সেই ব্রাজিল এই ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৫০ বিশ্বকাপের ব্রাজিল
১৯৫০ বিশ্বকাপের ব্রাজিল

১৯৩৮ সালের ফ্রান্স বিশ্বকাপের পর হঠাৎই বদলে গেল পুরো পৃথিবী। হিটলারের ফ্যাসিবাদের থাবায় তখন ক্ষতবিক্ষত মানবসভ্যতা। এমন একটা বিশ্ব পরিস্থিতিতে ফুটবল আয়োজনের কথা উঠতেই যেন প্রমাদ গুনল গোটা বিশ্ব। যুদ্ধের আঘাতে সমৃদ্ধ ইউরোপের তখন করুণ অবস্থা। জনগোষ্ঠীর মৌলিক প্রয়োজন মেটাতে গিয়েই হিমশিম সরকারগুলো। দৈনন্দিন অগ্রাধিকারগুলোই যখন পূরণ করা দায়, তখন বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটিকে অনেক দেশই দেখল বাজে ধরনের বিলাসিতা হিসেবে। কিন্তু ফিফা তখন মরিয়া যে করেই হোক আরও একটি বিশ্বকাপ আয়োজনের। যুদ্ধের দামামায় ফুটবলের দুটি আনন্দযজ্ঞ যে হারিয়ে গেছে কালের অতলে।
কিন্তু কোন দেশে হবে এই আয়োজন? বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা তখন ভেবে ভেবে হয়রান। ঠিক ওই সময়ই ফিফাকে ভাবনা থেকে বাঁচাতেই যেন এগিয়ে এল লাতিন আমেরিকার ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সুবৃহৎ রাষ্ট্র ব্রাজিল ১৯৪৬ সালে ফিফা কংগ্রেসে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিল। কিন্তু ফিফার যেন ঠিক ভরসা নেই দেশটির ওপর। বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে ব্রাজিলও যে তখন ব্যতিব্যস্ত নিজেদের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে।
ফিফার সামনে তখন অন্য কোনো পথও খোলা ছিল না। পরপর দুটি বিশ্বকাপ ইউরোপে হওয়ায় লাতিন আমেরিকার একটি দেশের জন্য এই আয়োজনটা একপ্রকার পাওনাই ছিল। ব্রাজিলের সেই চাওয়াটা বাস্তব হতে তাই খুব একটা সমস্যা হয়নি।
কেমন ছিল ব্রাজিলের সেই আয়োজন? কেমন ছিল সে সময়কার বিশ্ব পরিস্থিতিতে লাতিন আমেরিকার এই দেশটির আর্থসামাজিক পটভূমি? আজকের দুনিয়ায় যে দেশটি বিশ্বের সপ্তম বৃহৎ অর্থনীতি হিসেবে গর্বিত, সেই ব্রাজিল ১৯৫০ সালে ছিল নিতান্তই অর্থনৈতিক সংগ্রামে অধিষ্ঠিত দারিদ্র্যপীড়িত এক দেশ। তবে অর্থনীতির আকারটা অনেক বড় হওয়ায় তাদের পক্ষে সম্ভব হয়েছিল বিশ্বকাপের চ্যালেঞ্জটা গ্রহণ করা। আয়োজনটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। ভাবলে অবাক লাগে, পুরো বিশ্বকাপ আয়োজন করে ফেলার পরও সাও পাওলো, রিও ডি জেনিরোর স্টেডিয়ামগুলোতে তখনো অব্যাহত ছিল নির্মাণকাজ। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের দিনটিতেও রিওর মারাকানা স্টেডিয়ামের বাইরের অংশটি ছিল এলোমেলো। সুবিশাল সেই স্টেডিয়ামের নির্মাণপ্রক্রিয়া যে তখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি!
৬৪ বছর আগের সেই ব্রাজিল তখন সংগ্রামরত কোমর সোজা করে দাঁড়ানোর লক্ষ্যে। মুদ্রাস্ফীতির চেহারা তখন ভয়াবহ। ওই সময় ব্রাজিলের মুদ্রাস্ফীতির বর্ণনা পাওয়া যায় বিভিন্ন লেখায়। বলাবলি ছিল, ব্রাজিলে নাকি সেই সময় বেতন পাওয়ার দিনগুলো ছিল নৈরাজ্যে ঠাসা। সবাই চাইত নির্দিষ্ট দিনে অর্থের মান বজায় রেখে কেনাকাটা সেরে ফেলতে। পরের দিন ব্রাজিলিয়ান রিয়ালের মান যদি পড়ে যায়! অনেকে লিখেছেন, ওই সময় ব্রাজিলে কেনাকাটা করতে যেতে হতো টাকার থলে নিয়ে। কারণ রিয়ালের মান ছিল ভয়াবহ রকমের পড়তি।
বিশ্ব পরিস্থিতিও কি খুব উন্নত ছিল সে সময়? পঞ্চাশেই তো আমাদের পাশের দেশ ভারতকে ফিফা বিশ্বকাপ খেলতে ডেকেছিল। বহুল চর্চিত ‘খালি পা’ তত্ত্ব নিয়ে আলোচনা না করেও এই তথ্যটি জানিয়ে রাখা যায় যে ওই সময় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নাকি বিশ্বকাপের গুরুত্বই অনুধাবন করতে পারেনি। ভারতের বিশ্বকাপ আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার আরও একটি কারণ নাকি দূরত্ব। ভারত থেকে কীভাবে ব্রাজিল যাওয়া যাবে, এই চিন্তায় অস্থির হয়েই নাকি ভারতীয় ফুটবল ফেডারেশন ফিফার আমন্ত্রণটি ফিরিয়ে দিয়েছিল।
পঞ্চাশের বিশ্বকাপটা ছিল সবদিক দিয়েই অন্য রকম। আজকের দিনের ফুটবলপ্রেমীদের কাছে ওই বিশ্বকাপের অনেক ঘটনাপ্রবাহই অদ্ভুতুড়ে ঠেকতে পারে। কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে ব্যাপারগুলো ছিল সহজ ও স্বাভাবিক। কেবল নিজেদের ম্যাচের ভেন্যু পছন্দ না হওয়ার কারণে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার ঘটনা আজকের দিনে অভাবনীয় হলেও ঠিক এমন কাণ্ডেরই জন্ম দিয়েছিল ফ্রান্স। বিশ্বকাপের আগেই ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়া ইতালি সেবার ব্রাজিলে খেলতে গিয়েছিল ইঞ্জিনচালিত নৌকায় চেপে। ভাবা যায়, বিশ্বকাপ আয়োজক দেশ ব্রাজিলে তখন ছিল না কোনো জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক!
পঞ্চাশের সেই বিশ্বকাপ স্মরণীয় হয়ে আছে মারাকানা ট্র্যাজেডির কারণে। এটিই একমাত্র বিশ্বকাপ, যেটিতে কোনো ফাইনাল ছিল না। কিন্তু নিয়তির এমনই খেলা, ব্রাজিল-উরুগুয়ে শেষ ম্যাচটা শিরোপানির্ধারক হয়ে ঠিকই পরিণত হলো অলিখিত ফাইনালে। আরও একটি কারণেও আলোচিত ওই বিশ্বকাপ। অনেকের মতেই, ইতিহাসের সবচেয়ে ‘অব্যবস্থাপনা’র বিশ্বকাপ নাকি ছিল ওটাই।
তার পরও প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে নিজেদের সর্বোচ্চটাই ঢেলে দিয়েছিল লাতিন এই দেশটি। ফুটবলকে ব্রাজিলীয়রা কোন পর্যায়ে ভালোবাসে, সেটা প্রমাণ করতেই যেন রিওতে তৈরি হয়েছিল প্রায় দুই লাখ দর্শক ধারণক্ষমতার সেই বিখ্যাত মারাকানা স্টেডিয়াম।
সাদা-কালোর সে যুগে বিশ্বকাপ আয়োজনকে ‘সফল’ করতে ব্রাজিল সরকার নিয়েছিল কিছু অমানবিক পদক্ষেপ। রিও ডি জেনিরো শহরকে ঘিরে রাখা পর্বতমালার আনাচকানাচে বসবাসকারী ছিন্নমূল মানুষকে সেবার দিতে হয়েছিল বিশ্বকাপ আয়োজনের মূল্য।

এই ব্রাজিলের ওপর আস্থা অনেকেরই
এই ব্রাজিলের ওপর আস্থা অনেকেরই

আজ ৬৪ বছর পর আবারও ব্রাজিলে ফিরছে বিশ্বকাপ। সময়টা কিন্তু যেকোনো হিসাবেই অনেক। এই সময়ে এই পৃথিবীর পরিবর্তন প্রায় সবদিক দিয়েই। দেশ হিসেবে ব্রাজিল এগিয়েছে অনেকটা পথ। অর্থনৈতিকভাবে সংগ্রামরত সেই ব্রাজিল সময়ের ব্যবধানে এখন বিশ্বের অন্যতম শক্তিধর অর্থনীতি। একটা মারাকানা কেন, মারাকানার মতো আরও কয়েকটা স্টেডিয়াম তারা সহজেই তৈরি করতে পারে। এই বিশ্বকাপেই তো মারাকানা ছাড়াই খেলা হবে আরও ১১টা ভেন্যুতে। প্রতিটি ভেন্যুই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ১৯৫০ থেকে এই সময়ে ব্রাজিলের সমৃদ্ধিকে।
প্রযুক্তির উৎকর্ষ আর ব্রাজিলের অর্থনৈতিক সমৃদ্ধির যুগেও বিশ্বকাপ আয়োজনের পথটা কিন্তু ঠিক মসৃণ নয় ব্রাজিলের। আজও ব্রাজিলে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে গৃহহীনদের ঘরের হাহাকার, পিছিয়ে থাকা স্বাস্থ্য আর যোগাযোগ খাতের প্রয়োজনীয় মৌলিক সংস্কারের মূল্যে! ৬৪ বছর আগের ব্রাজিল আর এই ব্রাজিলের মধ্যে তফাতটা কি তাহলে কেবল রঙিন আর সাদা-কালো যুগের?
তৃতীয় বিশ্বের ভবিতব্য বোধ হয় এটাই!
নাইর ইকবাল