সেই ফেরিওয়ালাই জিতলেন সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবসন কনসিকাও
রবসন কনসিকাও

ছোটবেলা কেটেছে সালভাদরের রাস্তায় রাস্তায়। একটি একটি করে গাড়ি থামে সিগন্যালে, আর ছেলেটি টোকা দিয়ে কখনো সেধেছে আইসক্রিম, কখনো বা মৌসুমি সবজি। কোনো চালকের মন হয়তো গলেছে, আবার কখনো ধমক খেয়ে মুখ কালো করে ফিরেছে। শৈশবেই রাস্তার ফেরিওয়ালা হয়ে জীবনের যুদ্ধে নেমে পড়া সেই রবসন কনসিকাও এখন অনেক উঁচুতে উঠে দাঁড়িয়েছেন। তিনি আজ ইতিহাসের নায়ক। পরশু ব্রাজিলকে অলিম্পিক বক্সিংয়ের প্রথম সোনা এনে দিয়েছেন।
‘আমি একজন অলিম্পিক চ্যাম্পিয়ন। আমার জীবনটাই পাল্টে গেল আজ থেকে। আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত’—কথাটি না বললেও চলত কনসিকাওর। শুধু তাঁর কারণেই প্রথমবারের মতো কানায় কানায় ভরে উঠেছিল রিওর বক্সিং রিং। বক্সিংয়ের কোর্টই যেন হয়ে ওঠে ফুটবলের মাঠ। ‘ব্রাজিল, ব্রাজিল’ ধ্বনিতে কেঁপে ওঠে পুরো চত্বর। লাইটওয়েটের ফাইনালে কনসিকাওয়ের ফরাসি প্রতিদ্বন্দ্বী সোফিয়ান উমিহার উদ্দেশে জনতা হুংকার ছাড়ে, ‘তুমি মরতে যাচ্ছ!’
এমন বুনো সমর্থন বৃথা যায়নি। সোনা জিতেই দর্শকদের প্রতিদান দিয়েছেন ২৭ বছর বয়সী লাইটওয়েট বক্সার। ইতিহাস গড়ার পথে কনসিকাওর অনুপ্রেরণা ছিল তাঁর দুই বছরের মেয়ে, ‘আমি ওকে বলব, তুমিই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাকে আমি সবচেয়ে বড় উপহারটিই দিতে চেয়েছি।’
এমন সাফল্যের দিনে অতীতের কথা ভোলেননি কনসিকাও, ‘আমি অনেক কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি, তাই এ পদক শুধু আমার সাফল্য নয়, বরং আমার পরিবারের এবং যাঁরা আমাকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দিয়েছেন সবার।’ তবে যিনি জেতেন, তাঁর অবদানও কম থাকে কী করে! বক্সিং অনুশীলনের জন্য হাতে চোট পাওয়ার ভান করে হাসপাতালে যেতেন। সেখানে তাঁর হাতে যে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হতো, সেটিকেই হাতের দস্তানা বানিয়ে বাউটে নামতেন।
সেই কনসিকাও এখন অলিম্পিক মহাযজ্ঞে দেশের প্রতিনিধিত্ব করেন, জেতেন অলিম্পিক সোনা। স্বপ্ন দেখেন টোকিও অলিম্পিকেও সোনা জয়ের।
রাস্তায় গাড়ির জানালায় টোকা দেওয়ার দিন অনেক আগে শেষ হয়ে গেছে কনসিকাওয়ের! সূত্র: এএফপি।