সেই ব্যাটের দাম ৭২ লাখ রুপি!
মহেন্দ্র সিং ধোনি ব্যাটটি কত দিয়ে কিনেছিলেন, কে জানে। তবে ওই ব্যাট দিয়ে ভারতকে ২৮ বছর পর বিশ্বকাপ জেতানো ছক্কাটি মারার পরই সেটির দাম বেড়ে গিয়েছিল অনেক গুণ। কতটা? উত্তর মিলেছে পরশু। ধোনির ওই ব্যাট নিলামে বিক্রি হয়েছে প্রায় ৭২ লাখ রুপিতে (৪৫ হাজার পাউন্ড)!লন্ডনের হিলটন হোটেলের এই নিলামের উদ্যোক্তা ছিলেন ধোনিই। গত মার্চে ভারতে যাত্রা শুরু করেছে ভারত অধিনায়কের চ্যারিটি সংগঠন ‘উইনিং ওয়েজ টুডে ফর টুমরো।’ এই নিলাম দিয়ে সংগঠনের যাত্রা শুরু হলো বিদেশেও। বিশ্বখ্যাত চিত্রশিল্পী সাচা জাফরির চিত্রকর্মও উঠেছিল নিলামে। শচীন টেন্ডুলকার ও ভারতের বিশ্বকাপ জয় নিয়ে দুটি ছবি আঁকতে অনুরোধ করা হয়েছিল জাফরিকে। পন্টিং-বোর্ডার-ফ্লিনটফ-মালিঙ্গাদের মতো তারকা ক্রিকেটারদের হাতের ছাপ ও অটোগ্রাফ-সংবলিত ছবি দুটির দাম উঠেছে দুই লাখ ৫০ হাজার পাউন্ড। আর সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এর বাঁধাই করা মূল পাণ্ডুলিপি বিক্রি হয়েছে ১৭ হাজার ৫০০ পাউন্ডে। সব মিলিয়ে সোমবার সন্ধ্যার নিলাম থেকে ধোনির মহৎ উদ্যোগে জমা পড়েছে প্রায় তিন কোটি ২২ লাখ রুপি। ওয়েবসাইট।