সেই বারবেতভই আবার...
বায়ার লেভারকুসেন থেকে টটেনহাম হটস্পারে এসে ফুল হয়ে ফুটছিলেন। দিমিতার বারবেতভের ওপর অ্যালেক্স ফার্গুসনের চোখ পড়ে তখনই। ২০০৮-০৯ মৌসুমে টটেনহামে একটি মাত্র ম্যাচ খেলার পরই বুলগেরিয়ান স্ট্রাইকারের ঠিকানা হয় ওল্ড ট্রাফোর্ড। কিন্তু কী এক অজানা কারণে ম্যানচেস্টার ইউনাইটেডে বারবেতভ-ফুল কেমন যেন মিইয়ে যেতে শুরু করে।ফার্গুসনের জহুরি চোখ ভুলই করে ফেলল কি না—শুরু হয় এমন জল্পনা। ২০০৮-০৯ ও ২০০৯-১০ মৌসুমে ৮৬ ম্যাচ খেলে বারবেতভ মাত্র ২৬ গোল (১৪ ও ১২) করায় এমন জল্পনা অবধারিতই ছিল। ম্যানইউয়ে বারবেতভের দিনগুলো ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। অনেকেই ভেবেছিল এটাই হয়তো ম্যানইউতে তাঁর শেষ মৌসুম। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বারবেতভ ঘুরে দাঁড়ালেন। মলিন ফুল আবার পাপড়ি মেলতে শুরু করল প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ থেকেই। এরপর কমিউনিটি শিল্ডে চেলসির বিপক্ষে পেলেন গোল। নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে দলের প্রথম গোলটিও তাঁর। প্রথম বড় ম্যাচের পরীক্ষা পাস করলেন বড় কিছু দিয়ে। লিভারপুলের বিপক্ষে করলেন হ্যাটট্রিক।আর পরশু তো নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। ব্ল্যাকবার্নকে ৭-১ গোলে ভাসিয়ে দেওয়া জয়ে নিজেই করেছেন ৫ গোল। ব্ল্যাকবার্ন ডিফেন্ডাররা শুরু থেকেই বারবেতভকে রুখতে হিমশিম খেতে থাকেন। ৭২ সেকেন্ডে করেন প্রথম গোল, ২৭ মিনিটে দ্বিতীয় আর হ্যাটট্রিক পূর্ণ করেন ৪৬ মিনিটে। আট মিনিটের মধ্যে (৬২ ও ৭০) আরও দুই গোল করে বারবেতভ ঢুকে যান ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে। অ্যান্ডি কোল, অ্যালান শিয়ারার ও জার্মেইন ডিফোর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৫ গোল করলেন বারবেতভ। প্রিমিয়ার লিগে প্রথম ৫ গোল ম্যানইউর সাবেক তারকা কোলের। ১৯৯৯ সালে তাঁর কীর্তি স্পর্শ করেন নিউক্যাসল কিংবদন্তি শিয়ারার, শেফিল্ডের বিপক্ষে। আর বারবেতভের আগে সর্বশেষ ডিফো এই কীর্তি গড়েছেন গত বছর। তিনজনই ইংলিশ খেলোয়াড়। একটা জায়গায় বারবেতভের পাশে আর কেউ নেই—ইংল্যান্ডের বাইরের খেলোয়াড়দের মধ্যে এই কীর্তি প্রথম গড়লেন এই বুলগেরিয়ান। বারবেতভের এই কীর্তিতে ম্যানইউ কোচ ফার্গুসন উচ্ছ্বসিত, ‘এটি অসাধারণ এক অর্জন। ও ছয় গোলও পেয়ে যেতে পারত। শেষের দিকে পল রবিনসন (ব্ল্যাকবার্ন গোলরক্ষক) দুর্দান্ত এক সেভ করেছে।’ নিজের কীর্তিতে বারবেতভ নিজেও বিস্মিত, ‘আমার মনে হয় না এই স্কোরলাইনটা আগে কেউ ভাবতে পারত। আমি আমার খেলায় এবং গোল পাওয়ায় খুব খুশি। নিজের খেলায় আমি নিজেই মুগ্ধ। এর আগেও আমি ৫ গোল করেছি। তবে সে অনেক আগের কথা, যখন নিজের দেশে খেলতাম। শীর্ষস্থান হারাল চেলসি: কাল নিউক্যাসলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এতে শীর্ষস্থানও হারাল চেলসি। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৩১। চেলসির সমান ২৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আর্সেনাল। এএফপি।