সেই প্যাটিনসন এখানেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচজয়ী বোলারের জন্য হাপিত্যেশ করার দিন হয়তো ফুরাল অস্ট্রেলিয়ার! ব্রিসবেনে অভিষেক টেস্টেই ইনিংসে ৫ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন ৯ উইকেটে। সেই জেমস প্যাটিনসন কালও ইনিংসে ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডকে। ওয়েবসাইট।প্যাটিনসনকে যোগ্য সাহচর্য দিয়ে গেছেন পিটার সিডল ও মিচেল স্টার্ক। এই ত্রয়ীর তোপে হোবার্ট টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে মাত্র ১৫০ রানে। নিউজিল্যান্ডের দিনের শুরুটাই হতাশা দিয়ে। ম্যাচ শুরুর আগে অনুশীলনে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দেয় ড্যানিয়েল ভেট্টোরিকে, টেস্ট অভিষেক হয় ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের। এরপর বেলেরিভ ওভালের বোলিংবান্ধব উইকেটে টস হার। ছয় বছর ও ৬৯ টেস্ট পর টস জিতেও প্রতিপক্ষকে প্রথম ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া! ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই মার্টিন গাপটিল আউট। পর পর দুটি রেফারেলও যায় কিউইদের বিপক্ষে। আম্পায়ার আউট না দিলেও জেসি রাইডারের বিপক্ষে রেফারেল নিয়ে সফল মাইকেল ক্লার্ক। পরে রস টেলর নিজে রেফারেল নিয়েও নিজের ভাগ্য বদলাতে পারেননি। নিউজিল্যান্ড ৭.৪ ওভারে পরিণত হয় ৩ উইকেটে ২৫ রানে। ওখান থেকে ৪৫.৫ ওভারে অলআউট। ১৯৯৩ সালে হোবার্টে একই টেস্টে তারা দুবারই আউট হয়েছিল সমান ১৬১ রানে। ওই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ইনিংস ও ২২২ রানে। এবার কী হবে? টেস্টের প্রথম দিনেই এই প্রশ্নের উত্তরের আশা অবান্তর। তা ছাড়া বৃষ্টিবিঘ্নিত দিনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াও একটু অস্বস্তিতে। ১২ রানেই হারিয়েছে ১ উইকেট। বাদ পড়ার দাবি ‘জোরালো’ করে ৪ রানে ফিরে গেছেন ফিলিপ হিউজ।কিউই ইনিংসকে ধসিয়ে দেওয়ার কাজটা শুরু করেন সিডল। পরে একে একে পাঁচ উইকেট নিয়ে প্যাটিনসনই নায়ক। ইনিংসের শেষ দুই বলে দুই উইকেট নেওয়ায় সুযোগ আছে তাঁর দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক করার। লাঞ্চের আগেই ৬ উইকেট হারানো নিউজিল্যান্ড ১৫০ ছুঁয়েছে ডিন ব্রাউনলির সৌজন্যে। গ্যাবায় প্রথম ইনিংসে অপরাজিত ৭৭ করা ব্রাউনলি কাল করেছেন ৫৬। নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই হাফ সেঞ্চুরি করলেন ২৭ বছর বয়সী।