সেই ব্রাজিল এবং ব্রাভোর স্বপ্ন

প্রতিশোধের নেশাই কি এতটা আত্মবিশ্বাসী করে তুলছে ক্লদিও ব্রাভোকে? চিলির গোলরক্ষক-অধিনায়ক অবশ্য ‘প্রতিশোধ’ শব্দটি মুখেও আনেননি। তবে চার বছর আগের সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা তাঁর ভুলে যাওয়ার কথা নয়। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পাঁচটি গোল খেয়েছিলেন ব্রাভো। যার তিনটিই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে।
নিয়তি এবারও দ্বিতীয় রাউন্ডে সেই ব্রাজিলের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে চিলিকে। আগামীকাল বেলো হরিজন্তেতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেইমারদের সামনে ব্রাভোর দল। এবার ব্রাজিল ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলবে। ব্রাভোর চোখে স্বাগতিক দলকে ‘নকআউট’ করে দিতে এটা চিলির জন্য এক ‘অসাধারণ সুযোগ’।
অস্ট্রেলিয়ার পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কঠিন গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে চিলি। শেষ ম্যাচে হল্যান্ডের কাছে হারলেও স্পেনের সঙ্গে ২-০ জয়টা চিলিয়ানদের মধ্যে ‘যেকোনো দলকেই হারানোর’ আত্মবিশ্বাসটা ছড়িয়েছে দিয়েছে। জাগিয়ে িদয়েছে ভেতরের প্রতিশোধস্পৃহাকে।
২০১০ বিশ্বকাপের ওই হার তো অবশ্যই, চিলিয়ানদের অনেক হিসাবই চুকাতে বাকি। বিশ্বকাপে এর আগে মাত্র তিনবার গ্রুপপর্ব পেরিয়েছে চিলি। সেই তিনবারই তাঁদের স্বপ্ন ভঙ্গ করেছে ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই চিলিকে হারিয়েছে ব্রাজিল। তবে চিলিয়ানদের সবচেয়ে বড় দুঃখটা ব্রাজিল দিয়েছে ১৯৬২ বিশ্বকাপে। সেবার নিজেদের মাটির বিশ্বকাপটা নিজেদের করে নিতে তরতর করে এগিয়েও যাচ্ছিল চিলি। কিন্তু সেমিফাইনালে তাদের শিরোপাস্বপ্ন শেষ করে দেয় ব্রাজিল। স্তাদিও ন্যাসিওনালে সাড়ে ৭৬ হাজার চিলিয়ানকে দুটি করে গোল করে স্তব্ধ করে দেন গ্যারিঞ্চা-ভাভা। ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল, আর সেই স্তাদিও ন্যাসিওনালের ফাইনালেই চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে জেতে দ্বিতীয় বিশ্বকাপ।
চিলিয়ানদের জন্য সেটা ‘মারাকানাজো’ই ছিল। ব্রাজিলকে ব্রাজিলের মাটিতে হারিয়েই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়ানো সেই দুঃস্মৃতি চাপা দিতে চান ব্রাভোরা, ‘আমাদের সামর্থ্য আছে। ব্রাজিলকে আঘাত করার মতো খেলোয়াড় এবং অস্ত্র আমাদের আছে। তাদেরও দুর্দান্ত সব খেলোয়াড় আছে। কিন্তু আমরা আমাদের খেলার দিকেই মনোযোগ দেব। আমরা জানি, ঐক্যবদ্ধভাবে আমরা কতটা শক্তিশালী।’
পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিেলর ইতিহাসও উজ্জীবিত করছে ব্রাভোদের, ‘এটা আমাদের জন্য দারুণ অনুপ্রেরণার। কারণ ব্রাজিল বিশ্বকাপের ঐতিহাসিক দল। স্বাগতিক দলকে নকআউট করতে এটা আমাদের জন্য বিশাল সুযোগ। সর্বস্ব উজাড় করে দিয়ে হলেও আমরা তা করতে চাইব।’
স্পেনের রিয়াল সোসিয়েদাদে আরেকটা দুর্দান্ত মৌসুম কাটানো ব্রাভো বিশ্বকাপেও ফর্মের তুঙ্গে। দারুণ কিছু সেভ করে স্পেনকে গ্রুপপর্ব থেকেই বিদায় করে দিতে বড় ভূমিকা রাখা ব্রাভো এরই মধ্যে একটা নগদ পুরস্কারও পেয়েছেন। বিশ্বকাপের মধ্যেই সোসিয়েদাদ থেকে চার বছরের চুক্তিতে নাম লিখিয়েছেন বার্সেলোনায়। তবে আপাতত তাঁর ভাবনায় শুধু ব্রাজিল ম্যাচ।
হল্যান্ডের কাছে হারের পর চিলি কোচ সমালোচনা করেছেন ডাচদের রক্ষণাত্মক ট্যাকটিকসের। কিন্তু ব্রাভোর প্রত্যাশা ব্রাজিল রক্ষণাত্মক খেলবে না, ‘ব্রাজিল ঘরের মাঠে খেলবে। আশা করি, তারা আক্রমণাত্মক থাকবে। তারা আক্রমণাত্মক দল। তবে আমি ঠিক জানি না, তারা আমাদের সঙ্গে কোন পদ্ধতিতে খেলবে।’ ফক্সস্পোর্টস।