
ভাগ্য ছাড়া আর কাকে দুষবেন আর্সেন ওয়েঙ্গার? পর পর দুই মৌসুমে শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখকে পাওয়াটা নিয়তির লিখন ছাড়া কী! তার ওপর আজ এমিরেটসে যে বায়ার্নকে পাচ্ছে আর্সেনাল, সেটি যেন গতবারের চেয়েও বেশি দুর্বার।
ইয়ুপ হেইঙ্কেসের বায়ার্নের সঙ্গে পেপ গার্দিওলার দলটার তুলনা করার সময় এখনো আসেনি। হেইঙ্কেসের ঝুলিতে গত মৌসুমে সম্ভাব্য সব শিরোপা, এখন পর্যন্ত গার্দিওলা হাতে নিতে পেরেছেন শুধু উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। তবে যেমন খেলছে বায়ার্ন, তাতে গার্দিওলা পূর্বসূরির সাফল্যের পুনরাবৃত্তি না করলে সেটাই বরং আশ্চর্যের হবে। বুন্দেসলিগায় শিরোপার বাতিঘরটা এখনই দেখতে পাচ্ছে বায়ার্ন। ২১ ম্যাচে হারা দূরে থাক, ড্র-ই মাত্র দুটিতে, ম্যাচপ্রতি গোল তিনের কাছাকাছি। সব প্রতিযোগিতা মিলেই গার্দিওলার বায়ার্ন হেরেছে মাত্র দুটি ম্যাচে। তার একটি ডর্টমুন্ডের কাছে জার্মান সুপার কাপে। তবে বায়ার্নের অন্য পরাজয়টিই একটু আশা দেখাচ্ছে আর্সেনালকে!
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এসে বায়ার্নকে হারিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবারের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় তৃতীয় সিটি পারলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল কেন নয়? পথটা তো আসলে দেখিয়েছে আর্সেনালই। গত মৌসুমে বায়ার্নের মাঠ থেকে ২-০ গোলে জিতে ফিরেছিল ওয়েঙ্গারের দল। সুখস্মৃতি বলতে সেটাই। তবে এর আগেই নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে যাওয়ায় সেই জয়ে কাজ হয়নি। তবে ওয়েঙ্গারের জন্য প্রেরণার প্রদীপ হয়ে আছে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সেই ম্যাচটি, ‘আমার মনে হয়, আমরা এখন ওদেরকে আরও ভালো চিনি। গতবার ব্ল্যাকবার্নের কাছে এফএ কাপে হারার তিন দিন পরেই বায়ার্নের সঙ্গে খেলাটা আমাদের জন্য কঠিন ছিল। আর লিগেও গতবার আমরা এবারের চেয়ে কঠিন অবস্থায় ছিলাম। এ রকম একটি ম্যাচের জন্য মানসিকভাবে এখন আমরা অনেক বেশি তৈরি।’
ওয়েঙ্গারের দাবির পক্ষে কথা বলছে পরিসংখ্যানও। মিউনিখে বায়ার্নকে হারানোর আগের ৪৯ ম্যাচে আর্সেনাল জিতেছিল ২৩টি, হেরেছিল ১২টিতে। এর পরের ৪৮ ম্যাচের ৩৩টিতেই জিতেছে, হেরেছে ৭টিতে। ওয়ালকট যে বলছেন ‘আর্সেনাল সেই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছে’ কথাটা ফেলনা নয়! এএফপি, ওয়েবসাইট।
গার্দিওলাও মানছেন কাজটা গতবারের চেয়ে কঠিন হবে, ‘আমরা সেখানে গোলশূন্য ড্র করার জন্য যাচ্ছি না, আমরা অবশ্যই লন্ডনে জিততে চাই। এটা সহজ হবে না, কারণ লিভারপুলের সঙ্গে জিতে তারা কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।’
আর্সেনাল-বায়ার্নের ছায়ায় অন্য ম্যাচটি ঢাকা পড়ে যাচ্ছে। তবে অ্যাটলেটিকো-মিলান ম্যাচেও রোমাঞ্চের কমতি থাকার কথা নয়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই প্রথম মুখোমুখি দুই দল। ভারে মিলান অনেকে এগিয়ে থাকতে পারে, তবে ধারে এখন অ্যাটলেটিকোকেই এগিয়ে রাখতে হবে। বার্সা-রিয়ালের সঙ্গে পাল্লা দেওয়া ডিয়েগো সিমিওনের দলকে তো টুর্নামেন্টের ‘ডাক হর্সই’ বলা হচ্ছে। আর স্প্যানিশ প্রতিপক্ষের সঙ্গে সর্বশেষ আট ম্যাচে মিলান জিতেছে মাত্র একটিতে।
রোজানেরিদের ‘স্প্যানিশ জুজু’ কি আজ কাটবে?
আজ মুখোমুখি
আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-অ্যাটলেটিকো মাদ্রিদ
* প্রথমে স্বাগতিক দল