সেই পুরোনো রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরুটা ভালো হয়নি মোটেই। ‘অসুখী’ রোনালদো, লা লিগায় তিন ম্যাচে হোঁচট, কোচের সঙ্গে সার্জিও রামোসের প্রকাশ্য বিতর্ক—সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ যেন একটু দিগ্ভ্রান্তই হয়ে পড়েছিল। কিন্তু গত সপ্তাহ থেকেই সব বিতর্কের জবাব মাঠেই দিতে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। ক্রিস্টিয়ানো রোনালদোও যেন প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন যে ফর্মটা ক্ষণস্থায়ী, মানটাই আসল। চ্যাম্পিয়নস লিগে পরশু আয়াক্সকে তাদের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদ আবার আগের সেই বিধ্বংসী চেহারায়।অনেক দিক দিয়েই ম্যাচটা হোসে মরিনহোকে দিয়েছে স্বস্তি। দেপোর্তিভোর বিপক্ষে হ্যাটট্রিক করে ফর্মে ফেরার বার্তা পাঠিয়েছিলেন রোনালদো। বুধবার রাতে আবারও দারুণ এক হ্যাটট্রিক করে রিয়ালের পর্তুগিজ তারকা জানান দিলেন, ফিরছেন বিধ্বংসী রূপেই। চ্যাম্পিয়নস লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন। আগামীকালই বহু প্রতীক্ষার এল ক্লাসিকো। তার আগে রোনালদোর এই ফর্ম বার্সেলোনাকে উদ্বিগ্ন না করে পারেই না! শুরু থেকেই আক্রমণে প্রতিপক্ষকে জেরবার করে তুলতে থাকে রিয়াল। বেশ কয়েকটি সুযোগ ফসকে যাওয়ার পর ৪২ মিনিটে রোনালদো এগিয়ে নেন দলকে। বিরতির পর করিম বেনজেমার অ্যাক্রোবেটিক ভলিতে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। আয়াক্স অবশ্য কর্নার থেকে ব্যবধান কমাতে পারলেও রাতটা ছিল রিয়ালেরই! ডাচ চ্যাম্পিয়নদের লজ্জায় ডুবিয়ে রোনালদো হ্যাটট্রিক করে ফেলেন ৮১ মিনিটে। এ ম্যাচে রিয়ালের জন্য আরেকটা সুসংবাদ, দারুণ খেলে ও একটা গোল বানিয়ে দিয়ে কাকাও দিয়েছেন ফর্মে ফেরার ইঙ্গিত। চোট আর ফর্মহীনতায় দলে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন। বুধবারের ম্যাচটা খেলেছেন শুরু থেকেই। কাকাও জানিয়েছেন তাঁর পড়ন্ত বেলাটা আসার ঢের দেরি। অবস্থা এখন এমন, এল ক্লাসিকোর আগে মরিনহো পড়েছেন মধুর সমস্যায়। মৃত্যুকূপের গ্রুপে প্রথম দুই ম্যাচেই জয়, তবে স্পেশাল ওয়ান বলছেন মিশন সম্পন্ন করতে এখনো যেতে হবে অনেক দূর, ‘৬ পয়েন্ট আমাদের একটু স্বস্তি দিয়েছে, কিন্তু পুরোটা নয়। দল জিতেছে এবং এমন একটা গ্রুপে লক্ষ্যগুলো পূরণ করছে যেটা ছেলেখেলা নয়। এখানে আপনি পয়েন্ট হারালেই বিপাকে পড়বেন।’ একই দিনে ম্যানচেস্টারে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া ডর্টমুন্ড। দুই বড় লিগের দুই চ্যাম্পিয়ন-শ্রেষ্ঠত্বের নিষ্পত্তি অবশ্য থেকে গিয়েছে অমীমাংসিতই, ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে। তবে অন্তিম মুহূর্তে বালোতেল্লি পেনাল্টি থেকে গোল না পেলে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নটা একেবারেই ফিকে হয়ে যেত সিটির। ডর্টমুন্ড তাই ড্র করেও তুলনামূলকভাবে খুশিই। এ নিয়ে গত নয় ম্যাচের মাত্র তিনটিতে জিতল সিটি, মানচিনির উদ্বেগটা তাই অমূলক নয় মোটেও, ‘আমি সমস্যাটা জানি এবং খুব দ্রুতই সেটা মিটিয়ে ফেলব। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের পারফরম্যান্স দৃষ্টিকটুই ছিল, কিন্তু ম্যাচ শেষে পাওয়া ১ পয়েন্টই পরে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।’কয়েক দিন আগে সান সিরোতে পেয়েছে নিজেদের প্রথম জয়, এবার জেনিত সেন্ট পিটার্সবার্গকে হারিয়ে দুঃসময় কাটানোর আভাস দিল এসি মিলান। তবে সেটা কিছুটা ভাগ্যপ্রসূতই, জেনিত আত্মঘাতী গোলটা হজম না করলে ফলাফলটা অন্য রকমও হতে পারত। চ্যাম্পিয়নস লিগে জয়রথ ছুটিয়ে চলেছে আর্সেনালও, অলিম্পিয়াকসকে হারিয়েছে ৩-১ গোলে। জেরভিনহো, পোডলস্কি, রামসেরা ওয়েঙ্গারের মুখে হাসি ফুটিয়েছেন। তবে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট-জার্মেই, এফসি পোর্তোর মাঠে হেরে বসেছে ১-০ গোলে। শালকের মাঠ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে এনেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন মঁপেলিয়ে। এএফপি, রয়টার্স।এক নজরে কিয়েভ ২ - ০ জাগরেব পোর্তো ১ - ০ পিএসজি শালকে ২ - ২ মঁপেলিয়ে আর্সেনাল ৩ - ১ অলিম্পিয়াকস আন্ডারলেখট ০ - ৩ মালাগা জেনিত ২ - ৩ এসি মিলান আয়াক্স ১ - ৪ রিয়াল মাদ্রিদ ম্যান সিটি ১ - ১ ডর্টমুন্ড* প্রথমে স্বাগতিক দল