সেই ফেগুলিই এখন আলজেরিয়ার ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেগুলিই
ফেগুলিই

ম্যাচের ১৩ মিনিটেই প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মাথা কেটে যায়। রক্ত ঝরতে থাকে ফিনকি দিয়ে । হাত চেপে ধরে মাঠ ছাড়লেন সোফিয়ান ফেগুলি। মিনিট দুয়েকের মধ্যেই মাঠে ফিরলেন ফেগুলি। মাথায় ব্যান্ডেজ।
একটু পর হেড করতে গিয়ে আবারও হালকা সংঘর্ষ। পট্টি ভেদ করেও ঝরছিল রক্ত । দৌড়ে এসে রেফারি পরামর্শ দিলেন বাইরে যাওয়ার। সাইডলাইনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের শুশ্রূষা নিয়ে মাঠে ফিরে খেললেন পুরোটা সময়। রাশিয়ার সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচের ওই ঘটনাটা আসলে প্রতীকী। ভ্যালেন্সিয়ার ২৪ বছর বয়সী উইঙ্গার এমনই—দল-অন্তঃপ্রাণ। তাঁর কাছে সবার আগে দল। সঙ্গে সৃষ্টিকর্তা-প্রদত্ত প্রতিভা মিলিয়ে এই বয়সেই হয়ে উঠেছেন আলজেরিয়া দলের প্রাণভোমরা।
অথচ ব্রাজিল বিশ্বকাপে আলজেরিয়া নয়, তাঁর ঠিকানা হতে পারত ফ্রান্স দলে! হ্যাঁ, চাইলেই জিনেদিন জিদান, করিম বেনজেমাদের দেখানো পথে হেঁটে ফেগুলি বেছে নিতে পারতেন ফ্রান্সকে। এবং সেটাই হতো স্বাভাবিক। জন্ম, বেড়ে ওঠা ফ্রান্সে। ফুটবলে হাতেখড়ি, পেশাদার ক্যারিয়ারের শুরুটাও ফরাসি ক্লাব গ্রেনোবলে। ২০১০ সালে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায় যোগ দেওয়ার আগ পর্যন্ত ফ্রান্সই ছিল তাঁর একমাত্র ঠিকানা। ফ্রান্সের অনূর্ধ্ব-১৮, ২১ দলের হয়ে খেলেছেনও। এমনকি ২০০৮ সালে ডাক পেয়েছিলেন ফ্রান্সের জাতীয় দলেও।
কিন্তু ফেগুলি জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন বাবা-মার দেশ আলজেরিয়াকেই। ২০১২ সালের ফেব্রুয়ারিতে আলজেরিয়ার হয়ে অভিষেকেই করেছেন গোল, জাম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। পরে আরও ২ গোল করে আলজেরিয়াকে বিশ্বকাপের টিকিট এনে দিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বকাপে এসে তো গড়েছেন ইতিহাসই। বেলজিয়ামের সঙ্গে প্রথম ম্যাচে পেনাল্টি থেকে দলকে প্রথম এগিয়ে দিয়েছিলেন তিনিই। যেটা ছিল বিশ্বকাপে ২৪ বছরের মধ্যে আলজেরিয়ার প্রথম গোল। পরের দুই ম্যাচে গোল পাননি বটে। তবে আলজেরিয়া যে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে, তার পেছনে ফেগুলির অবদান অমূল্য। ফেগুলিকে ঘিরেই আলজেলিয়ানরা স্বপ্ন দেখছেন আজ জার্মানিকে হারিয়ে দেওয়ার! ভ্যালেন্সিয়া উইঙ্গার সত্যিই আজ হয়ে উঠতে পারেন জার্মানির পথের কাঁটা।