অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁই ব্যস্ত পরীক্ষা নিয়ে। এরই মাঝে বিকেএসপিতে একটা চাকরিও করছেন। ব্যস্ত সময় কাটালেও ওয়ালটন ৩৬তম জাতীয় অ্যাথলেটিকসের শুরুর দিন ঠিকই সময় বের করলেন। সতীর্থদের খেলা দেখতে হাজির বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এক ফাঁকে বললেন, ‘নাড়ির টানেই খেলা দেখতে আসি।’ অ্যাথলেটিকস ট্র্যাক ছেঁড়া বলে হতাশ, হতাশ হ্যান্ড টাইমিংয়ে খেলা হচ্ছে দেখেও।’এত সব হতাশার মাঝেই চিরায়ত নিয়মেই বেলুন উড়ল। মার্চ পাস্ট হলো। দুপুরের তপ্ত রোদে ঠায় দাঁড়িয়ে ১৬টি দল ও সার্ভিসেস সংস্থার অ্যাথলেটরা শুনলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ১০ মিনিটের ভাষণ। হয়ে গেল জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন। কিন্তু এসএ গেমসে বাংলাদেশকে সোনা এনে দেওয়া সাবেক দ্রুততম মানব প্রয়াত মাহবুব আলমের জন্য এক মিনিটের নীরবতা পালন না করায় অনেকেই অবাক। গত ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় অকালে মারা যান মাহবুব।জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে কোনো রেকর্ড হয়নি। প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টে নতুন মুখ পেল বাংলাদেশ। হ্যান্ড টাইমিংয়ে ১০.৫৬ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছেন সেনাবাহিনীর ল্যান্স করপোরাল বান্দরবানের ১৯ বছরের তরুণ মোহন খান।দ্রুততম মানবী বিভাগে সেই পুরোনো মুখ—নাজমুন নাহার বিউটি। ইনজুরির কারণে গত বছর মুকুটটা হারিয়েছিলেন শামসুন্নাহার চুমকির কাছে। এবার সেই চুমকিকে পেছনে ফেলেই উদ্ধার করলেন হারানো মুকুট। ১২.১০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতলেন নোয়াখালীর মেয়ে, ১০০ মিটারে এটি তাঁর সপ্তম শিরোপা।হোক হ্যান্ড টাইমিং, তবু নিজের টাইমিংয়ে খুশি বিউটি, ‘আমার এই টাইমিংয়ের ধারেকাছে এখনো কেউ আসতে পারবে না।’ তবে এখনো মনে করেন উন্নতির আরও অনেক জায়গা রয়েছে।মেয়েদের ১০০ মিটার হার্ডলসের সোনা জিতেছেন সুমিতা রানী। লং জাম্পের সোনা শাপলা খাতুনের। হাই জাম্পে এবারও সেরা সজীব হোসেনই। তবে গত বছরের চেয়ে (২.১১ মিটার) এবার সজীবের পারফরম্যান্স খারাপ (১.৯৭ মিটার)। সজীব বললেন, ‘কমনওয়েলথ গেমসে খেলার পর এক দিনও অনুশীলন করতে পারিনি। ম্যাট পাইনি। ফেডারেশন থেকেও সেভাবে সহযোগিতা করেনি। শুধু নিজের ভিডিওগুলোই বসে বসে দেখেছি।’দেশের অ্যাথলেটদের দৈন্যের প্রতীকই যেন হয়ে উঠলেন সজীব। যখন তাঁর এগোনোর কথা, তখন ক্রমেই পেছাচ্ছেন। সব দিক দিয়েই চলছে অবনমন। কোটি টাকা খরচ করে ইলেকট্রনিক বোর্ড আনার পরও সেটি প্রয়োজনে কাজে লাগানো হয়নি নানা অজুহাতে। তার পরও কাল ১০০ মিটার স্প্রিন্ট হলো কড়া রোদের মধ্যে, যেখানে খোলা আকাশের নিচে দাঁড়ানোই দায়। এই প্রতিযোগিতা এমনই দায়সারা যে বাইরের চাকচিক্য নিয়েই বেশি ব্যস্ত কর্তাব্যক্তিরা।এরই মধ্যে কোচ কিতাব আলীর কণ্ঠে আক্ষেপ, ‘এখানে টাইমার হাউস কাজে লাগিয়ে ইলেকট্রনিকস বোর্ডটায় টাইমিং ধরা যেত। কিন্তু ফেডারেশন সেটাও লাগাতে পারেনি। দেখে খুবই খারাপ লাগছে।’প্রথম দিনে ৪ সোনা, ১ রুপা ও ৪ ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন সেনাবাহিনী। এরপর ৩ সোনা, ৪ রুপা ও ৪ ব্রোঞ্জ নিয়ে বিজেএমসি। ২ সোনা, ৩ রুপা ও ১ ব্রোঞ্জ জেতা আনসার আছে তৃতীয় স্থানে।