সেই বেস্ট, এই বেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্কির দিকে চোখ গিয়েছিল শুরুতেই। হ্যান্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে দিতেই সেটি স্পষ্ট হলো। নিজের নাম আঁকা, ‘টিনো’। বাঁ হাতেও একটা উল্কি। আকারে আরও বড়। ক্রুশবিদ্ধ যিশু।এটা নিয়ে কৌতূহলটা দমিয়ে রেখে কথা শুরু হলো তাঁর নাম নিয়ে। একজনের নামের অর্থ ‘বেস্ট’, যার মানে তো নিজেই নিজেকে ‘সেরা’ ঘোষণা করে দেওয়া! পুরো নাম ‘টিনো লা বারট্রাম বেস্ট!’ হাসতে হাসতে নামের ‘তর্জমা’ শোনালেন তিনি নিজেই, ‘টিনো মানে ম্যাজিস্টিক। বারট্রাম আমার বাবার নাম, অর্থ গ্রেট। লা বারট্রাম মানে গ্রেটেস্ট। আর বেস্ট তো বেস্ট!’ একজনেরই নামই যদি এমন হয়, এর চেয়ে বড় আর কী হতে পারে! তবে বেস্ট যে অনুপ্রেরণার আরও বড় উৎস খুঁজে পেয়েছেন, ‘ছোট থেকেই নাম নিয়ে ভীষণ গর্ব হতো আমার। তবে নামে কিছু যায়-আসে না। অনুপ্রেরণাটা ভেতরের ব্যাপার। যিশুখ্রিষ্ট আমাকে প্রতিভা দিয়েছেন, আমার দায়িত্ব সেটা কাজে লাগানো। অনেক দিন দলের বাইরে ছিলাম...সবই যিশুখ্রিষ্টের চাওয়া। যিশু আমাকে বিনয়ী হতে সাহায্য করেছেন, ইতিবাচক মানসিকতা ধরে রাখতে সাহায্য করেছেন। আমি সব সময়ই জানতাম, আমার সুযোগ আবার আসবে। শুধু সঠিক পথে থাকতে হবে। চেষ্টা করে যেতে হবে।’বিনয় আর বেস্ট, খ্রিষ্টের প্রতি এত বিশ্বাস! কেমন যেন গোলমেলে লাগে। এটা সেই টিনো বেস্টই তো, খ্যাপাটে স্বভাবের কারণে যাঁর নাম হয়ে গিয়েছিল ‘দ্য ওয়াইল্ড থিং!’ আন্তর্জাতিক আঙিনায় অনেক দিন পদচারণ ছিল না। মনে রাখার মতো বোলিং কীর্তিও ছিল না। তবে তার পরও বেস্টকে মনে রাখতে হয়েছে তাঁর বিচিত্র সব উদ্যাপনের কারণে। উইকেট পেলেই বোলার যেন হয়ে যেতেন গোলস্কোরার। ফুটবলের গোলস্কোরারের মতোই উন্মত্ত দৌড়, যেন গন্তব্য অজানা। খ্যাপাটে দৌড়ে চক্কর দিয়ে ফেলতেন প্রায় পুরো মাঠ। সঙ্গে লাফ-টাফ তো চলতই!তবে অন্য অনেকের মতো মাথা ঘামিয়ে নজর কাড়ার মতো একটা উদ্যাপনভঙ্গি খুঁজে বের করার ব্যাপার এখানে নেই। শুরুটা ছিল মুহূর্তের বাঁধনহারা উচ্ছ্বাস থেকে। প্রথমবারের কথা এখনো স্পষ্ট মনে পড়ে বেস্টের, ‘মনে আছে, অভিষেক টেস্টে (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৩ সালে) আমি কোনো উইকেট পাইনি। প্রায় এক বছর ধরে সুযোগ পেলেই লোকে আমাকে সেটা মনে করিয়ে দিয়েছে। আবার যখন টেস্টে সুযোগ পেলাম (২০০৪ সালে), গ্রাহাম থর্পকে আউট করার পর যেন আনন্দে পাগল হয়ে গেলাম। এত উত্তেজিত, এত রোমাঞ্চিত ছিলাম...মনে আছে দৌড়াতে দৌড়াতে লাফ দিয়ে মাটিতে পড়ার পর প্রচণ্ড আঘাত পেয়েছিলাম হাঁটুতে।’সেটা ছিল ২০০৪ সালের ১৩ মার্চ। এরপর উইকেট শিকার করে বেস্টকে অমন বুনো হতে অনেকবারই দেখেছে ক্রিকেট-বিশ্ব। বেস্টের যুক্তিটা শুনলে উদ্যাপনকে খুবই স্বাভাবিক বলে মনে হবে, ‘একটা উইকেট পাওয়া তো কম কথা নয়! জিমে, অনুশীলনে, নেটে কত ঘাম ঝরানো এ জন্য। যাদের বিপক্ষে বোলিং করছি, ওরা তো আমার মতোই বা আরও বেশি প্রতিভাবান। কত পরিকল্পনা, প্রচেষ্টা আর স্কিলের বিনিময়ে একটা উইকেট। উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক। এখন অবশ্য অমন করি না, বয়স ৩১ হয়ে গেছে। অনেক পরিণত এখন আমি। তবে উইকেট পেলে তৃপ্তিটা এখনো একই রকম পাই।’আন্তর্জাতিক ক্রিকেটে এটাকে বলা যায় বেস্টের তৃতীয় অধ্যায়। যতটা গর্জন ছিল, ততটা বর্ষণ হয়নি। শুধু আগ্রাসন আর গতি দিয়ে কি আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া যায়! ২০০৩ সালে অভিষেকের পর ২০০৫ পর্যন্ত মোটামুটি খেলতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজ তাঁর সম্ভাবনাকে বিনিয়োগ করেছিল বলে। ২০০৯ সালে আবার ফিরলেন, বাংলাদেশের বিপক্ষে ভাঙাচোরা সেই ওয়েস্ট ইন্ডিজ দলে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর টানা তিন ইনিংস উইকেটশূন্য। আবার বাদ। এরপর ঘরোয়া ক্রিকেটে ভালো করে এবারের ফেরা।এই অধ্যায়ের শুরুটা কিন্তু দারুণ হয়েছে। বেস্ট এখন ক্রিকেট বইয়ের একটা পাতায় ‘বেস্ট!’ দলে ফেরার টেস্টেই গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সবার শেষে নেমে করেছেন ৯৫ রান। টেস্ট ইতিহাসে ১১ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস! বেস্টের নিজেরই এখনো তা বিশ্বাস হতে চায় না, ‘বছর খানেক আগে ওয়েস্ট ইন্ডিজ দলই আমার জন্য ছিল অনেক দূরের পথ, বিশ্ব রেকর্ড তো সেখানে ভাবনাতীত! অবশ্য এমন সব ব্যাপার ঘটে বলেই না ক্রিকেটে এমন মজা! রেকর্ড-টেকর্ড নিয়ে অবশ্য ভাবি না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে নামার প্রতিটি দিনকেই আমার মনে হয় স্বপ্ন সত্যি হওয়ার মতো। বোলিং মার্কে যাওয়া, রানআপ শুরু করা—এ মুহূর্তগুলোর জন্যই তো বেঁচে থাকা!’এখনকার বেস্ট এমনই ‘দার্শনিক’। ১১ নম্বরে নেমে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি ফসকে যাওয়াটাও আফসোসে পোড়ায় না তাঁকে, ‘ওই দিন রাতে নিজেকেই প্রশ্ন করছিলাম—কোনটা বড়, ৯৫ না ৫? উত্তর পেলাম—অবশ্যই ৯৫! ছেলেবেলায় আমি ব্যাটসম্যান ছিলাম, তখন টেস্ট সেঞ্চুরির স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ হলো না। কিন্তু বোলার টিনো কি কখনো ভাবতে পেরেছিল টেস্টে ১১ নম্বরে নেমে ৯৫ করবে!’অথচ এত দিন বেস্টের ব্যাটিং মনে করিয়ে দিত শুধু ‘মাইন্ড দ্য উইন্ডো’ ঘটনাটাই। ২০০৫ সালে ঁলর্ডসে উইকেটে গিয়েই তেড়েফুঁড়ে ব্যাট চালাতে শুরু করেছিলেন বেস্ট। কিন্তু একটিও ব্যাটে লাগছিল না। অ্যান্ড্রু ফ্লিনটফ তখন এগিয়ে গিয়ে বলেছিলেন, ‘মাইন্ড দ্য উইন্ডো, টিনো।’ আরও রেগে জাইলসকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে স্টাম্পড বেস্ট। ক্রিকেট স্লেজিংয়ের উপাখ্যানে ক্লাসিকের মর্যাদা পেয়েছে এটি, ইউটিউবেও দারুণ জনপ্রিয় এই ভিডিও। মাথাগরম সেই বেস্টের কথা মনে করে হাসিই থামে না এখনকার বেস্টের, ‘ফ্রেডি আমাকে নানাভাবে খ্যাপানোর চেষ্টা করছিল। জাইলস বোলিং করছিল, ব্যাটে-বলে করতে পারছিলাম না বলে এমনিতেই মেজাজটা খিটখিটে, তার ওপর ফ্রেডির ওই কথা। তেড়েফুঁড়ে মারতে গিয়ে স্টাম্পড হয়ে গেলাম! এখন হয়তো অনেকেই মিথ্যা ভাবতে পারে, কিন্তু “মাইন্ড দ্য উইন্ডো” সাত বছর ধরে আমার “মাইন্ড”-এ ছিল। মনে হতো, যদি জবাব দিতে পারতাম! যিশুখ্রিষ্টকে ধন্যবাদ, আমি পেরেছি। পরে অ্যাশলি টুইটারে বলেছে, “কনগ্র্যাটস। তবে তুমি সেঞ্চুরিটাও পেয়ে যেতে, কিন্তু আবারও তোমার চোখ ছিল উইন্ডোতে!”একটা জায়গায় আবার ঠিক আগের মতোই আছেন বেস্ট। দলের বিনোদনের খোরাক জোগানোর দায়িত্ব এখনো তাঁর, ‘ড্রেসিংরুমে বাচাল বলে খ্যাতিটা এখনো আছে! সব সময়ই কথা বলি, সবাইকে মাতিয়ে রাখার চেষ্টা করি। আমরা পৃথিবীতে এসেছি খুব কম সময়ের জন্য। ওই ড্রেসিংরুমে থাকাটা আরও কম সময়ের জন্য। এই সময়টা কেন উপভোগ করি না আমরা!’এই ‘বিনোদন দর্শনই’ যেন স্পষ্ট করে ফুটিয়ে তুলছে বদলে যাওয়া বেস্টকে!