সেই বাসচালকও ছিলেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের খলিল
মেহের খলিল

মেহের খলিলের পৃথিবীতে হঠাৎ করে যেন নরক গুলজার শুরু হয়ে গেল। দুপাশ থেকে ধেয়ে আসছে রকেট লঞ্চার, সাবমেশিনগানের ধাতব আওয়াজ, চারপাশে ভয়ার্ত মানুষের আর্তনাদ—বিভীষিকা বললেও কম বলা হয়। খলিলের হাতে গাড়ির স্টিয়ারিং, যেকোনো সময় বুলেট এসে এফোঁড়-ওফোঁড় করে দিয়ে যেতে পারে। কিন্তু তাঁর মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে হবে। কোনো দিকে না তাকিয়ে থ্রটলে জোরে চাপ দিলেন। এদিকে ঝুরঝুর করে ভেঙে পড়ছে জানালার কাচ, খলিল তবু অবিচল। শেষ পর্যন্ত যাত্রীদের তেমন ক্ষতি হতে দেননি।
২০০৯ সালে লাহোরের শ্রীলঙ্কা দলের ওপর হামলাটা এখনো তাড়া করে বেড়ায় খলিলকে। সে সময় শ্রীলঙ্কান খেলোয়াড়দের বহনকারী বাসের চালক ছিলেন। ওই ঘটনায় নিহত হন আটজন। আহত হয়েছিলেন কয়েকজন খেলোয়াড়ও। তবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের কারও প্রাণসংশয় হয়নি। সেই ঘটনার পর ছয় বছর পেরিয়ে গেছে, পাকিস্তানের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের দরজাটা বন্ধই ছিল। এত বছর পর জিম্বাবুয়ে সফর দিয়ে আবার খুলল সেই দরজা। কাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন খলিলও।
এত দিন পরও সেই ঘটনার প্রতিটি খুঁটিনাটিই মনে আছে খলিলের, ‘শুরুতে আমি মনে করেছিলাম হয়তো লাহোরের লোকেরা আতশবাজি পুড়িয়ে কোনো উৎসব করছে। কিন্তু যখন দুজন মানুষ এসে আমার দিকে গুলি চালানো শুরু করল বুঝলাম, ব্যাপারটা তা নয়।’ তখন পেছন থেকে জয়াবর্ধনেরাও ‘যাও, যাও’ বলে চেঁচাতে শুরু করে দিয়েছেন। খলিল আবারও ফিরে গেলেন সেই দিনে, ‘আমার মনে হচ্ছিল শরীর দিয়ে যেন ৪৪০ ভোল্টের বিদ্যুৎ চলে যাচ্ছে। আমি নিজেকে ধরে রেখে থ্রটলে চাপ দিলাম। আল্লাহকে ধন্যবাদ, আমি আত্মবিশ্বাস ধরে রাখতে পেরেছিলাম।’
সেই সন্ত্রাসী হামলার পর খলিল আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। সেখানে ভিআইপি সম্মান পেয়েছিলেন, ২১ হাজার ডলারের মতো নগদ অর্থ পুরস্কারও পেয়েছিলেন। অনেকেই স্বতঃপ্রবৃত্ত হয়ে এই অসমসাহসীকে পুরস্কৃত করেছিলেন। একজন সাধারণ গাড়িচালক থেকে খলিলের ভাগ্যটা তাই বদলে গেছে। এখন আর অন্যের গাড়ি চালান না, নিজেরই তিনটি গাড়ি আছে। কিন্তু এত কিছু যে দুর্ঘটনার জন্য, সেটি মুছে ফেলতে চান স্মৃতি থেকে, ‘দুর্ঘটনাটা খুবই হৃদয়বিদারক ছিল। ওটা আমি আর মনে করতে চাই না।’ এএফপি।