সেই পুরোনো ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্দানস্ক থেকে ওপোল খুব কাছের শহর নয়। একটি পোল্যান্ডের উত্তরে, আরেকটি দক্ষিণে। মাঝখানে ৪০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব। কিন্তু পরশু গ্দানস্ক থেকে দুহাতের তালুতে চুম্বন এঁকে যে চুম্বন মিরোস্লাভ ক্লোসা ছড়িয়ে দিলেন আকাশে, মনে হলো, সেই চুম্বনের ঠিকানা এখন ওপোল। শৈশবেই পোল্যান্ড ছেড়ে জার্মানিতে চলে এসেছিলেন বলে জন্মভূমি নিয়ে আবেগের বাড়াবাড়ি জার্মান স্ট্রাইকারের মধ্যে নেই। তবে নিজের জন্মশহরকে কে ভুলতে পারে? কে অস্বীকার করতে পারে নাড়ির টান। পোল্যান্ডে জন্ম নেওয়া ক্লোসার পরশুর গোলটি তাই যেন পোলিশদের দেওয়া তাঁর কৃতজ্ঞতা উপহার!৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার পরশু সুযোগ পেয়েছিলেন প্রথম একাদশেই। সেটিও মারিও গোমেজের জায়গায়, যে গোমেজ করেছেন তিন গোল! আস্থার প্রতিদান দারুণভাবে দিয়েছে লাৎসিও স্ট্রাইকার। নিজে এক গোল করেছেন। একটি গোলে রেখেছেন অবদান। ক্লাব-ফর্ম যা-ই হোক না কেন, জাতীয় দলের হয়ে আলো ছড়াবেনই—ক্লোসা এই বিশ্বাস অটুট রাখছেন। বড় টুর্নামেন্টে গোল করার সুনামও ধরে রাখলে। ইউরো-বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তাঁর মোট গোল এখন ১৭!গ্রুপ পর্বের তিন ম্যাচেই খেলেছেন বদলি হিসেবে। সেটিও শেষের দিকে নেমে। প্রথম একাদশে সুযোগ পেয়েই গোল করে কোচকে একটা বার্তাই যেন পাঠালেন। চাইলে বিবেচনায় রাখা যেতে পারে তাঁকেও। ক্লোসা বলছেন, ‘গোল পেয়ে খুব ভালো লাগছে। আমি উচ্ছ্বসিত। শুরুতেই সুযোগ পাওয়ায় সত্যিই খুব ভালো লাগছে।’ জার্মানিদের বেঞ্চও যে কত শক্তিশালী, পরশু ম্যাচটা যেন সেই প্রমাণ দিয়ে গেল। ক্লোসাও বলছেন, ‘আমাদের বেঞ্চ সত্যিই খুব, খুবই শক্তিশালী; যেটি দল হিসেবে আমাদেরও অসাধারণ করে তুলেছে। যে কেউ মাঠে নেমেই খেলতে পারে। এটা আমাদের জন্য দারুণ কিছু।’পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, তিন গোল করেও সেমিফাইনালের প্রথম একাদশে জায়গা পাওয়া নিশ্চিত নয় গোমেজের। আবার ক্লোসাও যে আবার খেলবেন, সেটিই বা জোর দিয়ে বলবেন কী করে! এই পরিস্থিতিকে গোমেজ বলছেন ‘কৌতূহল-জাগানিয়া’, ‘আমি লড়াই চালিয়ে যাব। পরের ম্যাচে কী হয় সেটি জানার জন্য কৌতূহল নিয়ে তাকিয়ে আছি।’ এএফপি, ওয়েবসাইট।