সেই বিমান এখন দ্বিতীয় বিভাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের লেগ স্পিনার আলতাফ কামালের বল ব্যাটের কোনা ছুঁয়ে দুই স্লিপের মাঝ দিয়ে চার—হাবিবুর রহমানের সেঞ্চুরি হয়ে গেল ওই বাউন্ডারিতে। কিন্তু তাঁর দল সূর্যতরুণ সেঞ্চুরিটাকে সেভাবে উদ্যাপন করল না। মৃদু হাততালি দিয়ে সবাই থেমে গেল। কে একজন চিত্কার করে হাবিবুরকে ব্যাট তুলতে বলতে গেলে থামিয়ে দেওয়া হলো তাঁকেও। এখনই বলার দরকার কী? আগে ম্যাচটা জেতা হোক।ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাল বিমানের ২৩০ রানের জবাবে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও সূর্যতরুণ শিবির আস্থা রাখতে পারছিল না নিজেদের ওপর। শেষ পাঁচ ওভারে জেতার জন্য ৪ উইকেট হাতে নিয়ে মাত্র ১৫ রান দরকার, তখনো একজন বললেন, ‘সূর্যতরুণকে বিশ্বাস নেই। এখান থেকেও হারতে পারি...।’ আর হারা মানেই দ্বিতীয় বিভাগে অবনমন। কারও সেঞ্চুরি উদ্যাপন তো দূরের কথা, এমন ম্যাচ শেষ হওয়ার আগে শ্বাস ফেলতে রাজি নন কর্মকর্তারা। বরং ‘সেঞ্চুরি এখনো হয়নি, আরও ২ রান দরকার’ পানি খাওয়ানোর ছলে মাঠে গিয়ে হাবিবুর রহমানকে এমন একটা ধারণা দিয়ে এলেন দ্বাদশ খেলোয়াড়।রেলিগেশন লিগের এই ম্যাচ শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতে প্রথম বিভাগে থাকা নিশ্চিত করেছে সূর্যতরুণ। গতবার অনেকটা অন্যায়ভাবেই যাদের নামিয়ে দেওয়া হয়েছিল প্রথম বিভাগে। কিন্তু এ দেশের ক্রিকেট ইতিহাসের একটা কান্না হয়ে নেমে গেল বিমান।সূর্যতরুণের জয়োত্সবের সন্ধ্যায় দীর্ঘক্ষণ বন্ধ থাকল বিমান ড্রেসিংরুমের দরজা। রুদ্ধদ্বার ড্রেসিং রুম থেকে বের হওয়ার পরও বাষ্পরুদ্ধ অধিনায়ক ইমরান আহমেদের কণ্ঠ, ‘পুরো লিগেই আমরা বাজে ক্রিকেট খেলেছি। দু-একজন ছাড়া কেউ পারফর্ম করেনি। কী করব বলুন...?’ প্রায় দেড় যুগ ধরে বিমানে খেলছেন হাসানুজ্জামান। ক্লাবের খেলোয়াড়দের জন্য অনেকটা অভিভাবকের মতো হয়ে যাওয়া এই ক্রিকেটার বিমানের এমন অবনমন মেনে নিতে পারছিলেন না, ‘আমি ১৭ বছর ধরে বিমানে খেলছি। দ্বিতীয় বিভাগ দূরের কথা, গতবারের আগে প্রথম বিভাগেও নামতে দেখিনি দলটাকে।’ বিমানের ‘শোকসন্ধ্যায়’ বিমর্ষ স্মৃতিচারণ করলেন মাঠে বসে খেলা দেখা সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী, ‘বাংলাদেশের ক্রিকেটের পেছনে, ক্রিকেটারদের পেছনে বিমানের অবদান অনেক। একটা সময় ছিল, যখন বিমানের ক্রিকেটাররাই বেশি সচ্ছল ছিল। বিমান শুধু খেলা নয়, ক্রিকেটারদের চাকরিরও নিশ্চয়তা দিত।’সেই বিমান গভীর খাদের দিকে অবতরণ শুরু করে গত মৌসুমে। আশির দশকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট চালু হওয়ার পর গতবার নেমে যায় প্রথম বিভাগে, এবার নামল দ্বিতীয় বিভাগে। বুকের মধ্যে ব্যথা চেপে রেখে হাসানুজ্জামান তার পরও আশায় থাকছেন, ‘ভবিষ্যত্ করণীয় নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে বসব। আমার বিশ্বাস, বিমান আবার আগের রূপে ফিরবে।’বিকেএসপিতে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে ইয়াং ক্রিকেটার্সের (১৮২/৮) কাছে ২ উইকেটে হেরে দ্বিতীয় বিভাগে নেমে গেছে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবও (১৭৮/১০)।