সেই বার্সা সেই রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপ গার্দিওলা রাজ্যপাট ছেড়ে যাওয়ার সময় বলেছিলেন, যোগ্যতমের হাতেই তিনি ব্যাটনটা সঁপে যাচ্ছেন। গুরুর আবেগঘন বিদায়ের পর লিওনেল মেসি বলেছিলেন, কোচ বদল হলেও তাঁদের খেলার ধরনটা বদলাবে না। গার্দিওলার সহকারী থেকে পদোন্নতি পেয়ে মূল চেয়ারটায় বসে টিটো ভিলানোভা দেখালেন, বার্সেলোনার কিছুই বদলায়নি। সেই টিকি-টাকা ফুটবলই আছে, সেই পাসের ফুল ফুটিয়ে আক্রমণে যাওয়ার দর্শনটাও তাদের অবিকৃত। এমনকি গোলবারের নিচে ভিক্টর ভালদেসের পাগলামিটাও অটুট! সুতরাং মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বড় হতে হতেও বার্সেলোনার জয়টা শেষতক ন্যূনতম ব্যবধানে, ৩-২। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তাই হেরেও প্রকৃতপক্ষে হারেনি। প্রতিপক্ষের মাঠে দুই গোল করার সুবিধায় আগামী বুধবার ফিরতি লেগে নিজেদের মাঠে শিরোপা জয়ের উৎসব করার আশাটা তাদের টিকে রইল।বার্সা বদলায়নি, বদলায়নি রিয়াল মাদ্রিদও। নতুন মৌসুমেও হোসে মরিনহোর ট্যাকটিকস ক্ষুরধারই আছে। হারার আগে হার না মানার মানসিকতাতেও তাদের ঘাটতি নেই। নতুবা ৭৮ মিনিট পর্যন্ত ১-৩ অবস্থা থেকে ৮৩ মিনিটে ১-৪-এ পিছিয়ে পড়ার শঙ্কা ঝেঁটিয়ে স্কোরলাইনটাকে ২-৩ করে ফেলতে পারে না। সেই প্রতিদ্বন্দ্বিতা, মরিনহোর সেই রক্ষণ-সংগঠন, গার্দিওলা জমানার সেই পাসের পর পাস, কখনো কখনো যা চোখে ক্লান্তি আনে—সবই দেখা গেল পরশু স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে। এল ক্লাসিকোর বহমান ধারা অনুযায়ী বার্সেলোনা জিতলও। এই সুপারকাপেই গতবার মরিনহোর হাতে ‘খোঁচা’ খাওয়া ভিলানোভা এবার ‘অভিষেকে’ই দুই শত্রু শিবিরের কোচের দ্বৈরথে এগিয়ে গেলেন। এ ম্যাচটি বিশ্ব ফুটবলের এক মহাকাব্য, যেটির মঞ্চায়ন দেখতে সারা বিশ্বের কোটি চোখ রাত জেগে টেলিভিশন পাহারা দেয়। মাঠে ফুটবলের সৌন্দর্য ঝরাতে ঝরাতে এটি কখনো ক্লান্তি আনে। কখনো অসুন্দরকে ডাকে। কিন্তু সবশেষে তা মহাকাব্যই হয়। সৌন্দর্যে, প্রতিদ্বন্দ্বিতায়, আবেগে, উত্তেজনায় একেবারে ঠাসা প্যাকেজ। এবারও তা-ই হলো। এই রাতে আক্রমণটা প্রথম রিয়ালের দিক থেকে হলেও খেলাটা সৌন্দর্য হারানোর ঝুঁকিতে পড়েছিল। রিয়াল কোচ মরিনহোর রক্ষণাত্মক কৌশলই আসল কারণ। তিন দিন আগে লা লিগার সূচনা ম্যাচে রিয়াল যেখানে ড্র করেছে, বার্সেলোনা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। মরিনহোর সাবধানি থাকারই কথা। তা ছাড়া এল ক্লাসিকো তো কোচকুলে নমস্য মরিনহোর জন্য কেবলই ব্যর্থতার নামতা। তিনি আটজন খেলোয়াড়কে রাখলেন নিচে, পায়ের জঙ্গল তৈরি হলো। মেসি-জাভি-ইনিয়েস্তাদের পাসিং ফুটবল ডানা মেলতে পারল না। মিনিট ১২-১৩ গড়ানোর পরই শুরু তাদের টিকি-টাকা। মেসি ছিলেন তাঁর মতোই। আক্রমণ-উৎসে সর্বদাই। মেসি গোল করার কাছাকাছি যান ১৯ মিনিটে। কিন্তু দানি আলভেজের পাসে সুবিধামতো জায়গা থেকে যে বলটি বাইরে মারলেন, তাতে দশবারের মধ্যে নয়বারই তাঁর গোল হয়। ২৯ মিনিটে আবারও মিস। বোঝা গেল, দিনটি মেসির নয়। দিনটি মেসির না হলে রোনালদোরও হবে না, বোঝা যাচ্ছিল সিআর-৭-কে কোথাও খুঁজে না পেয়ে। পাল্টা আক্রমণে রিয়াল মাঝেমধ্যে বিপদ ছড়ালেও বার্সারই প্রথম এগিয়ে যাওয়া উচিত ছিল। ৩২ মিনিটে পেদ্রোর শট তো কোনোরকমে বারের ওপর তুলে বাঁচান ইকার ক্যাসিয়াস। প্রথমার্ধ থাকে গোলশূন্য। আসল খেলাটা হলো দ্বিতীয়ার্ধেই। ৫৫ মিনিটে প্রথম গোল। করল রিয়াল! কে করলেন? ‘অদৃশ্য’ রোনালদো। মেসুত ওজিলের কর্নার কিকে মাথা ছোঁয়ালেন বুসকেটসের শরীর টপকে গিয়ে। মিনিটের মধ্যেই সমতায় বার্সেলোনা। কিক-অফের পরই মাচেরানোর লম্বা বল বাঁ প্রান্তে পেয়ে দুর্দান্ত ‘ফিনিশ’ করলেন পেদ্রো। যদিও গোলটির গায়ে অফসাইডের ‘কালো দাগ’। ম্যাচের পর যথারীতি রিয়াল কোচের কাঠগড়ায় রেফারি।সমতায় ফিরে বার্সেলোনা অবশ্য দুর্বার। ৭০ মিনিটে সার্জিও রামোস বক্সে ম্যাচের অঘোষিত সেরা ইনিয়েস্তাকে বাজে ট্যাকল করলে রেফারি বার্সাকে পেনাল্টি না দিয়ে পারেননি। মেসির পেনাল্টি-গোল। গোলের বেলায় রোনালদো মেসিকে টক্কর দিতে পারলেন না! যদিও খেলায় রোনালদো প্রতিদ্বন্দ্বী থেকে পিছিয়ে রইলেন কয়েক ক্রোশ। বার্সেলোনা ৮৩ মিনিটে ৪-১ করে ফেলতে পারত মেসি ফের দারুণ এক সুযোগ নষ্ট না করলে। উল্টো হলো কী, রিয়ালের পাল্টা আক্রমণ সামাল দিতে আদ্রিয়ানো যে ব্যাক পাস দিলেন ভালদেসকে, বার্সা গোলরক্ষক সেটি পায়ে ক্লিয়ার করতে গিয়ে খাবি খেতে থাকলেন। দ্রুত ছুটে এসে অ্যাঙ্গেল ডি মারিয়া বল জড়িয়ে দেন জালে। পাগলামির জন্য নিজেকেই শাপ-শাপান্ত করতে থাকেন ভালদেস। কে বলতে পারে, এই গোলটাই বার্সেলোনার সুপার কাপ ধরে রাখার পথে কাঁটা বিছিয়ে দিল না!সুপার কাপপ্রথম লেগ ১৬ মোট শট ৭ ৬ গোলে শট ২ ১৩ ফাউল ১৩ ৭ কর্নার ৭ ৪ অফসাইড ২ ৭০% বল পজেশন ৩০% ১ হলুদ কার্ড ৩ ০ লাল কার্ড ০ ০ সেভ ৩