সেই ফকল্যান্ডে আর্ডিলেস-ভিলা
যুদ্ধের প্রথম বোমাটা কোথায় পড়ে? সম্ভবত মানুষের হূদয়ে। এক ঝটকায় বদলে যায় আবেগ, অনুভূতিগুলো। খুব কাছের মানুষ, পছন্দের মানুষও তখন দেখা দেন অন্য রূপে। বদলে যায় মানুষের জীবন।
ফকল্যান্ড যুদ্ধ যেমন বদলে দিয়েছিল অসি আর্ডিলেস আর রিকি ভিলার জীবন। দুজনেই আর্জেন্টাইন, দেশের হয়ে ১৯৭৮ বিশ্বকাপ জিতে যোগ দিয়েছিলেন ইংলিশ ক্লাব টটেনহামে। পরের চার বছর দুজনে হয়ে উঠেছিলেন হোয়াইট হার্ট লেনের নয়নের মণি। অথচ সবকিছু বদলে দিল ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ।
দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অধিকার নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বৈরিতা দীর্ঘদিনের। এ নিয়ে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন ৬৪৯ আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ। এরপর হঠাৎ করেই নিজের ক্লাবে, আশপাশের মানুষের কাছে শত্রু দেশের খেলোয়াড় হয়ে গেলেন আর্ডিলেস ও ভিলা। নিরাপত্তার কথা ভেবে টটেনহাম আর্ডিলেসকে ধারে খেলতে পাঠিয়ে দিল ফরাসি ক্লাব পিএসজিতে। পরে অবশ্য ফিরেছেন ইংল্যান্ডে। ভিলা এরপর খুব বেশি দিন টটেনহামে না থাকলেও আর্ডিলেস খেলেছেন ১৯৮৮ পর্যন্ত। তবে ফকল্যান্ড যুদ্ধের আগে-পরে দুজনের ইংল্যান্ড-জীবন আর এক থাকেনি। ওয়েবসাইট।
ফুটবলে ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথও নতুন মাত্রা পেয়েছিল ওই যুদ্ধের পরে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কুখ্যাত ও বিখ্যাত দুটি গোল করার পর স্বয়ং ডিয়েগো ম্যারাডোনাও বলেছিলেন, ‘আমরা একটা ফুটবল দল নয় একটা দেশকে হারিয়েছি। এটা ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ।’
সেই পুরোনো কাসুন্দি ঘাঁটার কারণ, দুঃসহ সেই সময়টা নিয়ে এত দিন পরে একটা প্রামাণ্যচিত্র বানাতে ফকল্যান্ড দ্বীপে গিয়েছিলেন আর্ডিলেস ও ভিলা। সেখানেই গত সোমবার রাস্তায় একটা ভেড়াকে বাঁচাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন দুজন। বড় কোনো বিপদ অবশ্য হয়নি। আর্ডিলেস অবশ্য এক বিবৃতিতে জানিয়েছেন, প্রামাণ্যচিত্রের বাকি কাজটুকুও শেষ করেই ফিরবেন।
‘