সাফ আয়োজনের স্পনসরশিপ কিনেছে ডব্লুএসজি। পৃষ্ঠপোষক পাওয়া সাপেক্ষে আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় হতে পারে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ। অষ্টম সাফ হতে পারে নেপালে, তবে বাংলাদেশও আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে।শেখ জামালের সঙ্গে জাতীয় দলের ম্যাচটি দেখে অনেকেই বিরক্তি প্রকাশ করলেন। শেখ জামালই তুলনামূলক ভালো খেলছিল। দলটি মাস দুয়েক ধরে অনুশীলনে আছে, তার ওপর জামালে বিদেশি খেলোয়াড় সাতজন। ১১ নভেম্বর নেপালের পোখরায় একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার কথা দলটির।তিন-চারটা সুযোগ নষ্ট করার পর শেখ জামালকে এগিয়ে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার কেসতা। অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দুটি ম্যাচে ৪ গোল করে হজম করেছে জাতীয় দল। আবারও একটা হারের দুর্ভাবনার মাঝে নবাগত ইমন বাবুর দর্শনীয় শটে জাতীয় দল সমতা ফেরায় (১-১)। ওটাই চূড়ান্ত স্কোরলাইন। ৩০ মিনিট করে প্রতিটি খেলোয়াড়কে খেলিয়েছেন কোচ। স্ট্রাইকার এমিলিকে দলে ফিরিয়ে দেখে নিয়ে নিয়েছেন। এমিলি পাস মার্ক পেয়েছেন!তবে জাতীয় দলের খেলায় হতাশ সালাউদ্দিন। ‘আমি আশাবাদী হওয়ার মতো কিছু পেলাম না’—জাতীয় দল ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় বলছিলেন বাফুফে সভাপতি। অনূর্ধ্ব-১৯ দলের খেলায়ও হতাশ তিনি, ‘আমাকে যেমন ধারণা দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলায়ও কিছু পাইনি।’ম্যাচ শেষে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে ইলিয়েভস্কি বললেন, ‘আমি খুব খুশি নই, আবার হতাশও নই। আরও কদিন সময় আছে। আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে।’বাংলাদেশ দল এই প্রস্তুতি নিয়ে সাফে চ্যাম্পিয়ন হতে পারবে কি না, প্রশ্নে তাঁর জবাব, ‘আমাদের লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়নশিপ।’ অন্য দল কী করছে, কেমন তাদের প্রস্তুতি তা নিয়ে উদ্বিগ্ন নন মেসিডোনিয়ান কোচ, ‘আমি শুধু আমার দল নিয়ে ভাবছি।’তবে অন্যরা কিন্তু আটঘাট বেঁধেই ঝাঁপাবে সাফে। গতবার বাংলাদেশ থেকে শিরোপা জিতে নিয়ে গেছে ভারতের অনূর্ধ্ব-২৩ দল। এবার স্বাগতিক ভারতের মূল জাতীয় দল খেলবে। বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন? শেখ জামালের কোচ সাইফুল বারী আশায় বুক বাঁধছেন, ‘জাতীয় দলকে আমার কাছে ভালোই লেগেছে। তবে বড় দলের সঙ্গে অনুশীলন ম্যাচ দরকার। নেপাল আসিয়ান অঞ্চলে গিয়ে দেদার ম্যাচ খেলে বেড়াচ্ছে। এটা আমাদের মনে রাখা উচিত।’একই দলের সহকারী কোচ জুয়েল রানার কথা, ‘পরিকল্পিত প্রস্তুতির কোনো বিকল্প নেই। আজ খেলা দেখে মনে হলো, জাতীয় দল নিয়ে আরও অনেক কিছু করার আছে।’ জাতীয় দলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বলছেন, ‘জুনিয়র-সিনিয়র মিলিয়ে কম্বিনেশন দরকার। আমাদের জন্য সাফ একটা বড় চ্যালেঞ্জ।’সাফ অবশ্যই বড় চ্যালেঞ্জ। এটাই যে বাংলাদেশের ‘বিশ্বকাপ’!