সেই ফেল্প্স কি ফিরবেন আর!

জল যেন ছিল তাঁর বন্ধু, পুলটা ইচ্ছামতো দাপিয়ে বেড়ানোর জায়গা। সেই সুইমিংপুল আর এর জল কি হঠাৎ করে কিছুটা অচেনা লাগছে মাইকেল ফেল্প্সের কাছে! ‘জলদানব’ সুইমিংপুলে ঝাঁপ দিলেই জিতবেন, এটাই তো নিয়ম ছিল একসময়। সেই ফেল্প্সই কিনা যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে একটি ইভেন্টও জিততে পারলেন না! ধার কমে গেল সর্বকালের অন্যতম সেরা সাঁতারুর? প্রত্যাবর্তনের ধকল কি নিতে পারছে না তাঁর শরীর?
২০১২ সালে লন্ডন অলিম্পিকের ১০০ মিটার রিলেতে সোনা জয়ের পরই সাঁতার বিশ্বকে চমকে দিয়েছিলেন ফেল্প্স। সোনার পদক গলায় ঝুলিয়ে হাসিমুখে বলে দিয়েছিলেন ‘বিদায়’। তখন মাত্র ২৭-এ পা দেওয়া ফেল্প্সের মুখে আচমকা অবসরের ঘোষণা চমক হয়েই এসেছিল।
অথবা হয়তো বিস্ময়ের কিছু ছিল না। সর্বকালের সেরা অলিম্পিয়ান তিনি। অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বেশি সোনা (১৮টি) জয়ের রেকর্ড, সবচেয়ে বেশি পদক (২২টি), এক অলিম্পিকে আটটি সোনা জয়ের বিস্ময়কর কীর্তি, নামের পাশে অসংখ্য বিশ্ব রেকর্ড, আর কী-ই বা পাওয়ার আছে? সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়া একজন তাই তৃপ্ত কণ্ঠে বিদায়ের ঘোষণা দিতেই পারেন!
কিন্তু তিনি যে ফেল্প্স! কিছুদিন যেতে না-যেতেই মনের ভেতরে আকুলি-বিকুলি। যে সাঁতার তাঁর ধ্যানজ্ঞান, সেটা থেকে কি আর দূরে থাকা সম্ভব! আরও একবার সাঁতার বিশ্বকে চমকে দিয়ে তাই বছর দুয়েক পর ফেলপস সত্যি সত্যি পুলে ফিরলেন গত এপ্রিলে। শুধু তা-ই নয়, প্রত্যাবর্তনের সময়ই ঘোষণা দিলেন, দুই বছর ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে নিজেকে একটু ঘষামাজা করে নিয়ে ঝড় তুলবেন ২০১৬ রিও অলিম্পিকে!
গত এপ্রিলে আরিজোনার মেসা মিটে প্রত্যাবর্তনের পর তাঁর প্রথম প্রতিযোগিতাটা অবশ্য খুব একটা ভালো যায়নি। ১০০ মিটার বাটারফ্লাইয়ে দ্বিতীয় হয়েছিলেন। দুই বছর পুলের সঙ্গে যোগাযোগ ছিল না, সেই অর্থে হয়তো খুব একটা খারাপ ফল নয়। কিন্তু ক্যালিফোর্নিয়ার আরভিনে সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপেও তো দেখা দিতে পারলেন না বিজয়ীর বেশে। চারটি ইভেন্টের দুটিতে দ্বিতীয়, অন্য দুটিতে ষষ্ঠ ও সপ্তম। ১০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে দ্বিতীয় অবশ্য সেকেন্ডের এক শতাংশ ও পাঁচ শতাংশ ব্যবধানে। ২০০ মিটার মিডলেতে যাঁর কাছে হেরেছেন, সেই বন্ধু রায়ান লোক্টি যদিও হার নয়, বড় করে দেখেছেন ফেল্প্সের প্রত্যাবর্তনটাই, ‘আমার মনে হয় আমিই প্রথম যে বলেছিলাম, সে ফিরবে। একবার যদি আপনার মধ্যে প্রতিযোগিতার নেশা ঢুকে যায়, সেটা থেকে রেহাই পাওয়া কঠিন। এই পুল, এই জল, বিশ্বসেরা সাঁতারুদের সঙ্গে লড়ার রোমাঞ্চ, সে এগুলো খুব মিস করছিল।’
সেটা করছিলেন বলেই তো আবার ফিরেছেন পুলে। প্রত্যাবর্তনের পর নিজের পারফরম্যান্সে অবশ্য ফেল্প্স বাস্তবতাটা ভালোই বুঝতে পারছেন, ‘আমি আগের চেয়ে একটু ধীরগতিতে এগোতে চাই। কারণ আমি বুঝতে পারছি, লক্ষ্যপূরণের জন্য শরীরটাকে একটু সময় দেওয়া দরকার। চাইলেই তো হঠাৎ করে সব আগের মতো হবে না।’
সময় অবশ্য পাচ্ছেন ফেল্প্স। এ মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ায় প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ কিংবা আগামী বছর রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাবেন নিজেকে শাণ দিয়ে নেওয়ার সুযোগও। তার পরও রিওতে বড় কিছু করতে পারলে সেটি বোধ হয় বিস্ময়ই হবে। তথ্যসূত্র: এএফপি।