বিমান ০-৩ অ্যাজাক্স, বিমান ০-৩ ওয়ারী। মহানগর প্রিমিয়ার টেবিল টেনিসের এই ফলটা যেন বিশ্বাসই হচ্ছিল না সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমানের (লিনু)। টিটির সব তারকা খেলোয়াড়ই একসময় খেলতেন বিমানে, তাঁদের হাত ধরে বিমান শিরোপা জিতেছে বেশ কয়েক বছর। লিনুর মতোই বিমানের সোনালি সময়ের সারথি ছিলেন সাদী, আকবর আজিজ, রচি, কচি, মাহবুব, মোস্তফা, মানস, হ্যামলেটরা। লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন বিমান। কিন্তু বিমানের সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। জয়ের আনন্দ করতে ভুলেই গেছে বিমান। তারা সর্বশেষ শিরোপা জিতেছে চার বছর আগে। বিমানের জায়গা দখল করে নিয়েছে শেখ রাসেল।কেন বিমানের এই মুখ থুবড়ে পড়া? খেলোয়াড়দের অভিযোগ—দুর্বল দল গঠন, ক্লাব কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দল, খেলোয়াড়দের পাওনা টাকা নিয়ে জটিলতা—সব মিলিয়েই এই রুগ্ণ অবস্থা। বিমানের সাবেক খেলোয়াড় ও বর্তমানে শেখ রাসেলে খেলা মোস্তফা বিল্লাহরও কথা, ‘আসলে বিমানের কর্তাব্যক্তিদের ব্যর্থতা আর গাফিলতির কারণেই আজ বিমানের এ অবস্থা।’ দলটির বর্তমান ম্যানেজার রচির স্বীকারোক্তি, ‘দলটা অবশ্য ভালো হয়নি। এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। খেলা চলছে। তবে আমি আশাবাদী, এই দল নিয়েই অনেক দূর যেতে পারব।’ এবারের লিগে বিদেশি খেলোয়াড় এনেছে শেখ রাসেল, পাললিক, শিশিরন। সব খেলোয়াড়ই ভারতের। শেখ রাসেলে খেলছেন অমল রাজ, রাজ মণ্ডল। পাললিকে শোভজিৎ রায়, সোমদীপ সাহা, শিশিরনে অনির্বাণ দত্ত ও শৌভিক কর। ডেসটিনিতে আসছেন শুভম কুন্ডু। কিন্তু বিদেশি খেলোয়াড়ের নিবন্ধন তালিকা খুঁজে দেখা যায়নি বিমানের কোনো খেলোয়াড়ের নাম।লিগ কমিটির সম্পাদক সমিরউদ্দিন আক্ষেপ করে বলছিলেন, ‘এখন বিমানে যারা খেলে ওদের র্যাঙ্কিং ২০-২৫-এরও নিচে। অনেককে চিনিই না। একমাত্র চেনা মুখ রুমি।’ তাঁর মতে দলটি আবারও ঢেলে সাজানো উচিত। বর্তমানে বিমানের ক্রীড়া কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন মোসাদ্দেক আহমেদ। তার ছোট ভাই বিমানের পাইলট মাকসুদ আহমেদেরও ভূমিকা থাকে দল গঠনে।